• ই-পেপার

মেসিকে নিয়ে কেন আনন্দিত ইয়ামাল

তিন বিশ্বকাপে ক্রোয়েশিয়া ডাকআউটে দাঁড়ানো কোচ দালিচের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক
তিন বিশ্বকাপে ক্রোয়েশিয়া ডাকআউটে দাঁড়ানো কোচ দালিচের পদত্যাগ
ছবি : রয়টার্স

ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের সবচেয়ে সফল  প্রধান কোচ জ্লাটকো দালিচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দীর্ঘ নয় বছর ক্রোয়েটদের দায়িত্বে ছিলেন তিনি। গতকাল বুধবার (৮ জুলাই) প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণ দিয়েছেন ক্রোয়েশিয়ার এই কোচ। এর মাধ্যমে ২০১৮ বিশ্বকাপ ফাইনালিস্টদের সঙ্গে দালিচের সম্পর্কের অবসান হলো। 

চ্যানেলনিউজএশিয়ার প্রতিবেদন অনুযায়ী, দালিচের অধীনে ক্রোয়েশিয়া রাশিয়া বিশ্বকাপে রানার্স-আপ এবং কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল। কিন্তু এবার দলটি কোনো পদক ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

এক বিবৃতিতে ক্রোয়েশিয়ার পদ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে ৫৯ বছর বয়সী দালিচ বলেছেন, ‘ক্রোয়েশিয়ার হয়ে নতুন সাফল্য অর্জনের উচ্চাকাঙ্ক্ষা ও তীব্র ইচ্ছা আজও আমার মধ্যে রয়েছে। 

কিন্তু আমি মনে করি, এই অবিশ্বাস্য অধ্যায়ের ইতি টানার এটাই সঠিক সময়। আমি পরিপূর্ণ তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছি। ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জনগুলোর পেছনে নিজের অবদান রাখতে পেরেছি, এ নিয়ে আমি গর্বিত বলে যোগ করেন তিনি।

২০১৭ সালের অক্টোবরে ক্রোয়েশিয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন দালিচ। 

ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএসএন) প্রধান মারিয়ান কাসটিচ বলেছেন, ‘ক্রোয়েশিয়ান ফুটবলের ইতিহাসে ডালিচের নাম সবসময়ই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

এবারের বিশ্বকাপে শেষ ষোলোতে যেতে পারেনি ক্রোয়েশিয়া। রাউন্ড অব ৩২-এ পর্তুগালের কাছে ২-১ ব্যবধানে হেরে তাদের বিদায় ত্বরান্বিত হয়। 

সিরিজ বাঁচাতে ২৪৮ রান করতে হবে বাংলাদেশকে

ক্রীড়া ডেস্ক
সিরিজ বাঁচাতে ২৪৮ রান করতে হবে বাংলাদেশকে
ইনিংসের প্রথম ওভারে উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে উদযাপন তাসকিনের (ক্যাপ ছাড়া)। ছবি : ক্রিকইনফো

সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। এমন বাঁচা-মরার ম্যাচে ২৪৮ রানের লক্ষ্য পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। 

হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ২৪৭ রান করেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন বেন কারান। 

ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন কারান। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১১১ রানের। অপরাজিত ইনিংসটিতে কোনো ছক্কা না হাঁকালেও ৯ চার মারেন বাঁহাতি ওপেনার।

ইনিংসের প্রথম ওভারে ওপেনিং সঙ্গী ব্রায়ান বেনেট আউট হলেও জিম্বাবুয়ের বড় সংগ্রহের ভিত গড়ে দেন কারান। ওভারের ৫ বলে বেনেটকে শূন্য রানে বোল্ড করে তাসকিন আহমেদ। সেই রেশ শেষ না হতেই নিজের ফিরতি ওভারের শেষ বলে ইনোসেন্ট কাইকেও ফেরান বাংলাদেশি পেসার।

তাসকিনের জোড়া উইকেটের উদযাপনে পরে যোগ দেন নাহিদ রানা ও মিরাজ। দুজনে একটি করে উইকেট নিয়ে জিম্বাবুয়ের স্কোরবোর্ড করেন ৪ উইকেটে ৬৬ রান। সেখান থেকে স্বাগতিকদের ম্যাচে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন সিকান্দার রাজা ও কারান। দুজনে মিলে পঞ্চম উইকেটে ৬৮ রানের জুটি গড়েন।

ব্যক্তিগত ৩৩ রানে রাজাকে ফেরান অধিনায়ক মিরাজ। দ্রুতই নতুন ব্যাটার ক্লাইভ মাদান্দেকে (৪) আউট করে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন লেগস্পিনার রিশাদ হোসেন। তবে সতীর্থ ব্র্যাড ইভান্সকে সঙ্গী করে কারান ঠিকই চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।

তাতে জিম্বাবুয়ের সবচেয় বড় জুটিও গড়েন ইভান্স-কারান। সপ্তম উইকেটে ৯৯ রানের অপরাজিত জুটি গড়েন তারা। দুজনের দারুণ ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৮৩ রান যোগ করে জিম্বাবুয়ে।

শুরু থেকে কারান অ্যাঙ্করের ভূমিকা পালন করলেও বিধ্বংসী ইনিংস খেলেছেন ইভান্স। আটে নেমে ১৫২.৬৩ গড়ে ৫৮ রানের ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ২ চারের বিপরীতে ৫ ছক্কায়। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন-মিরাজ।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ের দারুণ সুযোগ পেয়েও ২৫ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ১৪১ রান করলে ১১৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

