• ই-পেপার

বেনজীরের সম্পদ অনুসন্ধানে দুদক, তিন সদস্যের কমিটি গঠন

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি : কালের কণ্ঠ

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ)-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার (৫ জুন) উজবেকিস্তানের সমরখন্দ শহরে অনুষ্ঠিত জিইএফ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

অধিবেশনে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের উৎসসমূহ সঠিকভাবে চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।

শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি প্রকৃতি-ভিত্তিক সমাধান ও বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জিইএফ-এর লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারি আরো জোরদার করা প্রয়োজন।

সমরখন্দে অনুষ্ঠিত এই জিইএফ সম্মেলনে বিশ্বের ১৮৬টি সদস্য দেশের প্রতিনিধি, পরিবেশবিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া উৎসবের চূড়ান্ত পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া উৎসবের চূড়ান্ত পর্ব শুরু
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রায় ২২ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা কাল শুরু হয়েছে। এটা প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা। দেশের প্রাথমিক শিক্ষাকে আরো প্রাণবন্ত ও আনন্দময় করে তুলতে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি। তাদের মধ্যে বালক ৪৬ লাখ ৯১ হাজার ৬৯৮ জন এবং বালিকা ৫২ লাখ ৫৬ হাজার ৭৩৪ জন।

এ বছরের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি দল ও ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। অপরদিকে বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দল এবং ১১ লাখ ৩ হাজার ২৯১ জন খেলোয়াড় মাঠে নেমেছে। সব মিলিয়ে প্রায় ২২ লাখ ১৪ হাজারের বেশি ক্ষুদে খেলোয়াড় এই  প্রতিযোগিতায় অংশগ্রহণ  করেছে।

গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় স্তর অতিক্রম করে জাতীয় পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ প্রায় দুই মাসের প্রতিযোগিতায় দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শহরাঞ্চল পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গতকাল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিশুদের মধ্যেই রয়েছে আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন খেলাধুলায় পারদর্শী হয়ে গড়ে উঠতে পারে, সেজন্য এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ’

এবার জাতীয় পর্যায়ে দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন ১৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ৮টি বালক ও ৮টি বালিকা দল রয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে নারী-পুরুষ সমঅংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এটি সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান আগামী ২০ জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের কথা রয়েছে।

বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ, নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতকরণ এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সুসংগঠিত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দেশের ক্রীড়া ও শিক্ষা অঙ্গনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করা হচ্ছে, শিশুদের জন্য এই মহোৎসব ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি একটি সুস্থ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার

অনলাইন ডেস্ক
পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার
সংগৃহীত ছবি

পুশ ইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ ইনের ঘটনা ঘটেনি। সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশ ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। 

কোস্ট গার্ড সুন্দরবনসহ সীমান্ত সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরো জোরদার করেছে।

পুশ ইন সংক্রান্ত যেকোনো তথ্য কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশ ইন রোধে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাব্বির আলম সুজন। 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

জানা গেছে, দুপুরে ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজারে পৌঁছান হাকান ফিদান। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রথমে তারা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন।

পরবর্তীতে ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন হাকান ফিদান। এসব ক্যাম্পে অবস্থিত তুরস্কের নির্মিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান, এপিবিএন ও র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনজীরের সম্পদ অনুসন্ধানে দুদক, তিন সদস্যের কমিটি গঠন | কালের কণ্ঠ