• ই-পেপার

সিডনিতে জালালাবাদের সম্মাননার মঞ্চে অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী

মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। দেশটির ১৮টি ভিন্ন স্থানে একযোগে পরিচালিত এই অভিযানে মূলত অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিদেশিদের মাধ্যমে পরিচালিত ব্যবসাগুলোকে লক্ষ্য করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে জানান, এই যৌথ অভিযানে ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, পুলিশ ও স্থানীয় সরকারের প্রায় ৮৭৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিযান চলাকালীন নিয়োগকর্তা ও বিদেশি নাগরিকসহ মোট ২ হাজার ২৬০ জনের কাগজপত্র পরীক্ষা করে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এই ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়।

আটকদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি হলেও এতে মিয়ানমারের ১০১ জন, ইন্দোনেশিয়ার ৬৬ জন, নেপালের ৩৮ জন, ভারতের ৩৬ জন এবং অন্যান্য দেশের ১০ জন নাগরিক রয়েছেন। ২১ থেকে ৫২ বছর বয়সি এই দলটিতে ৯৫ জন নারীও রয়েছেন, যাদের সবাইকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এছাড়া, সংশ্লিষ্ট তদন্তে সাক্ষী হিসেবে সহায়তার জন্য আরো ১২০ জন ব্যক্তিকে বিশেষ নোটিশ (বোরং ২৯) দেওয়া হয়েছে বলে অভিবাসন বিভাগ নিশ্চিত করেছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে মূলত বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা (ওভারস্টে) এবং ভিসার শর্ত অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, অনেকের কাছে নির্মাণ খাতের ভিসা থাকলেও তারা কাপড়ের দোকানে কাজ করছিলেন। পাশাপাশি কয়েকজন ইউএনএইচসিআর কার্ডধারীর কার্ডের সত্যতা যাচাইয়ের জন্যও তাদের আটক করা হয়েছে।

মহাপরিচালক আরো জানান, পুরো মালয়েশিয়াজুড়ে দুই শতাধিক ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে, যার অর্ধেকই দেশটির ক্লাং ভ্যালি এলাকায়।

মিসরে ৭০০ পবিত্র কোরআন বিতরণ করলেন বাংলাদেশি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
মিসরে ৭০০ পবিত্র কোরআন বিতরণ করলেন বাংলাদেশি শিক্ষার্থীরা
ছবি : কালের কণ্ঠ

মিসরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংগঠন ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে দেশটির তানতা শহরের একটি হিফজ মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ৭০০ কপি পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়েছে। ‘BMA L/C 75’-এর অর্থায়নে শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্থানীয় একটি মাদরাসায় এ কোরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, এটি তাদের চলমান ‘সাদকাহ জারিয়াহ’ প্রজেক্টের একটি অংশ। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ১ হাজার ২০০-এর বেশি পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। এ ছাড়া ফিলিস্তিনের গাজায় এই প্রকল্পের আওতায় একটি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কোরআনের শিক্ষা বিস্তার এবং দ্বীনি শিক্ষার্থীদের প্রয়োজন পূরণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। দেশ-বিদেশের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামীতে আরো বৃহত্তর পরিসরে সাদকাহ জারিয়াহভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগকে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম কোরআনের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক কর্মকাণ্ডের একটি অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্বপ্ন পূরণের আগেই সড়কে নিভে গেল সৌদিপ্রবাসীর প্রাণ

অনলাইন ডেস্ক
স্বপ্ন পূরণের আগেই সড়কে নিভে গেল সৌদিপ্রবাসীর প্রাণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জিহাদ মজুমদার (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে সৌদি আরবের জেদ্দা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 

এ খবর দেশে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত জিহাদ মজুমদার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসহাক মজুমদারের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান জিহাদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় শুক্রবার জেদ্দা শহরের একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে আসছিলেন জিহাদ। তার উপার্জনের ওপরই অনেকটা নির্ভরশীল ছিল পরিবার। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এলাকায়ও নেমে এসেছে গভীর শোক।

অস্ট্রেলিয়ায় ড. অরূপ রতন চৌধুরীকে গুণীজন সম্মাননা

শিপন আহমদ, সিডনি (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ায় ড. অরূপ রতন চৌধুরীকে গুণীজন সম্মাননা

একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক ও রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীকে গুণীজন সম্মাননা দেবে অস্ট্রেলিয়ার জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক্।

আগামী রবিবার (১২ জুলাই) দুপুর ১টায় সিডনির লেকেম্বার ৫১ রেলওয়ে প্যারেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনকের সভাপতি মো. জাহেদুল হক চৌধুরী বলেন, ড. অরূপ রতন চৌধুরী চিকিৎসা, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং তাকে সম্মান জানানোই এ আয়োজনের উদ্দেশ্য।

জানা যায়, ১৯৫২ সালের ২৩ জানুয়ারি সিলেটের বিশ্বনাথ উপজেলায় জন্ম নেওয়া অরূপ রতন চৌধুরী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক ও কণ্ঠশিল্পী হিসেবেও ভূমিকা রাখেন।

ঢাকা ডেন্টাল কলেজ থেকে দন্ত চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি লন্ডন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট স্টোনি ব্রুক এবং ইংল্যান্ডের রয়েল কলেজ অব সার্জনস থেকে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ লাভ করেন।

বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতালের ডেন্টিস্ট্রি বিভাগের প্রধান ও সাম্মানিক সিনিয়র কনসালটেন্ট এবং ইব্রাহিম কার্ডিয়াক মেডিক্যাল কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দন্ত চিকিৎসা, ডায়াবেটিস, তামাক ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে তার গবেষণা ও প্রকাশনা রয়েছে। ১৯৮৯ সালে তিনি মাদক ও ধূমপান নিরোধ সংস্থা ‘মানস’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

চিকিৎসা ও জনস্বাস্থ্যে অবদানের জন্য তিনি ১৯৯৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক পদক এবং ২০১৫ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।