• ই-পেপার

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারত সম্পর্ক : অনাস্থার মেঘ কেটে নতুন অধ্যায়ের আভাস

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ-ভারত সম্পর্ক : অনাস্থার মেঘ কেটে নতুন অধ্যায়ের আভাস
সংগৃহীত ছবি

বাংলা বদ্বীপের বিস্তীর্ণ ধানক্ষেতে যে কৃষকরা কাজ করেন, ধৈর্য তাদের পরম শিক্ষা। বীজ বোনার দিনেই তারা বুঝে যান আগামী দিনের ফসলের ভবিষ্যৎ। ক্ষেতজুড়ে আগাছা রেখে সোনারঙা ধানের প্রত্যাশা যেমন অমূলক, দুটি প্রতিবেশী দেশের সম্পর্কের সমীকরণও ঠিক তেমনই।

বাংলাদেশ ও ভারতের বর্তমান কূটনৈতিক অবস্থান আবার তেমনই এক সংবেদনশীল সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। গত কয়েক বছরের টানাপোড়েন ও অনাস্থার বরফ গলিয়ে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্কের পথরেখা তৈরির সুযোগ এখন তৈরি হয়েছে ঢাকা ও নয়াদিল্লির সামনে।

বাংলাদেশের রাজনৈতিক রদবদল ও নির্বাচনের পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে নতুন সরকারকে অভিনন্দন জানানো, ফোনালাপ এবং আসন্ন সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর বিষয়টিকে নিছক ‘কূটনৈতিক প্রথা’ হিসেবে দেখার সুযোগ নেই। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি পুরনো অচলাবস্থা কাটিয়ে নতুন করে আলোচনার টেবিল সাজানোর একটি সুস্পষ্ট বার্তা।

দীর্ঘদিন ধরে দুই দেশ যেন সরাসরি আলাপের চেয়ে ‘একে অপরকে নিয়ে’ মন্তব্য করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে। ঢাকার রাজনৈতিক রূপান্তর, নয়াদিল্লির নিরাপত্তাকেন্দ্রিক উদ্বেগ এবং নানা ধরনের জল্পনা-কল্পনার সুযোগে কূটনীতির বাস্তবতার চেয়ে রাজনৈতিক প্রোপাগান্ডা ও গুজবের গতিই ছিল বেশি।

দুই দেশেরই রাজনৈতিক অঙ্গনে এমন কিছু পক্ষ রয়েছে, যারা পুরনো ক্ষত তাজা রেখে রাজনৈতিক ফায়দা লুটতে পছন্দ করে। প্রতিটি দ্বিপক্ষীয় বৈঠককে এখানে ‘আত্মসমর্পণ’ বা প্রতিটি মতপার্থক্যকে ‘গোপন এজেন্ডা’ হিসেবে দেখার এক ধরনের প্রবণতা তৈরি হয়েছিল। তবে পত্রিকার মুখরোচক শিরোনামের খোরাক জোগালেও এই দৃষ্টিভঙ্গি যে প্রতিবেশীর সঙ্গে সুস্থ সম্পর্কের ভিত্তি হতে পারে না—তা আজ স্পষ্ট।

বাংলাদেশ তার সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন। লাখো শহীদের রক্তে অর্জিত এই দেশ নিজের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে না—এটাই স্বাভাবিক। অন্যদিকে বিশ্বের অন্যতম দীর্ঘতম স্থলসীমান্ত ভাগ করে নেওয়া ভারতের ভৌগোলিক ও নিরাপত্তাজনিত কিছু উদ্বেগ থাকা অস্বাভাবিক নয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মূল সংকটের শুরু তখনই হয়, যখন কোনো এক পক্ষ নিজের জাতীয় স্বার্থকে অন্য দেশের ওপর শর্ত চাপিয়ে দেওয়ার অধিকার বলে মনে করে।

অথচ ইতিহাস, ভূগোল ও সংস্কৃতির দিক থেকে এ দুটি দেশের মধ্যকার সংযোগ অত্যন্ত গভীর। সীমানা তোয়াক্কা না করা নদ-নদী, যৌথ সাহিত্য, দেশভাগের স্মৃতিবাহী পরিবারগুলো এবং সর্বোপরি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ—দুই দেশের সম্পর্কের মূল স্তম্ভ। মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ও সাধারণ মানুষের সংহতি ইতিহাসের এক চিরন্তন সত্য। তবে অতীতকে দীর্ঘমেয়াদি দেনা-পাওনার খাতা না বানিয়ে বরং সামনে এগিয়ে যাওয়ার আলো হিসেবে ব্যবহার করাই এখন সময়ের দাবি।

ইতিহাস সাক্ষ্য দেয়, তীব্র সংঘাতের পরও বিশ্বমঞ্চে বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর ফ্রান্স ও জার্মানির যৌথ উদ্যোগ ইউরোপের অন্যতম বিপজ্জনক তিক্ততাকে আজ সবচেয়ে শক্তিশালী অংশীদারত্বে রূপ দিয়েছে। একইভাবে ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র তাদের তিক্ত অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের নতুন পথ তৈরি করেছে।

