ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে চলমান খাল পুনঃখনন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম। তিনি খননকাজের অগ্রগতি ও গুণগত মানের প্রশংসা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের তালমা স্লুইসগেট থেকে সন্তোষী পর্যন্ত প্রায় পৌনে ৪ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এই নির্দেশ দেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খননকাজের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম ও গুণগত মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
আরো পড়ুন
বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, কর্মহীন ৩০০ শ্রমিক
জেলা প্রশাসক বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের উদ্যোগে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রামীণ অবকাঠামো ও কৃষি ব্যবস্থার উন্নয়ন হচ্ছে।
সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। প্রায় ২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় তালমা স্লুইসগেট থেকে সন্তোষী পর্যন্ত প্রায় পৌনে ৪ কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে নাব্যতা হারিয়ে ফেলায় পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিচ্ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে কৃষিকাজ ব্যাহত হতো। খাল পুনঃখনন সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার সার্বিক জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক প্রকল্পের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, খাল পুনঃখনন কাজটি আমি নিয়মিত তদারকি করেছি। এখানে শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্ন করা হয়েছে। আশা, খালটির সুফল এলাকাবাসী ভোগ করতে পারবে।
এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবীর উদ্দিন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন। পরে তিনি মানিকদী আনেছিয়া দরবার শরীফ পরিদর্শন ও মাজার জিয়ারত করেন।