• ই-পেপার

মুক্তি পেল আসিফের সিনেমার প্রথম গান

পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

বিনোদন ডেস্ক
পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে
সংগৃহীত ছবি

এবার নতুন পরিচয়ে সামনে আসতে যাচ্ছেন রুপালি পর্দার অ্যাকশন হিরো হিসেবে পরিচিত টাইগার শ্রফ। অভিনয়ের পাশাপাশি পেশাদার ফুটবলেও অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগারের। ভারতের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে মুম্বাই এফসির জার্সিতে মাঠে নামতে পারেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাই এফসির সহ-মালিক জোহেব আমরানি। তিনি জানান, টাইগার বর্তমানে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে দলের সঙ্গে শিলংয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর।

জোহেব আমরানির ভাষ্য, ২০২৩ সালে একটি ইনফ্লুয়েন্সারস ফুটবল লিগে টাইগার শ্রফের খেলা তাদের নজর কাড়ে। সেখানে তাঁর ফুটবল দক্ষতা, ফিটনেস এবং কৌশলগত বোঝাপড়া দেখে তাঁকে মুম্বাই এফসির অনুশীলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

তবে টাইগারের সম্ভাব্য অভিষেককে ঘিরে নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। জনপ্রিয় এই তারকার উপস্থিতিতে দর্শকদের অতিরিক্ত ভিড় কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক নানা জটিলতার বিষয়েও সতর্ক রয়েছে ক্লাব।

সবকিছু ঠিক থাকলে ডুরান্ড কাপের ১৩৫তম আসরে মুম্বাই এফসির হয়ে ৩, ৮ অথবা ১১ আগস্টের গ্রুপ পর্বের কোনো এক ম্যাচে টাইগার শ্রফকে মাঠে দেখা যেতে পারে। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনো তাঁর সম্ভাব্য অভিষেক ম্যাচের তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্ট, জিমন্যাস্টিকস ও ফিটনেসের জন্য বরাবরই পরিচিত টাইগার শ্রফ। এবার সেই শারীরিক সক্ষমতাকেই পেশাদার ফুটবলের মঞ্চে কতটা কাজে লাগাতে পারেন, সেদিকেই নজর থাকবে তাঁর ভক্ত ও ফুটবলপ্রেমীদের।

হিন্দু থেকে খ্রিস্টান, পরে ইসলাম : রাখি সাওয়ান্তের জীবনের নানা মোড়

বিনোদন ডেস্ক
হিন্দু থেকে খ্রিস্টান, পরে ইসলাম : রাখি সাওয়ান্তের জীবনের নানা মোড়
বলিউডের আলোচিত অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্ত

বলিউডের আলোচিত অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্ত ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে এবং ধর্ম পরিবর্তনের কারণে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন। হিন্দু পরিবারে জন্ম নেওয়া রাখি পরে খ্রিস্টধর্ম গ্রহণ করেন। এরপর দ্বিতীয় বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে বর্তমানে তিনি কোন ধর্ম অনুসরণ করছেন, সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

ggg

রাখি সাওয়ান্তের আসল নাম নিরু ভেড়া। ১৯৭৮ সালের ২৫ নভেম্বর ভারতের মুম্বাইয়ে একটি সাধারণ মারাঠি হিন্দু পরিবারে তার জন্ম। বাবার মৃত্যুর পর আর্থিক সংকটে পড়ে পরিবার। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে ১৯৯০-এর দশকের শেষ দিকে ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে মায়ের দ্বিতীয় বিয়ের পর সৎ বাবার পদবি সাওয়ান্ত গ্রহণ করেন। এরপর বলিউডে আইটেম গানের মাধ্যমে পরিচিতি পান এবং ‘ম্যায় হুঁ না’ ও ‘মাস্তি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।

hh
‘ম্যায় হুঁ না’ সিনেমায় রাখি

২০০৯ সালের দিকে রাখি ও তার মা হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টধর্ম গ্রহণ করেন। এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। তবে ধর্ম পরিবর্তনের পরও তিনি আগের মতোই বলিউড ও বিভিন্ন রিয়েলিটি শোতে কাজ চালিয়ে যান। দীর্ঘ এক দশকের বেশি সময় তিনি খ্রিস্টান পরিচয়েই ছিলেন।

