• ই-পেপার

আমার হলো সারা, তোমার হলো শুরু

স্যাম নিলের বিদায়, প্রিয় অভিনেতাকে স্মরণ করছে ‘জুরাসিক পার্ক’ পরিবার

স্যাম নিলের বিদায়, প্রিয় অভিনেতাকে স্মরণ করছে ‘জুরাসিক পার্ক’ পরিবার

অনলাইন ডেস্ক
স্যাম নিলের বিদায়, প্রিয় অভিনেতাকে স্মরণ করছে ‘জুরাসিক পার্ক’ পরিবার
‘জুরাসিক পার্ক’ সিনেমার কয়েকটি দৃশ্য

কালজয়ী অভিনেতা স্যাম নিলের আকস্মিক প্রয়াণে বিশ্বজুড়ে এখনো কাটেনি শোকের রেশ। সিডনিতে ৭৮ বছর বয়সে তার মারা যাওয়ার পর হলিউড থেকে শুরু করে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিনোদন জগৎ এবং রাষ্ট্রপ্রধানরা এই মহান অভিনেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘জুরাসিক পার্ক’-এ স্যাম নিলের সহ-অভিনেতা, অভিনেত্রীরা তাদের প্রিয় ‘ডক্টর অ্যালান গ্রান্ট’-কে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন।

পর্দায় তার সহ-অভিনেত্রী লরা ডার্ন বলেন, ‘তিনি ছিলেন একজন সত্যিকারের ও মহৎ ভদ্রলোক, আমার স্বপ্নের নায়কের প্রতিচ্ছবি। আমি আপনাকে চিরকাল ভালোবাসব, ডক্টর অ্যালান গ্রান্ট।’ সহ-অভিনেতা জেফ গোল্ডব্লাম স্যাম নিলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমার পরবর্তী মহান অভিযান শুরু হলো। ভালোবাসা, সর্বদা এবং চিরকাল।’ সিনেমার পরিচালক স্টিভেন স্পিলবার্গ বলেন, ‘স্যাম ছিলেন অসম্ভব রকমের সহযোগী একজন মানুষ। আমাদের জুরাসিক পরিবার এবং তার কোটি কোটি ভক্ত তাকে কখনো ভুলবে না।’

স্যাম নিল ক্যান্সারের মতো মরণব্যাধির সঙ্গে লড়াই করেও জীবনের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রেখেছিলেন। ২০২৩ সালে রক্তে ক্যান্সার (নন-হজকিন্স লিম্ফোমা) ধরা পড়ার পর তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। তার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর সময় তিনি সম্পূর্ণ ক্যান্সারমুক্ত ছিলেন। নিজের আত্মজীবনীতে তিনি লিখেছিলেন, ‘আমি মরতে ভয় পাই না। আমি যা করতে চাই না তা হলো- জীবনযাপন বন্ধ করা, কারণ আমি বাঁচতে সত্যিই ভালোবাসি।’

উত্তর আয়ারল্যান্ডে জন্ম নেওয়া স্যাম নিল শৈশবেই নিউজিল্যান্ডে চলে যান। পাঁচ দশকের অভিনয়জীবনে তিনি ১৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। ‘জুরাসিক পার্ক’ ছাড়াও ‘দ্য পিয়ানো’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ ও জনপ্রিয় বিবিসি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এ তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটে থাকবে। অভিনয়ের মাধ্যমে বিশ্বদরবারে নিউজিল্যান্ডের নাম উজ্জ্বল করায় ২০২২ সালে তিনি নাইটহুড (স্যার) উপাধিতে ভূষিত হন।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন লিখেছেন, ‘আমরা আমাদের অন্যতম শ্রেষ্ঠ এক রত্নকে হারালাম।’ বিদায়কালে স্যাম নিল তার চার সন্তান ও আট নাতি-নাতনি রেখে গেছেন।

‘ডিগার’ সিনেমার ট্রেলারে অচেনা লুকে টম ক্রুজ

অনলাইন ডেস্ক
‘ডিগার’ সিনেমার ট্রেলারে অচেনা লুকে টম ক্রুজ

অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর বহু প্রতীক্ষিত নতুন সিনেমা ‘ডিগার’-এর প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে। এই সিনেমার মাধ্যমে হলিউড তারকা টম ক্রুজকে পর্দায় একেবারে নতুন ও অচেনা এক লুকে দেখা গেছে। ট্রেলারে ধূসর রঙের আঁচড়ানো চুল, ভুঁড়ি ও আমেরিকার দক্ষিণাঞ্চলের টানে কথা বলতে দেখা গেছে এই অভিনেতাকে। আগামী অক্টোবর মাসের শুরুতে বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমায় টম ক্রুজ অভিনয় করেছেন ‘ডিগার রকওয়েল’ নামের এক তেল ব্যবসায়ীর চরিত্রে। নিজের তেল কম্পানির কারণে পৃথিবীতে একটি বড় পরিবেশগত বিপর্যয় নেমে আসে। এই মহাবিপর্যয় থেকে বিশ্বকে বাঁচাতে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ’ দাবি করে এক মরিয়া অভিযানে নামেন তিনি। লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে টম ক্রুজ বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। দর্শকরা পর্দায় একেবারে নতুন কিছু দেখতে পাবেন।’ সিনেমায় টম ক্রুজের সঙ্গে আরো অভিনয় করেছেন জন গুডম্যান, রিজ আহমেদ ও জেসি প্লেমন্সের মতো একঝাঁক জনপ্রিয় তারকা।

