• ই-পেপার

ইয়ামাল-জাদুতে রিয়াল মাদ্রিদকে চার পয়েন্ট পেছনে ফেলল বার্সেলোনা

বিশ্বকাপে আর্জেন্টিনার ছয়, ব্রাজিলের শূন্য

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে আর্জেন্টিনার ছয়, ব্রাজিলের শূন্য

বিশ্বকাপ মানেই ফুটবলারদের মহারণ। তবে মাঠের লড়াইয়ের আড়ালে ডাগআউটের যুদ্ধও কম গুরুত্বপূর্ণ নয়। আধুনিক ফুটবলে একজন কোচের কৌশল, পরিকল্পনা ও নেতৃত্ব অনেক সময় পুরো দলের ভাগ্য বদলে দেয়। আর সেই কারণেই নিজেদের দেশের বাইরের কোচদের ওপর ক্রমশ আস্থা বাড়ছে বিশ্বকাপ খেলতে যাওয়া দেশগুলোর।

আসন্ন বিশ্বকাপে ভিনদেশি মস্তিষ্কের ওপর নির্ভর করছে ২৬টি দল।

এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ছয়জন কোচ আর্জেন্টাইন। শুধু নিজেদের জাতীয় দল নয়, দক্ষিণ ও উত্তর আমেরিকার আরো কয়েকটি দেশও আর্জেন্টাইন কোচদের কৌশলের ওপর নির্ভর করছে। অন্যদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল দেশ ব্রাজিল থেকে এবার একজন কোচও বিশ্বকাপে নেই। বরং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাই এবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে।

পরিসংখ্যান বলছে, আর্জেন্টাইন কোচদের জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। নিজ দেশের কোচ লিওনেল স্কালোনি ছাড়াও অন্য দেশের দায়িত্বে আছেন আরো পাঁচ আর্জেন্টাইন।

তাদের মধ্যে রয়েছেন মরিসিও পচেত্তিনো (যুক্তরাষ্ট্র), মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে), গুস্তাভো আলফারো (প্যারাগুয়ে), সেবাস্তিয়ান বেকাসেসে (ইকুয়েডর) এবং নেস্তর লরেঞ্জো (কলম্বিয়া)।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটি থেকে বিশ্বকাপে অংশ নিচ্ছেন পাঁচজন কোচ। তাদের মধ্যে আছেন দিদিয়ের দেশম, রুডি গার্সিয়া (বেলজিয়াম), সাব্রি লামুশি (তিউনিসিয়া), সেবাস্তিয়ান দেসাব্রে (ডিআর কঙ্গো) ও সেবাস্তিয়ান মিনিও (হাইতি)।

তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ রয়েছে স্পেনের। এদের মধ্যে আছেন লুইস দে লা ফুয়েন্তে, রবার্তো মার্তিনেজ (পর্তুগাল), হুলেন লোপেতেগি (কাতার) এবং থমাস ক্রিস্টিয়ানসেন (পানামা)।

অন্যদিকে তিনজন করে কোচ আছে ইতালি ও জার্মানির। ইতালি বিশ্বকাপে খেলতে না পারলেও তাদের কোচদের কদর কমেনি। কার্লো আনচেলত্তি এবার ব্রাজিলের দায়িত্বে, ফ্যাবিও ক্যানাভারো আছেন উজবেকিস্তানের ডাগআউটে এবং ভিনসেনজো মন্তেলা দায়িত্ব পালন করছেন তুরস্কের।

এদিকে ২২টি দেশ নিজেদের দেশের কোচের ওপরই আস্থা রেখেছে। সেই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, জাপান, নেদারল্যান্ডস, মেক্সিকোসহ আরো অনেক দেশ।

দুর্দান্ত সেঞ্চুরিতে কোহলি-শেবাগের পাশে নাম লেখালেন শ্রেয়াস আইয়ার

ক্রীড়া ডেস্ক
দুর্দান্ত সেঞ্চুরিতে কোহলি-শেবাগের পাশে নাম লেখালেন শ্রেয়াস আইয়ার
৫১ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। ছবি : বিসিসিআই

দুর্দান্ত এক ইনিংস খেলে শ্রেয়াস আইয়ার এবার জায়গা করে নিয়েছেন বিরল এক তালিকায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ আসরে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে তিনি নাম লিখিয়েছেন বিরাট কোহলিদের পাশে।

লখনউয়ের একানা স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে নেমে ৫১ বলে অপরাজিত ১০১ রান করেন আইয়ার। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছক্কা।

১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং করে পাঞ্জাব। আর সেই জয়ের মূল নায়ক ছিলেন অধিনায়ক আইয়ার। তিনি প্রভসিমরন সিংয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েন। প্রভসিমরন করেন ৩৯ বলে ৬৯ রান।

এই সেঞ্চুরির মাধ্যমে আইয়ার এখন আইপিএলে রান তাড়া করতে গিয়ে শতরান করা অধিনায়কদের বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন। সেখানে আগে ছিলেন বীরেন্দ্র শেবাগ, বিরাট কোহলি ও সঞ্জু স্যামসন।

ম্যাচের শেষ মুহূর্তে শতরান পূর্ণ করেন আইয়ার। জয়ের জন্য যখন দরকার ছিল মাত্র তিন রান, তখন স্লোয়ার বলকে বিশাল ছক্কায় উড়িয়ে সেঞ্চুরি ও জয় দুটোই নিশ্চিত করেন তিনি।

এই ইনিংস খেলতে গিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন আইয়ার।

অধিনায়কের এমন ইনিংসে ভর করে প্লে-অফের লড়াইয়েও টিকে রইল পাঞ্জাব কিংস। জয়ের ফলে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৫।

ইবোলা আতঙ্কেও বিশ্বকাপ প্রস্তুতিতে পরিবর্তন আনছে না ডিআর কঙ্গো

ক্রীড়া ডেস্ক
ইবোলা আতঙ্কেও বিশ্বকাপ প্রস্তুতিতে পরিবর্তন আনছে না ডিআর কঙ্গো
সংগৃহীত ছবি

ইবোলা ভাইরাসের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কতা সত্ত্বেও বিশ্বকাপ প্রস্তুতি পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আনছে না ডিআর কঙ্গো ফুটবল দল। 

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কঙ্গো দলকে বিশ্বকাপের আগে ২১ দিন কঠোর আইসোলেশনে মধ্যে থাকতে হবে। অন্যথায় দেশটিতে প্রবেশে বাধার মুখে পড়তে পারে তারা।

হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বেলজিয়ামে অবস্থানরত কঙ্গো দলকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ‘বাবল’ (সুরক্ষা বলয়) বজায় রেখে অনুশীলন চালিয়ে যেতে হবে।

তবে দলের এক মুখপাত্র জানিয়েছেন, আপাতত সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। বেলজিয়ামে ডেনমার্কের বিপক্ষে এবং স্পেনে চিলির বিপক্ষে নির্ধারিত প্রস্তুতি ম্যাচ দুটি আগের পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

শুধু কঙ্গোর রাজধানী কিনশাসা সফর বাতিল করা হয়েছে। বিশ্বকাপের আগে সেটি ছিল বিদায়ী আয়োজনের অংশ।

দলীয় কর্মকর্তারা বলছেন, বর্তমান স্কোয়াডের কোনো খেলোয়াড় সরাসরি কঙ্গো থেকে আসেননি। বেশিরভাগ ফুটবলারই ইউরোপভিত্তিক। কোচ সেবাস্তিয়ান দেশাব্রেও ইউরোপে অবস্থান করছেন।

এদিকে বিশ্ব স্বাস্থ সংস্থা জানিয়েছে, কঙ্গোতে ছড়িয়ে পড়া বিরল বুন্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাস জাতীয় পর্যায়ে বড় আকার ধারণের ঝুঁকি এখন ‘অত্যন্ত উচ্চ’। ইতোমধ্যে শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে খেলবে কঙ্গো। ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর খেলবে কলম্বিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে।
 

ইনজুরি দুশ্চিন্তায় বিশ্বকাপ পরিকল্পনা বদলাচ্ছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
ইনজুরি দুশ্চিন্তায় বিশ্বকাপ পরিকল্পনা বদলাচ্ছে আর্জেন্টিনা
সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগে রক্ষণভাগ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। একের পর এক ডিফেন্ডারের চোটে এবার স্কোয়াড পরিকল্পনাতেই পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছেন, স্কালোনি বিশ্বকাপ স্কোয়াডে আটজনের বদলে নয়জন ডিফেন্ডার রাখার কথা ভাবছেন। কারণ, দলের রক্ষণভাগে চোট সমস্যা ক্রমেই বাড়ছে।

বর্তমানে ইনজুরির কারণে অনিশ্চয়তায় রয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। এ ছাড়া ফিটনেস সমস্যায় ভুগছেন গঞ্জালো মন্টিয়েলও।

এই পরিস্থিতিতে বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তাই অতিরিক্ত একজন ডিফেন্ডার নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

শিরোপাধারী আর্জেন্টিনা এবারও বিশ্বকাপের অন্যতম ফেবারিট। তবে টুর্নামেন্ট শুরুর আগেই রক্ষণভাগের চোট সমস্যা কোচিং স্টাফের জন্য বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে।

ইয়ামাল-জাদুতে রিয়াল মাদ্রিদকে চার পয়েন্ট পেছনে ফেলল বার্সেলোনা | কালের কণ্ঠ