• ই-পেপার

রাজধানীতে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

সাভারে আগুনে দগ্ধ দম্পতি বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
সাভারে আগুনে দগ্ধ দম্পতি বার্ন ইনস্টিটিউটে ভর্তি
সংগৃহীত ছবি

ঢাকার সাভারে একটি বাসায় আগুন লেগে পোশাক শ্রমিক স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—ভিশন গার্মেন্টসের কর্মী মো. কায়সার (২৮) এবং ইন্টারনেট গার্মেন্টসের কর্মী তার স্ত্রী রুবী আক্তার (২৪)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে সাভার থানাধীন মজিদপুর দিঘীরপাড় মসজিদ বাড়ি এলাকায় স্থানীয় নূর মোহাম্মদের মালিকানাধীন একটি দুইতলা ভবনের নিচতলার ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ দুজনের অবস্থাই আশঙ্কাজনক। কায়সারের শরীরের শতভাগ এবং রুবী আক্তারের ৮৮ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাড়ির মালিক নূর মোহাম্মদ জানান, রাতে ঘুমানোর আগে তারা ঘরে মশার কয়েল জ্বালিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই কয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, ধোঁয়া দেখে দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধোঁয়ায় ঘর আচ্ছন্ন হয়ে যাওয়ায় তারা বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, ওই বাসায় গ্যাসের চুলা ছিল না। রান্নার কাজ অন্য একটি স্থানে করা হতো। আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দগ্ধ কায়সার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রিয়াজউদ্দিন মাতুব্বরপাড়া গ্রামের মো. সিমান শেখের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে ওই সেমিপাকা দুইতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন।

বাড্ডায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক
বাড্ডায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ২
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় পূর্ব শত্রুতার জেরে এক অটোরিকশাচালককে হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত মো. উলিউর রহমান অলি (২৪) পেশায় অটোরিকশাচালক ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর গ্রামের মৃত আসাদ মিয়া ও নাজমা বেগমের ছেলে। বর্তমানে তিনি পূর্ব বাড্ডার জোড়াখাম্বা এলাকায় কামরুল নামে এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে পূর্ব বাড্ডার একটি পরিত্যক্ত জমিতে পলিথিনে মোড়ানো ও মাটিচাপা দেওয়া অবস্থায় অলির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই মাহমুদুল হাসান বলেন, নিহতের মাথার পেছনে, বাম কানের নিচে এবং মাথার উপরের অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া একটি ফুলহাতা শার্ট দিয়ে তার মুখমণ্ডল শক্ত করে বাঁধা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

নিহতের খালাতো ভাই রুবেল জানান, গত ২১ জুলাই থেকে অলি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এ সময় তার অটোরিকশাটি উদ্ধার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন পূর্ব বাড্ডার বালুর মাঠ এলাকায় ময়লার স্তূপের পাশে অলির ব্যবহৃত একটি স্যান্ডেল এবং রক্তমাখা একটি পাঞ্জাবি পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে অনুসন্ধান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

রুবেলের দাবি, অলির বন্ধু জাহিদ, যিনি কাপড়ের ব্যবসা করেন, কয়েক মাস আগে অলির মা নাজমা বেগমের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল।

পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভাটারায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ভাটারায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজের আগুনে শিশুসহ দগ্ধ তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শুক্রবার সকালে বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত মঙ্গলবার ভোরের দিকে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাড়ির নিচতলায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়। 

নিহতরা হলেন আনোয়ার হোসেন শাহিন (২৫), ভাগনী হাফসা (০৮)। 

সার্জন শাওন বিন রহমান জানান মৃত শিশুটির শরীরের ৪০ শতাংশ ও অপরজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। শিশু হাফসা বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার সকালে শিশুটির খালু আনোয়ার হোসেন শাহিন মারা গেছেন। এ ছাড়া দগ্ধ মৃত আনোয়ারের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
 

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর : এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।
বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও : বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫টাকা। এ ছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

শিশু একাডেমি জাদুঘর : শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।