• ই-পেপার

নিশো-তমার সঙ্গে যোগ দিলেন সুনেরাহ

বিয়ের আয়োজনে বড় অঙ্কের সরকারি ফি দিলেন টেইলর সুইফট

অনলাইন ডেস্ক
বিয়ের আয়োজনে বড় অঙ্কের সরকারি ফি দিলেন টেইলর সুইফট

বিশ্বখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির বিয়ের আয়োজন সফল করতে বড় অংকের অর্থ গুনতে হয়েছে এই তারকা জুটিকে। গত সপ্তাহে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই হাই-প্রোফাইল বিয়ের অনুষ্ঠান ও নিরাপত্তা ব্যবস্থার জন্য নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষকে ১ লাখ ৬০ হাজার ডলারেরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা) বেশি ফি পরিশোধ করেছেন সুইফট।

শুক্রবার (১০ জুলাই) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এই তথ্য নিশ্চিত করেছেন। মেয়র জানান, অনুষ্ঠানের ঠিক কয়েকদিন আগেই এই বিশেষ ইভেন্ট পারমিটটি চূড়ান্ত করা হয়েছিল। টেইলর সুইফট ইতোমধ্যে এই পুরো অর্থ পরিশোধ করে দিয়েছেন, যা মূলত অনুষ্ঠানের সময় শহর কর্তৃপক্ষের দেওয়া অতিরিক্ত পরিষেবা ও নিরাপত্তার খরচ হিসেবে ধরা হয়েছে।

সুপারস্টার জুটির এই বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গত ৩ জুলাই, যা পরিচালনা করেন বিখ্যাত অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার। জমকালো এই আয়োজনে প্রায় এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। আমন্ত্রিতদের মধ্যে অভিনেতা হিউ গ্র্যান্ট, ইথান হক, জেসন সুডেইকিস, গায়ক বেনসন বুন এবং এনএফএল তারকা ক্রিস জোনস ও কুপার কাপসহ অসংখ্য মার্কিন তারকাকে ব্ল্যাক-টাই পোশাকে অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। 

এই বিয়ের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) কয়েকজন কর্মকর্তা মোতায়েন করেছিল। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, অনুষ্ঠানটির জন্য একটি বিশেষ নিরাপত্তা দল প্রস্তুত রাখা হয়েছিল। নিরাপত্তার স্বার্থে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশেপাশের রাস্তা কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয় এবং ময়নিহান ট্রেন হল ও পেন স্টেশনের মতো ব্যস্ততম পাবলিক ট্রানজিটের প্রবেশপথও সীমিত করা হয়েছিল।

বিয়ের এই মহা-আয়োজনের পাশাপাশি মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই নবদম্পতি। বিয়ের আগে কেলসি ও সুইফট বিভিন্ন দাতব্য সংস্থাকে মোট ২৬ মিলিয়ন ডলার (প্রায় ৩০০ কোটি টাকা) দান করেছেন, যা সুইফটের প্রতিনিধি নিশ্চিত করেছেন। এই অনুদানের একটি বড় অংশ পেয়েছে নিউ ইয়র্কের ‘অ্যানসার দ্য কল’ নামক একটি প্রতিষ্ঠান, যারা কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ ও দমকলকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ চমকের, রোপণ করলেন ৩০০ গাছ

বিনোদন প্রতিবেদক
জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ চমকের, রোপণ করলেন ৩০০ গাছ
সংগৃহীত ছবি

জন্মদিন মানেই কেক কাটা, উৎসব কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এক ভিন্ন বার্তা দিলেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। ৩০তম জন্মদিন উপলক্ষে তিনি বিশ্বঐতিহ্য সুন্দরবনে ৩০০টি গাছ রোপণ করেছেন।

গত ৮ জুলাই প্রকৃতির সান্নিধ্যে জন্মদিন উদযাপন করেন এই অভিনেত্রী। পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে তিনি ব্যক্তিগত আনন্দকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করেছেন।

চমকের কথায়, ৩০ বছরে পা রাখার স্মারক হিসেবেই ৩০০টি গাছ লাগানোর পরিকল্পনা করেন তিনি। তবে এটি শুধু সংখ্যার মিল নয়, বরং প্রকৃতির প্রতি নিজের দায়বদ্ধতার প্রতীক।

তিনি বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগবে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।’

বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন কমে আসছে, বন্যপ্রাণীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান চমক। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সুখবর দিলেন আমির খান

বিনোদন ডেস্ক
সুখবর দিলেন আমির খান
সংগৃহীত ছবি

তৃতীয়বার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই নতুন সুখবর দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তবে এটি ব্যক্তিগত জীবনের নয়, বরং তার চলচ্চিত্র ক্যারিয়ারের নতুন অধ্যায়ের খবর। 

