কানাডার অন্টারিওতে লাগা ভয়াবহ দাবানল থেকে নির্গত ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে (বিশেষ করে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে) ছড়িয়ে পড়েছে। বাতাসকে বিপজ্জনক করে তুলেছে। এই ঘন কুয়াশাচ্ছন্ন ও অস্বাস্থ্যকর আবহাওয়ার মাঝেই অনুশীলন সারে স্পেন। গত বৃহস্পতিবার নিউ জার্সির ইস্ট হ্যানোভারে আউটডোরে প্রথম অনুশীলন সম্পন্ন করেছে দলটি।
নগর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা জারি করে জানিয়েছে, উত্তর-পূর্ব এবং গ্রেট লেকস অঞ্চলের বিপজ্জনক বায়ু পরিস্থিতির কারণে সবাইকে বাসায় থাকাতে বলা হচ্ছে। যাদের ভ্রমণ বা কাজের জন্য বাইরে যেতেই হবে। তাদের এন৯৫ বা কেএন৯৫ মাস্ক পরার জন্য অনুরোধ করা হয়েছে।
স্প্যানিশ দল নিউ জার্সির ইস্ট হ্যানোভারে তাদের নির্ধারিত এক ঘণ্টার সেশনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের সামনে উন্মুক্ত রেখে অনুশীলন করে।
যদিও দিনের শুরুতে স্পেনের অনুশীলন অনুষ্ঠিত হওয়ায় দিনের পরবর্তী সময়ের ক্রমবর্ধমান খারাপ বায়ু পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছিল, তবুও খোলা জায়গায় অনুশীলন করার সিদ্ধান্তটি ছিল কৌতূহলোদ্দীপক।
চিকিৎসকরা জানিয়েছেন, পেশাদার অ্যাথলেটদের জন্য এই ধরণের বিষাক্ত বাতাসে তীব্র শারীরিক পরিশ্রম করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তাদের ইনডোর বা শীতাতপ নিয়ন্ত্রিত নিরাপদ স্থানে অনুশীলন করা উচিত ছিল।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, উইকএন্ডের বৃষ্টির কারণে আগামী রবিবারের ফাইনাল ম্যাচের আগেই আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার কথা রয়েছে।




