ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে মনোমুগ্ধকর ব্যাটিং শৈলি প্রদর্শন করে যাচ্ছে ভারতীয় তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। সূর্যবংশীর অসাধারণ পাওয়ার-হিটিং ক্ষমতা ও পরিপক্কতার প্রশংসা করেছেন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার অনিল কুম্বলে। আইপিএলের এক মৌসুমে সর্বাধিক ছক্কা মারা ক্রিস গেইলের রেকর্ড ভাঙার সম্ভাবনায় আছে এই তরুণ ক্রিকেটারের। এমন ভবিষদ্বাণী করেছেন অনিল কুম্বলে।
এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, গেল মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের রান তাড়া করার সময় ১৫ বছর বয়সী এই কিশোরের নির্ভীক মনোভাব এবং অসাধারণ বাউন্ডারি হাকানোর ক্ষমতায় মুগ্ধ হয়েছেন অনিল কুম্বলে।
ম্যাচে সূর্যবংশী ৩৮ বলে ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে রয়্যালসকে ১৯.১ ওভারে ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে সাহায্য করেন।
কুম্বলে বলেছেন, এত অল্প বয়সে তার সচেতনতা ও স্থিরতা তাকে আধুনিক ক্রিকেটে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। খুব কম ব্যাটসম্যানই এত সহজে কভারের উপর দিয়ে ছক্কা মারতে পারে।
এমন প্রতিভাকে বর্ণনা করার মতো শব্দ এখনও মানুষের কাছে আছে। আমার নিজের শব্দভাণ্ডারই ফুরিয়ে আসছে। এই ছেলেটি খুবই বিশেষ। যা আরো বেশি চোখে পড়ে তা হলো তার মানসিকতা। যখনই সে কথা বলে, তাকে তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত মনে হয় বলে যোগ করেন তিনি।
সূর্যবংশী প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এক আইপিএল আসরে ৫০টি ছক্কা হাঁকান। চলতি মৌসুমে ছক্কার সংখ্যা এখন ৫৩। এক আইপিএল মৌসুমে সর্বাধিক ছক্কার তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল (২০১২ সালে ৫৯টি), তারপরে রয়েছেন সূর্যবংশী (২০২৬ সালে ৫৩*), আন্দ্রে রাসেল (২০১৯ সালে ৫২টি), ক্রিস গেইল (২০১৩ সালে ৫১টি), জস বাটলার (২০২২ সালে ৪৫টি), ক্রিস গেইল (২০১১ সালে ৪৪টি) এবং অভিষেক শর্মা (২০২৪ সালে ৪২টি)।
এক মৌসুমে সর্বাধিক ছক্কার রেকর্ডটি ক্রিস গেইলের দখলে, আর সূর্যবংশী ৫৩। এতে রাজস্থানের আরো একটি লিগ ম্যাচ এবং তারপর প্লে-অফ। এতে আরো কয়েকটি ম্যাচের সুযোগ পাবেন রাজস্থানের এই খেলোয়াড়। কুম্বলে ভবিষদ্বাণী অনুযায়ী, সূর্যবংশী গেইলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়বেন।
কুম্বলের ভবিষদ্বাণী নিয়ে ইতিমধ্যে সর্বমহলে আলোচিত হচ্ছে। দেখা যাক চলতি আইপিএলে এই বিস্ময় বালক গেইলের রেকর্ড ভেঙে দিতে পারে কি না।




