• ই-পেপার

জিটুজির আওতায় নির্মিত হবে কুতুবজোম ভাসমান এলএনজি টার্মিনাল

পাঁচ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক
পাঁচ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
ছবি: কালের কণ্ঠ

পাঁচ দফা দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারী অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি’। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ ‍জুলাই) সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক বাদল মাদবর এক যৌথ বিজ্ঞপ্তিতে এবং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক বাদল মাদবর (সরদার) বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে দেশের কোথাও কোনো বেসরকারি অ্যাম্বুলেন্স চলবে না। দীর্ঘদিন ধরে আমরা আমাদের ন্যায্য দাবিগুলো জানিয়ে আসছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমাদের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলমান থাকবে।’

অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ৫ দফা দাবিগুলো হলো—

১. অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা দ্রুত বাস্তবায়ন করা।

২. দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা।

৩. হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুলেন্সের কাছ থেকে টোল আদায় বন্ধ করা (টোল ফ্রি বাস্তবায়ন)।

৪. লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুলেন্সের ওপর থেকে সব ধরনের টোল সম্পূর্ণ মওকুফ করা।

৫. রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহের নিরবচ্ছিন্ন ব্যবস্থা করা।

তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম।

মঙ্গলবার (২৮ জুলাই) দুই নেতার মধ্যে অনুষ্ঠিত টেলিফোন আলাপে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে অফিশিয়াল ফেসবুক পেজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস এ তথ্য জানায়। আলাপে বাংলাদেশের চলমান গ্যাস সরবরাহ সংকটের বিষয়টি গুরুত্ব পায়।

এ সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সহযোগিতার অনুরোধ জানান তিনি।

এ ছাড়া দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে মালয়েশিয়ার এক্সিটা গ্রুপ বারহাডের বিনিয়োগ কার্যক্রমের অগ্রগতি এবং কৌশলগত অংশীদারির সম্ভাবনা নিয়ে কথা হয়। পাশাপাশি এমএমসি করপোরেশন বারহাডের সঙ্গে বন্দর ও অবকাঠামো খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করেন দুই নেতা।

মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরো শক্তিশালী করতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সম্মান, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারি আগামী দিনে আরো সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার

অনলাইন ডেস্ক
সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার

দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে কক্সবাজার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রায় ১৫৭ বছরের পুরনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অগ্রগতি প্রতিবেদন দ্রুত পাঠাতে নির্দেশ দিয়েছে।

জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব উজ্জ্বল হোসেনের সই করা দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরো জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার সীমা পেরিয়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় উঠেছে। একই সময়ে দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে পৌঁছেছে, যা সংস্থাটির দাবি অনুযায়ী রেকর্ড।

এছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন মাহবুবের রহমান শামীম। তার নিয়োগের মাধ্যমে ৬৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো; বাকি আছে ঠাকুরগাঁও।
 

বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

অনলাইন ডেস্ক
বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

বাংলাদেশকে বিশ্বের অন্যান্য বাজারের তুলনায় প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম দামে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। সেইসঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরো বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারি, খাদ্য নিরাপত্তা, কৃষি সহযোগিতা, সার সরবরাহ এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গম ও মিউরিয়েট অব পটাশ (এমওপি) সার সরবরাহে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের একটি বিশ্বস্ত বন্ধু। আগামী দিনে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাশিয়ার প্রতিনিধিদল জানায়, জেএসসি এফইসি প্রোডিনটর্গের মাধ্যমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে সরকার-টু-সরকার ভিত্তিতে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে তারা আগ্রহী।

প্রতিনিধিদল আরো জানায়, বাংলাদেশ বর্তমানে যেসব দেশ থেকে ইউরিয়া সার আমদানি করে, তার তুলনায় প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম দামে সার সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে নির্ভরযোগ্য সার সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি আমদানি ব্যয়ও কমবে বলে তারা আশা প্রকাশ করে।

বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার জেএসসি এফইসি প্রোডিনটর্গের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে সূর্যমুখী তেল, হলুদ, মটরশুঁটি, ছোলা, লাল মসুর ডাল ও সবুজ মসুর ডালসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহে আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও বাজার স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী রাশিয়ার বাণিজ্য সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করা হবে।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরো শক্তিশালী করতে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।