রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফজলুল হক নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসার বিভিন্ন পণ্যসামগ্রী দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রংপুর সিটি করপোরেশনের নগরীর মাহিগঞ্জ তালতলা এলাকায় তার দোকানে গিয়ে এ সহায়তা দেন সংগঠনটির সদস্যরা।
জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে জীবনসংগ্রামে নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়ে আসছেন ফজলুল হক। তার এই কষ্ট লাঘব ও তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
সহায়তা হিসেবে তাকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দোকানের সামগ্রী ও মালামাল কিনে দেওয়া হয়, যেন তিনি সম্মানের সঙ্গে নিজে উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারেন। সহায়তা পেয়ে মো. ফজলুল হক বসুন্ধরা শুভসংঘের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মো. আজহারুল ইসলাম দুলাল, রংপুর জেলার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহসভাপতি আবু সামছ আরমানুল হক, সমাজকল্যাণ সম্পাদক রবি দাস, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক নাসির হোসেন, সংস্কৃতিকর্মী দেবব্রত কুমার শর্মা, শাহীনুর রহমান, সাংবাদিক মকুল হোসেন দুলাল, সাতমাথা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম ও বসুন্ধরা শুভসংঘের রংপুরের সমন্বয়ক আদর রহমান প্রমুখ।
সংগঠনটির প্রতিনিধিরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






