• ই-পেপার

আস্থা অর্জনের ব্যর্থতা নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রাবির ছাত্র উপদেষ্টা

গবেষণা সহযোগিতা জোরদারে ঢাবি ও এসিইউর বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গবেষণা সহযোগিতা জোরদারে ঢাবি ও এসিইউর বৈঠক

গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিস (এসিইউ)-এর মধ্যে বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে এসিইউ মহাসচিব অধ্যাপক কলিন রিওর্ডান এবং দক্ষিণ এশিয়ায় মেম্বারশিপ এনগেজমেন্ট লিড মিস ইকিতা পোখারনা বক্তব্য দেন।

বৈঠকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বৈশ্বিক নেটওয়ার্ক ও অংশীদারি শক্তিশালী করা, ঢাবির তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য বৃত্তি ও ফেলোশিপ বৃদ্ধি এবং যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণসহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া শিক্ষার্থী ও শিক্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণের সম্ভাব্যতা নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর উচিত উদ্ভাবন ও উদ্যোক্তা ইকোসিস্টেম শক্তিশালী করতে একসঙ্গে কাজ করা, যা শিক্ষার্থী ও গবেষকদের ধারণাগুলোকে বাস্তব সমাধানে রূপান্তর করতে সক্ষম করবে।

এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষাদান, শিখন ও গবেষণায় উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল একীকরণের ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরো গভীর করতে হবে। আমাদের অবশ্যই এমন অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থার প্রসার অব্যাহত রাখতে হবে, যেখানে কোনো শিক্ষার্থী পিছিয়ে থাকবে না।

তিনি আশা প্রকাশ করেন, এসিইউ মহাসচিবের এ সফর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা জোরদারে কার্যকর ভূমিকা রাখবে।

বৈঠকে ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এসিইউ মহাসচিব উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন।

সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লিন ঝাংয়ের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাতে একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে একমত হয়েছে উভয় পক্ষ।

চীনা প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিংনঙ ওয়েং এবং মিস জিয়ানওয়েই সান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেইহাং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে উভয় পক্ষ একমত হয়।

উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে এবং প্রতি বছর বাংলাদেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনে যাচ্ছেন। শিক্ষা ও গবেষণার মাধ্যমে দুই দেশের এই দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে চীনা প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

গবেষণার উন্নয়নে ঢাবি ও মার্জিয়া করিম ফাউন্ডেশনের সমঝোতা স্বাক্ষর

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গবেষণার উন্নয়নে ঢাবি ও মার্জিয়া করিম ফাউন্ডেশনের সমঝোতা স্বাক্ষর
ছবি: কালের কণ্ঠ

গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মার্জিয়া করিম ফাউন্ডেশনের মধ্যে আজ বৃহস্পতিবার (১১ জুন) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মার্জিয়া করিম ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক সাইয়েদ আবদুল্লাহ আল-মুতি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক ড. সুমেরা আহসান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও গবেষণা প্রকল্পে কারিগরি সহযোগিতা প্রদান করবে মার্জিয়া করিম ফাউন্ডেশন। ট্রাস্ট ফান্ড গঠন কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত সহযোগিতাও দেবে। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে।

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি : কালের কণ্ঠ

ঢাকায় নিযুক্ত রাশিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক মিস আলেকজান্দ্রা এ খেলভনয় বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় দূতাবাসের সাংস্কৃতিক কার্যক্রম বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণ এবং সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতিবিষয়ক চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক দল বিনিময়ের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে তিন মাসব্যাপী একটি বিনামূল্যের রুশ ভাষা কোর্স চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি ইনস্টিটিউটে চলমান রুশ ভাষা কোর্সের সম্প্রসারণের ওপরও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।