২০১৯ সালে রাখি দাবি করেন, যুক্তরাজ্যপ্রবাসী ভারতীয় রিতেশ সিংকে তিনি গোপনে বিয়ে করেছেন। দীর্ঘদিন এই বিয়ে নিয়ে নানা প্রশ্ন ওঠে। অনেকেই রিতেশের অস্তিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেন। পরে ‘বিগ বস ১৫’-এ প্রথমবারের মতো রিতেশকে প্রকাশ্যে দেখা যায়। তবে রিতেশের আগের বিয়ে নিয়ে আইনি জটিলতার কারণে ২০২২ সালের শুরুতে তাঁদের দাম্পত্যের ইতি ঘটে।

hhh
আদিলকে বিয়ে করার আগে রাখি ইসলাম ধর্ম গ্রহণ করেন ও নাম পরিবর্তন করে ফাতিমা রাখেন।

বিচ্ছেদের কিছুদিন পরই মহীশূরের বাসিন্দা আদিল খান দুররানির সঙ্গে সম্পর্কে জড়ান রাখি। আদিলকে বিয়ে করার আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে ফাতিমা রাখেন। এ সময় তাকে বোরকা পরতেও দেখা যায়। ২০২২ সালের জুনে তাদের বিয়ে হলেও বিষয়টি কয়েক মাস গোপন রাখা হয়। পরে ২০২৩ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিকাহর ছবি প্রকাশ করে বিয়ের খবর জানান রাখি। যদিও শুরুতে আদিল এই বিয়ের কথা অস্বীকার করেছিলেন, পরে তিনি তা স্বীকার করেন।

hhh

তবে বিয়ের অল্প সময়ের মধ্যেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, আদিল নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও পরে রাখি জানতে পারেন তিনি পেশায় একজন চালক এবং মহীশূরের একটি বস্তিতে বসবাস করতেন। অভিযোগ, আদিল এসব তথ্য তার কাছ থেকে গোপন রেখেছিলেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাখি বলেন, ‘আদিল যদি শুরুতেই সত্যটা বলতেন, আমি তাকে মেনে নিতাম। কিন্তু এখন আর তা পারছি না।’

্ট্ট্

এরপর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, প্রতারণা, পরকীয়া, অর্থ আত্মসাৎ ও তার অর্থের অপব্যবহারের অভিযোগে মামলা করেন রাখি। তিনি অভিযোগ করেন, আদিল তাকে মারধর করেছেন এবং তার অর্থ নিয়ে নিয়েছেন। একই দিন আদিলকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের নির্দেশে বিচারিক হেফাজতে পাঠানো হয়।

পরবর্তীতে বন্ধু শারলিন চোপড়াকে নিয়ে আদিলের পরিবারের সঙ্গে দেখা করতে মহীশূরে গেলে রাখি আরো একটি বিষয় জানতে পারেন। তার দাবি, জন্মসূত্রে তিনি হিন্দু হওয়ায় আদিলের পরিবার তাদের বিয়ে মেনে নিতে রাজি ছিল না।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের শেষ দিকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রাখি ও আদিলের দায়ের করা মামলাগুলো খারিজ করে দেয় বোম্বে হাইকোর্ট। এর মধ্য দিয়ে তাদের আইনি বিরোধেরও সমাপ্তি ঘটে।

ll

২০২৬ সাল পর্যন্ত রাখি সাওয়ান্ত প্রকাশ্যে জানাননি, বর্তমানে তিনি কোন ধর্ম অনুসরণ করছেন। তিনি ইসলাম ধর্মেই আছেন, নাকি আবার খ্রিস্টধর্ম বা হিন্দুধর্মে ফিরে গেছেন—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি বলেন, ‘ভারতীয় ও পাকিস্তানিরা একে অপরকে ছাড়া থাকতে পারে না। আমি পাকিস্তানের মানুষকে ভালোবাসি, সেখানে আমার অনেক ভক্ত রয়েছে।’ তিনি আরো জানান, তার সম্ভাব্য পাত্র দোদি খান একজন অভিনেতা ও পুলিশ কর্মকর্তা।

তবে কি রাজনীতিতে আসছেন ধানুশ?

