দীর্ঘ ১৬ বছর পর ফাইনালের টিকিট পেয়েছে স্পেন। নিজেদের ইতিহাসের একমাত্র সোনালি ট্রফিটি জিতেছে ২০১০ বিশ্বকাপে। ইতিহাস গড়া বিশ্বকাপে স্পেনের হয়ে সেবার সব ম্যাচই খেলেছেন হোয়ান ক্যাপদেভিলা। উত্তরসূরিরা ফাইনালে ওঠায় ভীষণ খুশি স্পেনের প্রথম বিশ্বকাপজয়ী দলের লেফ্ট ব্যাক।
সন্তানদের নিয়ে তাই ফাইনাল ম্যাচটি দেখতে চান ক্যাপদেভিলা। কিন্তু তার সাধে বাধ সাধছে যুক্তরাষ্ট্রের ভিসা। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখতে মেটলাইফ স্টেডিয়ামে থাকতে চেয়েও পাচ্ছেন না তিনি। ২০১০ বিশ্বকাপজয়ী ডিফেন্ডারকে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি না পাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন ক্যাপদেভিলা। সামাজিক মাধ্যমে ৪৮ বছর বয়সী ডিফেন্ডার লিখেছেন, ‘আমাকে সাহায্য করুন, ডোনাল্ড ট্রাম্প! আমি ২০১০ বিশ্বকাপজয়ী ফুটবলার। যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছি না!’
যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশনে (ইএসটিএ) আবেদন করে প্রত্যাখ্যান হয়েছেন ক্যাপদেভিলা। তিনি লিখেছেন, ‘তারা আমাকে জানিয়েছে, আমার ইএসটিএ আবেদন বাতিল হওয়ায় সন্তানদের নিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে পারব না আমি।’
ফাইনাল দেখতে এবং স্পেনকে সমর্থন জানাতে কতটা মুখিয়ে আছেন তা ভাষায় বোঝাতে পারছেন না জানিয়ে ক্যাপদেভিলা লিখেছেন, ‘কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? ২০১০ সালের সতীর্থদের সঙ্গে এবং বর্তমান স্পেন দলকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত থাকতে কতটা মুখিয়ে আছি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। বিশ্বাসই করতে পারছি না, আমাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফুটবলপাগল সন্তানদের নিয়ে এমন মুহূর্তও আমাকে মিস করতে হবে। কেউ যদি এই সমস্যার সমাধান জানেন, তাহলে আমি সারাজীবন তার কাছে কৃতজ্ঞ থাকব।’
ভিসা কেন পাচ্ছেন না সেটাও জানিয়েছেন ক্যাপদেভিলা। ১০ বছর আগে ইরানে ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিলেন তিনি। সেটাই আজ ফাইনাল দেখার পথে বাধা হয়েছে। তিনি লিখেছেন, ‘কারন হচ্ছে? ১০ বছর আগে একটি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিলাম। এ কারণেই এখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছি না’
বিষয়টি সমাধানের জন্য ট্রাম্পকেই শুধু ট্যাগ করেননি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও স্পেন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়কেও করেছেন।




