সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার নওগাঁ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। অভিযানের সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ হাটে অবৈধ কারেন্ট জাল কেনাবেচা হচ্ছে—এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অভিযানে ব্যবসায়ীদের কাছে থাকা বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, জব্দ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, ‘কারেন্ট জাল জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মাছের পোনা নিধন করে মৎস্য সম্পদ ধ্বংস করছে। নিয়মিত তদারকির মাধ্যমে অবৈধ জালের ব্যবহার বন্ধে আমরা কাজ করছি। আজকের অভিযানে জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।’
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় সরকার কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। জাটকা ও মা মাছ রক্ষায় এবং মৎস্য সম্পদের বংশবিস্তার নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কারেন্ট জাল ব্যবহার বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’