বিশ্বকাপে গোল্ডেন বুটের জমজমাট লড়াইয়ে ৪ ফুটবলার

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে গোল্ডেন বুটের জমজমাট লড়াইয়ে ৪ ফুটবলার
ছবি : স্কাইস্পোর্টস

৪৮ দলের বর্ধিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে গোল্ডেন বুটের লড়াইয়ে জমে উঠেছে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আরলিং হালান্ড এবং হ্যারি কেইন সর্বোচ্চ গোলদাতার তালিকায় যথাক্রমে শীর্ষস্থানে রয়েছেন গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে। তৈরি হয়েছে এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা। 

টুর্নামেন্টের শেষে সর্বোচ্চ গোলদাতাকে এই বহু আকাঙ্ক্ষিত পুরস্কারটি প্রদান করা হয়। যদি দুই বা ততোধিক খেলোয়াড়ের গোল সংখ্যা সমান হয়, তখন গোলে কে বেশি অ্যাসিস্ট করেছে বিবেচনায় নিয়ে পুরস্কারটি দেওয়া হয়। খবর চ্যানেল নিউজ এশিয়া

এরপরও যদি নিষ্পত্তি না হয় তখন মোট খেলার সময় বিবেচনা করা হবে এবং যিনি কম মিনিট খেলেছেন, তাঁকে প্রথম হিসেবে গণ্য করা হয়।

৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে প্রতিটি ম্যাচেই গোল করেছেন। রাউন্ড অব ১৬-এ মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচেও তিনি গুরুত্বপূর্ণ গোল পান। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। তিনি ৫ ম্যাচে ৮ গোল করেছেন, এর মাঝে একটি অ্যাসিস্টও রয়েছে।

গত বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী কিলিয়ান এমবাপ্পে ৭ গোল এবং ২টি অ্যাসিস্ট নিয়ে মেসির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন। যদি গোলসংখ্যা সমান হয়, তবে ফিফার নিয়ম অনুযায়ী বেশি অ্যাসিস্ট করার কারণে এমবাপ্পেই এই মুহূর্তে টাইব্রেকারে এগিয়ে থাকবেন।

নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসেই আরলিং হালান্ড নরওয়েকে কোয়ার্টার ফাইনালে টেনে তুলেছেন। রাউন্ড অব ১৬-এ শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে তিনি একাই জোড়া গোল করেন। এতে ৫ ম্যাচে তার গোল সংখ্যা ৭। এমবাপ্পের গোল সংখ্যা সমান হওয়ায় অ্যাসিস্ট বিবেচনায় পিছিয়ে রয়েছেন এই ম্যানসিটির তারকা। 

২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী হ্যারি কেইন মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নিজের গোলসংখ্যা ৬-এ নিয়ে গেছেন। এতে তার একটি  অ্যাসিস্টও রয়েছে। তিনি এই তালিকায় চতুর্থ নম্বরে আছেন। ইংল্যান্ডের এই অধিনায়ক যেকোনো মুহূর্তে বাকিদের ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখেন।

দল বর্ধিত এই বিশ্বকাপে ফাইনালিস্ট হলে ৮ ম্যাচ খেলার সুযোগ পাবে। যা এই গোলমেশিনদের জন্য এক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড (জাস্ট ফন্টেইনের ১৩ গোল) ভাঙার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে। ফক্স স্পোর্টসের বেটিং অডস অনুযায়ী, তালিকায় এই মুহূর্তে মেসি (+১২০) এবং এমবাপে (+১৪০) সবচেয়ে ফেভারিট হিসেবে রয়েছেন। 

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো
ছবি : রয়টার্স

বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে রাতে মাঠে নামছে আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো। হাইভোল্টেজ ম্যাচে মরক্কো একাদশে পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ তারকা খেলোয়াড় ইসমায়েল সাইবারিকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে ম্যাচ থেকে ছিটকে গেছেন ২৫ বছর রয়সী এই ফুটবলার। দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইএসপিএন

রাউন্ড অব ১৬-এর ম্যাচে কানাডার বিপক্ষে তিনি এই চোট পান। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দলের অন্যতম সেরা গোলদাতা হিসেবে ভূমিকা রেখেছিলেন। 

এবারের বিশ্বকাপে বড় নামগুলোর বাইরে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন সাইবারি। আর এতেই পিএসভি এইনডোভেন থেকে ৫০ মিলিয়ন ইউরোতে বায়ার্ন তাকে দলে ভিড়িয়েছে। 

এ প্রসঙ্গে ওয়াহবি বলেন, ‘সাইবারি ছাড়া দলে অন্যরা শতভাগ ফিট আছে। এই ম্যাচে সে খেলতে পারছে না। আশা করি এটাই টুর্নামেন্টে তার শেষ ম্যাচ হবে না।’

গ্রুপের তিন ম্যাচেই তিনি গোল করেছেন। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অব ৩২’র ম্যাচে পেনাল্টি শুট আউটে তিনি জয়সূচক শটটি নিয়েছিলেন। 

এ্যাটলাস লায়ন্সদের সামনে এখন সুযোগ ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার। প্রথম আফ্রিকান-আরব দেশ হিসেবে চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল মরক্কো। এবারও সেই কৃতিত্ব স্পর্শ করার হাতছানি রয়েছে।