থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। স্থানীয় সময় রবিবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা রুয়ামকাটানিউ ফাউন্ডেশনের কর্মকর্তা আনওয়ুত ফো-আমপাই জানান, অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৭ জনের বেশি হতে পারে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্যাংককের চাতুচাক জেলার রং বিয়ার না লাত ফ্রাও নামে একটি বারে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহত ২৭ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এ ছাড়া ৬০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বারটির ভেতর থেকে ভয়াবহ আগুনের শিখা বেরিয়ে আসছে। এসময় প্রাণে বাঁচতে মানুষ দৌড়ে বেরিয়ে আসছেন, কেউ চিৎকার করছেন, আবার কেউ দৌড়াতে গিয়ে পড়ে যাচ্ছেন। এসময় অন্তত দুজনকে আগুনে জ্বলতে দেখা গেছে।
প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডের পর্যটনকেন্দ্রিক রাজধানী ব্যাংককে এটি অন্যতম ভয়াবহ বারে অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।




