হংকংয়ে বিশেষ এক অভিযানে ফিফা বিশ্বকাপের প্রায় ২ কোটি টাকা (১৫৬ মিলিয়ন হংকং ডলার) মূল্যের নকল পণ্য জব্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে হংকং কাস্টমস। বৃহস্পতিবার (১১ জুন) এতথ্য জানিয়েছে হংকং কর্তৃপক্ষ।
জব্দকৃত এই নকল পণ্যের প্রায় ৮০ শতাংশই আমেরিকা অঞ্চলের দেশগুলোতে পাচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। যেখানে আজ থেকেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ।
হংকং কাস্টমস ‘ক্লিন শিট’ নামক বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার নকল পণ্য উদ্ধার করেছে। জব্ধকৃত মালামালের মধ্যে রয়েছে জনপ্রিয় দলগুলোর প্রায় ৩০ হাজার নকল জার্সি।
হংকংয়ের ইন্টেলিজেন্ট প্রোপার্টি ইনভেস্টিগেশন ব্যুরোর সিনিয়র ইন্সপেক্টর ওয়েইন চুং জানিয়েছেন, জার্সিগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আসল জার্সির থ্রি-ডি টেক্সচার, ব্র্যান্ড ট্যাগ এবং কিউআর কোড পর্যন্ত হুবহু নকল করা হয়েছে। যা সাধারণ ক্রেতাদের পক্ষে চেনা অসম্ভব।
বিশ্বকাপের জার্সির পাশাপাশি এই অভিযানে বিপুল পরিমাণ জাল জুতো, ঘড়ি, স্পিকার এবং বিলাসবহুল ব্র্যান্ডের হ্যান্ডব্যাগও উদ্ধার করা হয়।
এই জাল পণ্যগুলোর একটি বড় অংশ চীন থেকে হংকং সীমান্ত পার করার সময় স্থানীয় লজিস্টিক সেন্টারগুলো থেকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন ট্রাক চালক রয়েছেন এবং বাকি ৫ জন অনলাইনে এই জাল জার্সি বিক্রির সঙ্গে যুক্ত। বর্তমানে তাদের জামিনে মুক্তি দেওয়া হলেও তদন্ত অব্যাহত রয়েছে।