দক্ষিণ এশিয়াতেও এর ব্যতিক্রম নয়। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী যৌথ দূরদর্শিতার মাধ্যমে ইতিহাসের নতুন গতিপথ তৈরি করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে ঢাকা-দিল্লি সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত—অন্ধ অনুসরণ নয়, বরং পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা ও পারস্পরিক আস্থা।

অবশ্যই পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য ঘাটতি এবং আঞ্চলিক ভূ-রাজনীতি সম্পর্কিত সংবেদনশীল ইস্যুগুলো রাতারাতি গায়েব হয়ে যাবে না। একটি পরিণত সম্পর্কের পরিচয় সমস্যার অনুপস্থিতিতে নয়, বরং সমস্যাগুলো কিভাবে সমাধান করা হচ্ছে—তার পরিপক্বতায়।

উগ্র বক্তব্য বা সাময়িক রাজনৈতিক আবেগের হাতে কূটনীতিকে জিম্মি হতে দেওয়া যাবে না। প্রতিটি সমঝোতাকে ‘দেশ বিক্রি’ বা প্রতিটি আলাপকে ‘দুর্বলতা’ হিসেবে দেখানোর মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।

রাজনীতির চেয়ে ভূগোলের ধৈর্যই শেষ পর্যন্ত জয়ী হয়। দুই দেশের সামনে এখন একে অপরকে ছাড় দেওয়ার নয়, বরং নিজ নিজ সার্বভৌম অবস্থান ধরে রেখে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরবর্তী অধ্যায় লেখার সুযোগ এসেছে।

বাংলায় একটি পরিচিত প্রবাদ আছে—‘যেমন বুনবে, তেমনই কাটবে’। সম্পর্কের বীজ আজ মাটিতে পড়েছে, আগামী দিনে এর ফসল কেমন হবে—তা নির্ভর করছে আজ ঢাকা ও নয়াদিল্লি কিভাবে তা যত্ন করে লালন-পালন করবে তার ওপর।

যে দুই কারণে আটকে আছে পে স্কেল

অনলাইন ডেস্ক
যে দুই কারণে আটকে আছে পে স্কেল
সংগৃহীত ছবি

অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সতর্ক অবস্থানের কারণে নবম পে স্কেল বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে। সর্বশেষ পাঁচ ঘণ্টার সচিব কমিটির বৈঠকে সিদ্ধান্ত আসেনি। পে স্কেল বাস্তবায়ন এখনো কাগজেই আটকে আছে। জুলাইয়ে গেজেট প্রকাশের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু মাস শেষ হতে চললেও গেজেট আসেনি। ফলে নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী। সঙ্গে আছেন প্রায় ৯ লাখ পেনশনভোগী। আমলাতান্ত্রিক ও আইনি জট কেটে সচিব কমিটির সুপারিশ সমন্বয় করা সম্ভব হলে দ্রুতই আসতে পারে বড় ঘোষণা।

অর্থনীতিবিদ ও সচিবালয় সূত্রে জানা গেছে, মূলত দুই প্রধান চ্যালেঞ্জের কারণে নতুন পে স্কেলের চূড়ান্ত অনুমোদন পিছিয়ে যাচ্ছে—

১. ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইতোমধ্যে সাড়ে ১৪ লাখ সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশনসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবম পে স্কেল পুরোপুরি কার্যকর করতে বাড়তি আরো ৪৪ হাজার কোটি টাকার প্রয়োজন, যা দেশের বর্তমান রাজস্ব ঘাটতির মাঝে বড় চ্যালেঞ্জ।

২. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে জানিয়েছে, একসঙ্গে অতিরিক্ত অর্থ বাজারে এলে নগদ প্রবাহ বৃদ্ধি পেয়ে মূল্যস্ফীতি আরো উসকে যেতে পারে। এ ছাড়া রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ না হলে সরকারের ঋণের বোঝা আশঙ্কাজনকভাবে বাড়বে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে একাধিক বৈঠকে নতুন পে স্কেলের আর্থিক প্রভাব নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে সংস্থাটি বেতন কাঠামো পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আরো দুই বছর স্থগিত রাখার পরামর্শ দেয়। তাদের যুক্তি, বর্তমান পরিস্থিতিতে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভার আগেই গেজেট প্রকাশ করে নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে চায় সরকার।

অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবটি এখন আর্থিক ও প্রশাসনিক বিশ্লেষণের শেষ পর্যায়ে রয়েছে। সচিব পর্যায়ের কমিটির সুপারিশ চূড়ান্ত হলে অর্থ বিভাগের মাধ্যমে তা মন্ত্রিসভায় পাঠানো হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর শুরু হবে আইনি প্রক্রিয়া। প্রয়োজনীয় ভেটিং শেষে প্রকাশ করা হবে গেজেট। গেজেটের আগে নতুন বেতন কাঠামো অনুযায়ী অর্থ ছাড় কিংবা বেতন পরিশোধের সুযোগ নেই। সচিব পর্যায়ের কমিটি ইতোমধ্যে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তুত পৃথক সুপারিশ পর্যালোচনা করেছে। সেগুলোকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনার কাজও হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রস্তাবটি মন্ত্রিসভায় পাঠানোর উপযোগী পর্যায়ে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক অনুমোদনের ওপর নির্ভর করছে।