আন্তর্জাতিক সহযোগিতায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘সিল্কইয়ারা ৪১’, যার সঙ্গে যুক্ত হয়েছে আমির খান প্রোডাকশনস।

গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। বিয়ের পরপরই তিনি নতুন এই সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন।

জানা গেছে, ‘সিল্কইয়ারা ৪১’ নির্মিত হবে কবির খান ফিল্মস, আমির খান প্রোডাকশনস এবং অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মসের যৌথ প্রযোজনায়। ছবির চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলীয় লেখক অ্যান্ড্রু আনাস্তাসিওস। 

পরিচালনার দায়িত্বে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা কবির খান। এর আগে তিনি ‘বজরঙ্গি ভাইজান’, ‘৮৩’ এবং ‘এক থা টাইগার’-এর মতো আলোচিত সিনেমা নির্মাণ করেছেন।

বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হবে ২০২৩ সালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কইয়ারা টানেল দুর্ঘটনাকে ঘিরে। সেই ঘটনায় সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে টানা ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের সাহসিকতা ও মানবিক প্রচেষ্টা সে সময় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই ঘটনাই এবার উঠে আসবে বড় পর্দায়।

নতুন এই প্রজেক্ট নিয়ে আমির খান বলেন, ‘মাইন্ড ব্লোয়িং ফিল্মস ও আমির খান প্রোডাকশনসের যুগান্তকারী এ সহযোগিতার ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। সিল্কইয়ারা টানেলে উদ্ধার অভিযানের ঘটনা খুবই সংবেদনশীল ও সাহসিকতার কাজ, যা আমাদের সবাইকে স্পর্শ করেছে। দুই দেশের যৌথ প্রয়াসে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক চেতনার জয়কে উদযাপন করবে।’

আন্তর্জাতিক প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এই যৌথ উদ্যোগকে আমির খানের ক্যারিয়ারের নতুন মাইলফলক হিসেবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

বিশ্বকাপের ফাইনালেও মাতাবেন শাকিরা

বিনোদন ডেস্ক
বিশ্বকাপের ফাইনালেও মাতাবেন শাকিরা
সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার টুর্নামেন্টের ফাইনালেও মঞ্চে উঠতে যাচ্ছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া হাফটাইম শোতে বিশ্বের আরো কয়েকজন শীর্ষ সংগীতশিল্পীর সঙ্গে পারফর্ম করবেন তিনি।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতিতে প্রায় ১১ মিনিটের এই বিশেষ আয়োজনটি হবে সুপার বোল ধাঁচের হাফটাইম শো। ফিফা ও গ্লোবাল সিটিজেনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন।

সম্প্রতি ‘দ্য ক্যাপিটাল ইভনিং শো উইথ জিমি হিল’-এ দেওয়া সাক্ষাৎকারে শাকিরা জানান, এবারের হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারে ঐতিহাসিক’। সেখানে তার সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, বিটিএস এবং কোল্ডপ্লে-সংশ্লিষ্ট শিল্পীরা।

Atlanta, what two extraordinary nights! I watched you dance and sing from  the first to the last. I'm leaving with a full heart! ❤️

শাকিরা বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছি। আর এখন ফাইনালেও গান গাইব। আমাকে পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে, যাতে উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে ফাইনালের পারফরম্যান্সটা কিছুটা আলাদা ও অনন্য করা যায়।’

তিনি আরো বলেন, ‘এটি একটি যৌথ হাফটাইম শো হতে যাচ্ছে...। এটি সত্যিই ঐতিহাসিক হবে। পাঁচজন শিল্পী থাকছেন এখানে যারা আসলে আমি বাদে বাকি চারজন অসাধারণ শিল্পী। সেখানে থাকবেন ম্যাডোনা, বিটিএস, বিবার ও কোল্ডপ্লে।’

পারফরম্যান্স নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে শাকিরা বলেন, ‘আমরা সবাই একসঙ্গে বসব এবং পুরো বিষয়টি কেমন হবে, তা ঠিক করব। তবে সত্যি বলতে আমি নিজেই এটি নিয়ে দারুণ কৌতূহলী। আপনাদের মনে এখন ঠিক যতটা কৌতূহল কাজ করছে, ঠিক ততটাই আমার মনেও।’

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফাইনালে পূর্ণাঙ্গ হাফটাইম শোর আয়োজন করা হচ্ছে। ফুটবল ও সংগীতের এই ব্যতিক্রমী মেলবন্ধনকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নিশো-তমার সঙ্গে যোগ দিলেন সুনেরাহ | কালের কণ্ঠ