• ই-পেপার

করোনার টিকা আবিষ্কারে অবদান রাখুন,পাবেন সাড়ে চার হাজার ডলার!

১১০০০ শূকর নিধন করবে সার্বিয়া

অনলাইন ডেস্ক
১১০০০ শূকর নিধন করবে সার্বিয়া
ছবি : রয়টার্স

আফ্রিকান সোয়াইন ফিভার (এএসএফ) ছড়িয়ে পড়ায় সার্বিয়ার পশ্চিমাঞ্চলের একটি খামারে ১১ হাজার শূকর নিধন শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার কৃষিমন্ত্রী দ্রাগান গ্ল্যামোচিচের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তানজুগ সংবাদ সংস্থা।

হ্রতকোভচি গ্রামের ওই খামারে কয়েক দিন ধরে এই নিধন কার্যক্রম চলবে। সরকার খামারের মালিকদের ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। গ্ল্যামোচিচ বলেন, শূকরগুলোকে যন্ত্রণাহীনভাবে মেরে নিরাপদভাবে অপসারণ করা হচ্ছে।

বর্তমানে সার্বিয়ার বিভিন্ন এলাকায় আফ্রিকান সোয়াইন ফিভারের একাধিক প্রাদুর্ভাব রয়েছে। বসনিয়া ও ক্রোয়েশিয়া সীমান্তবর্তী মাচভা অঞ্চলে গত দুই মাসে ইতোমধ্যে হাজার হাজার শূকর নিধন করা হয়েছে। আফ্রিকান সোয়াইন ফিভার মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে এটি গৃহপালিত ও বন্য শূকরের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

মোনাকো হামলার সন্দেহভাজন হত্যায় বয়ান বদল ইউক্রেনীয় কর্মকর্তার

অনলাইন ডেস্ক
মোনাকো হামলার সন্দেহভাজন হত্যায় বয়ান বদল ইউক্রেনীয় কর্মকর্তার
সংগৃহীত ছবি

মোনাকোতে এক ধনী ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হত্যাচেষ্টার মামলায় নতুন মোড় এসেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আগে স্বীকার করা ইউক্রেনের সামরিক গোয়েন্দা কর্মকর্তা ভ্লাদিস্লাভ রেউত এখন আদালতে দাবি করেছেন, তিনি কোনো গুলি চালাননি এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার কিয়েভের একটি আদালতে হেফাজত শুনানিতে ৩৪ বছর বয়সী রেউত বলেন, তিনি আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে হত্যার অভিযোগ 'সম্পূর্ণভাবে অস্বীকার' করছেন। তার দাবি, হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তার কথিত সহযোগী ভিতালি ঝিকোভিচ। তবে কয়েক দিন আগেই রেউত তদন্তকারীদের কিয়েভের পশ্চিমাঞ্চলের একটি বন এলাকায় নিয়ে গিয়ে বেরেজোভস্কার কবর দেখিয়েছিলেন। সেই সময় তিনি হত্যার দায়ও স্বীকার করেছিলেন বলে তদন্তকারীরা জানিয়েছেন। আদালতে এসে তিনি সেই বক্তব্য থেকে সরে দাঁড়িয়েছেন। 

মামলাটি ইউক্রেনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ রেউত দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআরের কর্মরত ও পদকপ্রাপ্ত কর্মকর্তা। অন্যদিকে অভিযুক্ত ভিতালি ঝিকোভিচ কিছুদিন আগ পর্যন্ত ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউতে কর্মরত ছিলেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে এ ঘটনা সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে। তবে মোনাকোতে যে বিস্ফোরণে ধনী ব্যবসায়ী ভাদিম ইয়ারমোলায়েভকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সেই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ইয়ারমোলায়েভ কনিয়াক ও আবাসন ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। কয়েক বছর আগে তিনি ইউক্রেনের নাগরিকত্ব ছেড়ে দেন। পরে রাশিয়া ক্রিমিয়া দখলের পরও সেখানে ব্যবসা চালিয়ে যাওয়ায় কিয়েভ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে জানান, মোনাকোর বিস্ফোরণের দুই দিন পর আনাস্তাসিয়া বেরেজোভস্কা পোল্যান্ড হয়ে বাসে করে ইউক্রেনে প্রবেশ করেন। তখনও তিনি এই মামলার প্রধান সন্দেহভাজন ছিলেন না। পরে তার বিরুদ্ধে সন্দেহ তৈরি হলে তদন্তকারীরা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে দ্রুত রেউত ও ৫০ বছর বয়সী ঝিকোভিচের কাছে পৌঁছে যান। তদন্তে দেখা যায়, ওই দুই ব্যক্তি বেরেজোভস্কার হিসাবে নগদ অর্থ ও ক্রিপ্টোকারেন্সি পাঠিয়েছিলেন। এরপর রেউত প্রথমে হত্যার কথা স্বীকার করেন এবং তদন্তকারীদের বনাঞ্চলে নিয়ে গিয়ে ডালপালা দিয়ে ঢেকে রাখা একটি কবর থেকে বেরেজোভস্কার মরদেহের অবস্থান দেখিয়ে দেন।

কয়েক দিনের মধ্যেই আদালতে এসে রেউত বলেন, তিনি এবার 'সত্য' বলতে চান। তার দাবি, তিনি কখনোই বেরেজোভস্কাকে গুলি করেননি। রেউত বলেন, 'আমি দেশের জন্য যুদ্ধ করেছি। শত্রুর বিরুদ্ধে লড়েছি। আমি ইচ্ছা করে কোনো নিরীহ নারীকে হত্যা করতে পারি না।' তার ভাষ্য অনুযায়ী, তিনি ও ঝিকোভিচ একটি বিএমডব্লিউ গাড়িতে করে কিয়েভের মহাসড়কে বেরেজোভস্কাকে আনতে যান। কারণ একটি অপরাধসংক্রান্ত ঘটনার পর তাকে লুকিয়ে রাখার প্রয়োজন ছিল। তবে সেই অপরাধ কী ছিল, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। রেউতের দাবি, পথে ঝিকোভিচ তার ব্যাগ থেকে পরিবর্তিত একটি মাকারভ পিস্তল বের করে তাতে গুলি ভরেন। তিনি আপত্তি জানালে ঝিকোভিচ বলেন, বেরেজোভস্কা আতঙ্কিত হলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অস্ত্রটি রাখা হয়েছে। পরে তিনজন ইউরিভ গ্রামের কাছে একটি বনপথে যান। সেখানে গাড়ি থেকে নেমে ঝিকোভিচ তাকে গুলি করার নির্দেশ দেন। রেউতের দাবি, ঝিকোভিচ তখন বলেন, 'হয় সে থাকবে, নয় আমরা।' তার বক্তব্য অনুযায়ী, তিনি গুলি চালাতে অস্বীকৃতি জানালে ঝিকোভিচ নিজেই বেরেজোভস্কাকে চারটি গুলি করে হত্যা করেন। এরপর তারা দুজনে মিলে একটি কবর খুঁড়ে মরদেহটি সেখানে লুকিয়ে রাখেন। পরে হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং বেরেজোভস্কার ব্যক্তিগত জিনিসপত্র একটি হ্রদে ফেলে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

আদালতে রেউতকে প্রশ্ন করা হয়, তিনি যদি গুলি না চালিয়ে থাকেন, তাহলে আগে হত্যার দায় স্বীকার করেছিলেন কেন? জবাবে তিনি বলেন, ঝিকোভিচ তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছিলেন। রেউতের ভাষায়, 'সে আমাকে বলেছিল, আমার কিছু হলে তোমার আত্মীয়দের ক্ষতি হবে।' ঝিকোভিচের আইনজীবী আনাতোলি ইভানভ আদালতে রেউতের নতুন বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তার মক্কেল এসবিইউর সাবেক নিম্নপদস্থ কর্মকর্তা। একজন সাধারণ নাগরিকের পক্ষে কর্মরত একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া সম্ভব নয়। তিনি আরো বলেন, ঝিকোভিচ একজন দেশপ্রেমিক। ২০১৪ সালে তিনি পূর্ব ইউক্রেনে যুদ্ধ করেছেন। পরে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের সময়ও কিয়েভ রক্ষায় অংশ নিয়েছিলেন। আইনজীবীর দাবি, রেউত শুধু কারাগার এড়ানোর জন্য নিজের বক্তব্য বদলেছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, তার মক্কেল কোনো হত্যাকাণ্ডে জড়িত নন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, রেউত ও ঝিকোভিচ পরিকল্পিতভাবে একসঙ্গে কাজ করেছেন। তাই দুজনের বিরুদ্ধেই পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের মতে, এ মামলায় এখনো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেলেনি। আদালতে ঝিকোভিচের আইনজীবী দাবি করেন, এর পেছনে রাশিয়ার সম্পৃক্ততা থাকতে পারে। তার বক্তব্য, অতীতে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তাদের রাশিয়ার হয়ে কাজ করার ঘটনাও ঘটেছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। অন্যদিকে তদন্তে দুর্নীতি, সংঘবদ্ধ অপরাধচক্রসহ বিভিন্ন সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসিকিউটর দিমিত্রো তকাচুক বলেন, 'সব সম্ভাবনাই তদন্ত করা হচ্ছে।'তিনি জানান, সন্দেহভাজনদের একজন সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা হচ্ছে না। বিচারক দুই সন্দেহভাজনের জামিন আবেদন নাকচ করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের হেফাজতেই রাখা হবে।