২০১৫ সালে অস্কারজয়ী ছবি ‘দ্য রেভেন্যান্ট’ বানানোর পরই পরিচালক ইনারিতুর মাথায় এই সিনেমার মূল ভাবনা আসে। তবে গল্পটি বলার সঠিক উপায় খুঁজে বের করতে এবং সিনেমাটি পর্দায় আনতে তার প্রায় ১০ বছর সময় লেগেছে। সিনেমাটির আরেকটি বিশেষত্ব হলো—এটি ১৯৫০-এর দশকের জনপ্রিয় অ্যানালগ হাই-ডেফিনিশন প্রযুক্তি ‘ভিস্তাভিশন’-এ ধারণ করা হয়েছে, যা দর্শকদের বড় পর্দায় ভিন্নধর্মী এক সিনেমাটিক অভিজ্ঞতা দেবে।

বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক
বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান
অভিনেতা তৌসিফ মাহবুব। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছেন শোবিজ অঙ্গনের তারকারা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা তৈরির পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

জানা গেছে, চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছেন এই অভিনেতা। তার এক ভক্তের উদ্যোগে পরিচালিত ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করে সেই অনুদান দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি।

তৌসিফ মাহবুবের ভক্ত মোহাম্মদ ইমন কালের কণ্ঠকে জানান, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে তারা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানতে পেরে তৌসিফ মাহবুব নিজ থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ত্রাণ কার্যক্রমের জন্য অনুদান প্রদান করেন।

ইমন বলেন, ‘আমরা কয়েকজন মিলে মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালির দিকে যাব, সেখানে বন্যার্তদের মাঝে আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করব। তৌসিফ মাহবুব ভাইয়া বিষয়টি জানার পর একটা ভালো অঙ্কের টাকা অনুদান দেন এবং ত্রাণসামগ্রী বিতরণের সামগ্রিক ব্যবস্থা করে দেন।’

তিনি আরো বলেন, প্রায় এক হাজার মানুষের জন্য শুকনা খাবার, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং বিশেষ করে নারীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ত্রাণ বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইমন বলেন, তৌসিফ মাহবুব শুধু এবারই নয়, অতীতেও বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে নীরবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমনকি ব্যক্তিগতভাবেও অনেককে সহযোগিতা করেছেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে তার নিজের পড়াশোনার পুরো খরচও এই অভিনেতা বহন করেছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে তৌসিফ মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।

তবে মানবিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে এই অভিনেতা বলেন, ‘শুধু আমি একা নই, এমন দুর্যোগে যাদের সামর্থ্য আছে তাদের সবারই বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি পাশে থাকার। আমার এই ক্ষুদ্র অনুদান দেওয়া দেখে যদি বাকিরাও অনুপ্রাণিত হয়ে তাদের পাশে এসে দাঁড়ান, সেটাও অনেক কাজে দেবে।’

করোনায় আক্রান্ত কুমার শানুর ছেলে

অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত কুমার শানুর ছেলে

জনপ্রিয় গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১২ জুলাই) হাসপাতালের বিছানা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজেই ভক্তদের এই খবর জানান। 

গম্ভীরভাবে নিজের অসুস্থতার কথা না বলে বরং মজার ছলে তিনি বলেন, ‘চীন থেকে আমার এক বন্ধু এসেছে।’ এরপর তিনি জানান, পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় কোনো ঝুঁকি না নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

শুধু কুমার শানুর ছেলে হিসেবেই নয়, জান কুমার শানুর নিজেরও গায়ক হিসেবে বেশ পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে ‘বিগ বস ১৪’ রিয়ালিটি শোতে অংশ নেওয়ার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় এবং নিয়মিত নিজের গান ও ব্যক্তিগত জীবনের নানা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

জান কুমার শানুর এই পোস্ট সামনে আসার পর থেকেই তার ভক্তদের মধ্যে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য অনুরাগী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকেই লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন’, আবার কেউ লিখেছেন, ‘নিজের যত্ন নিন’। ভক্তদের এমন নানা ইতিবাচক ও ভালোবাসাময় শুভেচ্ছাবার্তায় ভরে গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল।

সূত্র : এই সময়