সূত্র জানায়, সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসতে চায় না। তবে একসঙ্গে বড় আর্থিক চাপ এড়াতে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নে ধাপে ধাপে বেতন বৃদ্ধি, নির্দিষ্ট গ্রেডে অগ্রাধিকার সুবিধা এবং আর্থিক চাপ কমানোর মতো কয়েকটি বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছে অর্থ বিভাগ।

উল্লেখ্য, বর্তমান অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয় ২০১৫ সালে। এক দশকের বেশি সময় ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোয় বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। এ সময় জীবনযাত্রার ব্যয়, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামোর দাবি দীর্ঘদিন ধরে জোরালো হয়ে উঠেছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের অধীনে কর্মরত প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী নতুন পে স্কেলের আওতায় আসবেন। মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। এর ফলে সরকারের পেনশন ব্যয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে।

বর্তমানে বাংলাদেশ আইএমএফের ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। একই সঙ্গে নতুন প্রায় ৬.৫ বিলিয়ন ডলারের আরেকটি ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। আইএমএফের আশঙ্কা, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক রাজস্ব ব্যয় বড় আকারে বৃদ্ধি পাবে। এতে বাজেট ঘাটতি বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির ওপরও চাপ সৃষ্টি হতে পারে।

কোনো কোনো অর্থনীতিবিদ ধারণা করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় অন্তত ৮২ হাজার কোটি টাকা বাড়তে পারে। বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন, উৎসব ভাতা, বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য সুবিধা বৃদ্ধির কারণে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

সংসদ ভবনে আগুন, তদন্তে কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সংসদ ভবনে আগুন, তদন্তে কমিটি গঠনের নির্দেশ

জাতীয় সংসদ ভবনের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের একটি ফেক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। একটি নির্দিষ্ট দল-মতের লোকদের ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এই ফেক ভিডিও প্রচার করা হচ্ছে বলে অভিযোগ। শুধুমাত্র দু-একটি স্থির ছবি দিয়ে ভিডিও তৈরি করে এ প্রচারণা শুরু করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের ভিডিও ভাইরাল হওয়ায় এবার তার পাল্টা হিসেবে ফরহাদ হোসেন আজাদকে টার্গেট করা হয়েছে। গত ২০ জুলাই ছড়িয়ে পড়া ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। এর প্রেক্ষিতে এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, ওই ঘটনায় ইমেজ সংকটে পড়া জামায়াতের নেতা-কর্মীরা এবার বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদকে টার্গেট করেছেন। আজাদের বিরুদ্ধে প্রচারিত ভিডিওতে একজন নারীর ছবি দেখা গেলেও তার মুখমণ্ডল দেখা যায় না। স্থানীয় ফ্যাক্ট চেকের মাধ্যমেও ওই ভিডিওর সত্যতা পাওয়া যায়নি।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা বিএনপির নেতা ইসমাইল হোসেন বলেন, ফরহাদ হোসেন আজাদ ছাত্রদলের সোনালী অতীত। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার রাজনীতিকে কলঙ্কিত করতেই একটি চিহ্নিত মহল উঠেপড়ে লেগেছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কালের কণ্ঠকে বলেন, রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। এগুলো মিথ্যা এবং ভিত্তিহীন। কয়দিন আগে জামায়াতকে নিয়ে আমি বক্তব্য দিয়েছিলাম। এই জন্য ওরা এ ধরনের নোরাংমি শুরু করেছে।

তিনি বলেন, ছবিটি সম্পূর্ণ ভুয়া। রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ ধরনের অপপ্রচার।

ভাইরাল পোস্টে ব্যবহৃত ছবিটি পর্যালোচনায় দেখা যায়, এটি একটি কোলাজধর্মী ছবি। এতে একটি আপত্তিকর দৃশ্যের সঙ্গে প্রতিমন্ত্রীর পৃথক একটি প্রতিকৃতি সংযুক্ত করা হয়েছে। ছবিটির বিভিন্ন অংশে আলো-ছায়া, মুখাবয়ব, শরীরের অনুপাত এবং ডিজিটাল সম্পাদনার কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। তবে কেবল দৃশ্যগত বিশ্লেষণের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এ ধরনের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা উন্নত সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা সম্ভব বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা উল্লেখ করছেন।

সম্প্রতি রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি এবং জনপরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রবণতা বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি এবং জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে এ ধরনের ডিজিটাল কারসাজি ক্রমশ বাড়ছে।

তথ্য-প্রযুক্তি বিশ্লেষকদের পরামর্শ, কোনো ভাইরাল ছবি বা ভিডিওকে প্রমাণ হিসেবে গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য, নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং প্রয়োজন হলে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত। যাচাইহীন তথ্য প্রচার ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে।