রাজধানীর পল্লবীতে ২০টি ককটেল ও পেট্রলভর্তি একাধিক বোতলসহ মো. সামি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ৪০ থেকে ৪৫ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে পল্লবী থানাধীন ১২ নং সেকশনের ব্লক-সি লাইন-১ এলাকায় সরকারবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের হয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে সামিকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া যুবকসহ অজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, সামির কাঁধে থাকা একটি কালো রঙের স্কুলব্যাগ তল্লাশি করে ২০টি ককটেল এবং বিভিন্ন আকারের প্লাস্টিকের বোতলে রাখা পেট্রল জব্দ করা হয়। জব্দ করা আলামতের মধ্যে একটি ৫০০ মিলিলিটার এবং কয়েকটি ২৫০ ও ২০০ মিলিলিটারের পেট্রলভর্তি বোতল রয়েছে।
পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলছে।