স্পেনে দাবানলে ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
স্পেনে দাবানলে ১২ জনের মৃত্যু
ছবি : রয়টার্স

স্পেনের দক্ষিণ-পূর্ব আলমেরিয়া প্রদেশের লস গালার্দোসে দাবানলে অন্তত ১২ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। দেশটির আন্দালুসিয়ার আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আরো ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর লস গালারদোসের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো এই মৃত্যুগুলোকে মর্মান্তিক ঘটনা বলে অভিহিত করেছেন। প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর খবর ঘোষণার পর তিনি টুইটারে লেখেন, ‘আমাদের হৃদয় ভারাক্রান্ত এবং আমরা শোকে বিধ্বস্ত।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিঁড়ে পড়া একটি বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত নিকটবর্তী একটি জঙ্গলে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করেনি। আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়ির ভেতর থেকে কয়েকজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রার এক দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে দক্ষিণ ইউরোপজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, পর্তুগাল ও স্পেনে শত শত দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। 

জরুরি পরিষেবা সূত্রে জানা গেছে, এই অগ্নিকাণ্ডের কারণে রাস্তাঘাটও বন্ধ করে দেওয়া হয় এবং এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও এএফপি জানিয়েছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মে মাসে বলেছেন, স্পেন এ বছর গ্রীষ্মকালীন দাবানল মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করবে। স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) জানিয়েছে, তারা লস গ্যালারডোসের অগ্নিনির্বাপণ কার্যক্রমে যোগ দেবে। 

জুন মাসে স্পেনে ১৯৫০ সালের পর সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা দেখা যায় এবং এমন কিছু দিন ছিল যেদিন সে মাসের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের কিছু অংশে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস (১০৭.৬ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে দাবানলের ঝুঁকি দ্রুত বাড়ছে। ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তথ্য ব্যবস্থা (ইএফএফআইএস) জানিয়েছে, গত বছর স্পেনে রেকর্ড ৩ লাখ ৯৩ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ২০০৬ থেকে ২০২৪ সালের গড়ের তুলনায় এটি ছয় গুণেরও বেশি।

কোপারনিকাস জলবায়ু পরিষেবার তথ্য অনুযায়ী, ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ। এখানে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ গতিতে তাপমাত্রা বাড়ছে। এর ফলে গ্রীষ্মে তাপপ্রবাহ বৃদ্ধি, পানির সংকট এবং দাবানলের তীব্রতা বেড়ে যাচ্ছে।

এদিকে, ২০০৬ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর গত বছরটি ছিল ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের মৌসুম। এ সময় ইইউজুড়ে ১০ লাখ হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যায়, যা ওয়েলসের প্রায় অর্ধেক ভূখণ্ডের সমান।

অন্যদিকে, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন গ্রুপের এক গবেষণায় বলা হয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে দাবানলের মৌসুম দীর্ঘ ও তীব্র হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তন সরাসরি দায়ী।

‘আমেরিকার চাকরি বিদেশি প্রতারকদের জন্য নয়’

কালের কণ্ঠ ডেস্ক
‘আমেরিকার চাকরি বিদেশি প্রতারকদের জন্য নয়’

বিভিন্ন দেশ থেকে দক্ষ পেশাজীবীদের নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা কর্মসূচি, তা নিয়ে জালিয়াতির অভিযোগে তদন্তে নেমেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলে দিয়েছেন, ‘আমেরিকান চাকরিগুলো আমেরিকান কর্মীদেরই পাওয়া উচিত, বিদেশি প্রতারকদের নয়।’

যুক্তরাষ্ট্রের বিভিন্ন কম্পানি এইচ-১বি ও পার্ম ভিসা ক্যাটাগরির আওতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ পেশাজীবীদের নিয়োগ দেয়। তবে এ ভিসা কর্মসূচির অপব্যবহার, জালিয়াতি, অদক্ষ পেশাজীবীদের নিয়োগ, বিদেশি পেশাজীবীদের বেতন কেটে রাখাসহ নানা অভিযোগে তদন্তে নেমেছে মার্কিন শ্রমবিভাগ।
 
শ্রম বিভাগের ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি ডি’এসপোসিটো জানিয়েছেন, বিদেশি কর্মী ভিসা কর্মসূচির অপব্যবহার এবং সন্দেহভাজন মানবপাচারের বিষয়ে একটি বড় আকারের অনুসন্ধানের অংশ হিসেবে তার কার্যালয় সমন জারি করা শুরু করেছে। 

তিনি বলেন, ‘আমরা জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছি, যা আমাদের বিশ্বাস—কোনো ইন্সপেক্টর জেনারেল বা এই প্রশাসনের পক্ষ থেকে বিদেশি শ্রম জালিয়াতির বিরুদ্ধে সম্ভবত সবচেয়ে আগ্রাসী পদক্ষেপ।’ 

ডি’এসপোসিটো জানান, হুইসেলব্লোয়ারদের দেওয়া গোপন তথ্য তদন্তকারীদের ‘কগনিজ্যান্ট’-এর মতো কিছু বড় বড় কম্পানির দিকে ইঙ্গিত করেছে। 

তিনি জানান, তার দল প্রতিটি সূত্রের শেষ পর্যন্ত খুঁজে বের করবে। ডি’এসপোসিটো বলেন, ‘তদন্ত চলাকালে তদন্তকারীরা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের জালিয়াতি বিরোধী টাস্ক ফোর্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।’

এদিকে শ্রম বিভাগের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, শ্রম বিভাগের অধীনে থাকা অফিস অব দ্য ইন্সপেক্টর জেনারেল এমন ব্যাপক কারসাজি উন্মোচন করেছে, যেখানে নিয়োগকর্তা এবং শ্রম দালালরা ভুয়া আবেদন জমা দিয়েছিল এবং মজুরি থেকে অবৈধভাবে টাকা কেটে রাখার মাধ্যমে বিদেশি কর্মীদের শোষণ করেছিল। 

বিবৃতিতে বলা হয়েছে, এই অপব্যবহারগুলো শ্রম বিভাগের কর্মসূচির সততা ও উদ্দেশ্যকে নষ্ট করে। অথচ এই কর্মসূচিগুলো তৈরি করা হয়েছে প্রকৃত শ্রম ঘাটতি পূরণ করার জন্য, আমেরিকানদের চাকরির বিনিময়ে অসাধুচক্রের পকেট ভারি করার জন্য নয়।

এদিকে এ তদন্ত শুরুর পর গত বুধবার মিলওয়াকিতে এক সভায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘শ্রম বিভাগ ইতিমধ্যেই সমন জারি করা শুরু করেছে এবং ভিসা ব্যবস্থার অপব্যবহারকারী বিদেশি প্রতারকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।’ 

তিনি বলেন, ‘আমাদের এইচ-ওয়ানবি ভিসা প্রোগ্রাম নামের একটি কর্মসূচি রয়েছে। এই প্রোগ্রামটি মূলত একজন মেধাবী প্রযুক্তিবিদ বা একজন মেধাবী বিজ্ঞানী, বা একজন মেধাবী চিকিৎসকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার একটি পথ ছিল। 

ভ্যান্সের যুক্তি অনুযায়ী, সেই উদ্দেশ্যকে এখন বড্ড বেশি টেনেহিঁচড়ে নষ্ট করা হয়েছে। 

তিনি বলেন, ‘কিন্তু আপনারা জানেন, এখন সবচেয়ে বেশি যা ঘটছে; তা হলো, বড় করপোরেশন এবং বিদেশের প্রতারকরা আমেরিকান কর্মীদের মজুরি কমাতে এই প্রোগ্রামটি ব্যবহার করছে।’

জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে ভ্যান্স বলেন, ‘আমরা বলছি, আর নয়। আমরা এটিও নিশ্চিত করছি যেন প্রতারকরা এই ভিসা প্রোগ্রামগুলোর সুযোগ নিতে না পারে।’ 

ভ্যান্স বলেন, ‘আপনি যদি এই ভিসা প্রোগ্রামের অন্যায় সুযোগ নেওয়ার চেষ্টা করেন, তবে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।’ 

জেডি ভ্যান্স আরো যোগ করেন, ‘এখানে একটি সহজ নীতি রয়েছে : আমেরিকান চাকরিগুলো আমেরিকান কর্মীদেরই পাওয়া উচিত, বিদেশি প্রতারকদের নয়। আর শ্রম বিভাগ এর বিরুদ্ধে কঠোর লড়াই করছে।’

করোনার টিকা আবিষ্কারে অবদান রাখুন,পাবেন সাড়ে চার হাজার ডলার! | কালের কণ্ঠ