অবশেষে অবসান ঘটল রায়ান গসলিংয়ের বহু বছরের আক্ষেপের। হলিউড ব্লকবাস্টার সিনেমা ‘লা লা ল্যান্ড’-এর বিখ্যাত পোস্টারে নিজের হাতের অবস্থান নিয়ে বেশ লম্বা সময় ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন এই তারকা। সিনেমাটির মুক্তির ১০ম বার্ষিকী উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ‘লায়ন্সগেট’ পোস্টারের একটি নতুন ডিজাইন উন্মোচন করেছে, যেখানে গসলিংয়ের কাঙ্ক্ষিত ভঙ্গিতেই হাতটি সংশোধন করা হয়েছে।
২০১৬ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী মিউজিক্যাল ফিল্ম ‘লা লা ল্যান্ড’-এর মূল পোস্টারে এমা স্টোনের সঙ্গে নাচের একটি ভঙ্গিতে গসলিংয়ের হাত চ্যাপ্টা হয়ে ছিল। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে গসলিং জানান, ওই পোস্টারটি তাকে সব সময় তাড়া করে ফিরত এবং তিনি রসিকতা করে পোস্টারটির নাম দিয়েছিলেন ‘লা লা হ্যান্ড’। গসলিং বলেছিলেন, নাচের সময় হাতটি চ্যাপ্টা না রেখে বাইরের দিকে প্রসারিত রাখলে মূল ভঙ্গিটি বেশি নিখুঁত দেখাত। ১০ম বার্ষিকীতে লায়ন্সগেট অবশেষে নতুন পোস্টারে তার সেই ইচ্ছেটিকেই প্রাধান্য দিয়েছে।
১০ বছর পূর্তি উদযাপনে ১৬ই আগস্ট থেকে এএমসি থিয়েটার্সের ডলবি সিনেমায় ‘লা লা ল্যান্ড’ পুনরায় মুক্তি পাচ্ছে। মাত্র ৩০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ৪৪৭ মিলিয়ন ডলার ব্যবসা করে। সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রহণসহ এটি ৬টি অস্কার এবং রেকর্ড গড়ে ৭টি গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করে। সিনেমাটিতে ‘সেব’ চরিত্রে অভিনয়ের জন্য রায়ান গসলিং গোল্ডেন গ্লোব জেতেন, অন্যদিকে ‘মিয়া’ চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেন এমা স্টোন। জনপ্রিয় এই সিনেমাটিকে কেন্দ্র করে বর্তমানে একটি ব্রডওয়ে মিউজিক্যাল তৈরির কাজ চলছে, যার আনুষ্ঠানিক তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে।









