• ই-পেপার

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাহ আমানতে ফ্লাইট চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক
শাহ আমানতে ফ্লাইট চলাচল স্বাভাবিক
সংগৃহীত ছবি

বৈরি আবহাওয়ায় বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল থেকে সব ফ্লাইট নির্ধারিত সময়ে স্বাভাবিকভাবে উঠানামা করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, বাতাসের গতি বেশি থাকায় ফ্লাইট উঠানামায় বিঘ্ন ঘটেছিল। আজ বৃষ্টি হলেও আবহাওয়া স্বাভাবিক ছিল এবং বাতাসও ছিল স্বাভাবিক। সেজন্য সকাল থেকে সব ফ্লাইট নির্ধারিত সময়ে উঠানামা করেছে। আজ কোনো ফ্লাইট বিলম্ব বা শিডিউল বিপর্যয় হয়নি।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করে। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম রুটের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১২১ ফ্লাইটটি পুণরায় ঢাকায় ফিরে আসে।

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে শারজাহ হতে আসা এয়ার আরাবিয়া ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, মাস্কাট থেকে সালাম এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স, দুবাই থেকে ফ্লাইট দুবাই, আবুধাবি ও জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এবং ঢাকা থেকে আসা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে চট্টগ্রামে এসেছে। পাশাপাশি শারজাহ, মাস্কাট ও দুবাইয়ের ফিরতি ফ্লাইটগুলো ছেড়ে গেছে স্বাভাবিকভাবে।

বিমানবন্দরে যাত্রীদের জন্য ‘ফ্রি শাটল বাস’ চালু করল বেবিচক

নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দরে যাত্রীদের জন্য ‘ফ্রি শাটল বাস’ চালু করল বেবিচক
সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সম্পূর্ণ বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে পরিচালিত এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বেবিচক চেয়ারম্যানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই ফ্রি শাটল সার্ভিসটি চালু করা হয়েছে। বাসগুলো প্রাথমিকভাবে বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে। এর মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগস্থলের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন।

এই সেবাটি বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য বড় ধরনের সুবিধা বয়ে আনবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এটি কার্যকর ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে এই ফ্রি শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয় ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে।

‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই অঙ্গীকারকে ধারণ করে বেবিচক ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে বেবিচক ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

অনলাইন ডেস্ক
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
মানবাধিকারকর্মী আইরিন খান। ছবি : সংগৃহীত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান।

বুধবার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। এ নিয়োগ কার্যকর হলে আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন আইরিন খান। ১৯৯৩ সালে এ পদ চালুর পর প্রথম নারী হিসেবে তিনি এই দায়িত্বে নিয়োগ পান।

বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে অধ্যাপনা করছেন এ মানবাধিকারকর্মী। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম নারী মহাসচিব। 

আইরিন খানের নেতৃত্বে অ্যামনেস্টি রাজনৈতিক ও নাগরিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিয়ে কার্যক্রম সম্প্রসারণ করে। এ ছাড়া নারীর প্রতি সহিংসতা বন্ধে সংস্থাটির প্রথম বৈশ্বিক প্রচারণাও তার উদ্যোগেই শুরু হয়।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি।

পার্বত্য অঞ্চলে ভারি বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

বাসস
পার্বত্য অঞ্চলে ভারি বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

কয়েক দিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

গতকাল মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী প্রাকৃতিক এ বৈরী আবহাওয়া থেকে জানমাল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করতে চট্টগ্রাম বিভাগের প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ সকল জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় তরুণসমাজকে সমন্বিতভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের এ উদ্ভূত পরিস্থিতির সার্বিক খোঁজখবর রাখছেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

তিনি কঠিন এ পরিস্থিতিতে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ খাদ্য, বস্ত্র ও আশ্রয় দিয়ে সহায়তা করার প্রতি জোর দেন।

গত ৪২ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ ভারি বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে চরম জনদুর্ভোগ তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে বিমান ও ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।

এ ছাড়া, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সড়কে পানি জমে যানচলাচল ব্যাহত হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় আগামী শুক্রবার পর্যন্ত বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।