বিনোদন ডেস্ক
তবে কি রাজনীতিতে আসছেন ধানুশ?
সংগৃহীত ছবি

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তামিলনাড়ুতে তাঁর ফ্যান ক্লাবের সাংগঠনিক তৎপরতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাম্প্রতিক কিছু বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা চলছে—তবে কি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন এই তারকা? যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ধানুশ।

সম্প্রতি ভক্তদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে সামাজিক কাজে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান অভিনেতা। তিনি বলেন, ‘আজ আপনারা সবাই এখানে একত্র হয়েছেন। এভাবে একসঙ্গে হতে পারাটাই আমাদের শক্তি। এই শক্তিকে একটি স্পষ্ট উদ্দেশ্যে কাজে লাগান এবং মানুষের পাশে দাঁড়ান। আরো জনকল্যাণমূলক কাজ করুন। প্রতিবেশীদের সমস্যাগুলো জানুন, তাঁদের একজন হয়ে পাশে দাঁড়ান এবং সাহায্য করুন।’

ধানুশের এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসতে শুরু করে। বিশেষ করে তামিলনাড়ুতে চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে আসার দীর্ঘ ইতিহাস থাকায় বিষয়টি আরো বেশি আলোচনায় উঠে আসে। 

এর আগে রজনীকান্ত রাজনীতিতে আসার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। অন্যদিকে অভিনেতা থালাপতি বিজয় ইতোমধ্যে রাজনৈতিক দল গঠন করেছেন। ফলে দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় মুখ ধানুশকে নিয়েও জল্পনা বাড়ছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্যের শেষে ধানুশ ‘ওম নমঃ শিবায়’ উচ্চারণ করায় তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় গত ৯ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এক অনুষ্ঠানে ধানুশের বাবা ও নির্মাতা কস্তুরি রাজাকে অভিনেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর পরিবারের কেউ ভবিষ্যতে রাজনীতিতে আসতে পারেন। তবে ধানুশকে নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি কোনো নির্দিষ্ট মন্তব্য করতে চাননি।

এদিকে ধানুশের ফ্যান ক্লাবের পতাকা নিয়েও সামাজিক মাধ্যমে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে এসব গুঞ্জন নাকচ করে ফ্যান ক্লাবের নেতা ও পরিচালক সুব্রামানিয়াম শিবা বলেন, এটি নতুন কোনো রাজনৈতিক পতাকা নয়। প্রায় ১৫ বছর ধরে ভক্তরা বিয়ে, কান ফোঁড়ানোর অনুষ্ঠান, সিনেমা মুক্তি এবং বিভিন্ন আয়োজনে এই পতাকা ব্যবহার করে আসছেন। 

চলতি বছরের ফ্যান ক্লাবের সভায় গাড়িতে ব্যবহারের সুবিধার জন্য পতাকার আকার ছোট করা হয়েছে। আর সেটিকেই অনেকে ভুল করে রাজনৈতিক প্রতীক হিসেবে দেখছেন।

ধানুশকে ঘিরে চলমান রাজনৈতিক গুঞ্জন প্রসঙ্গে ক্ষমতাসীন দল ডিএমকেরও প্রতিক্রিয়া এসেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘যে কেউ রাজনীতিতে আসতে চাইলে আমরা তাঁকে স্বাগত জানাই। গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই অংশ নিতে পারেন।’

তবে সব জল্পনার মাঝেও ধানুশের পক্ষ থেকে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত তাঁর মূল মনোযোগ রয়েছে অভিনয় ও নির্মাণকাজে।

শুটিং সেটে ভক্তের কাণ্ডে অস্বস্তিতে কাজল

বিনোদন ডেস্ক
শুটিং সেটে ভক্তের কাণ্ডে অস্বস্তিতে কাজল
সংগৃহীত ছবি

শুটিং সেটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। সম্প্রতি একটি সিনেমার শুটিং চলাকালে তার ব্যক্তিগত ক্যারাভানে বিনা অনুমতিতে ঢুকে পড়েন ইউনিটের এক সহকারী পরিচালক। 

পরে নিজের শরীরে করা কাজলের নামের ট্যাটু দেখাতে গিয়ে অভিনেত্রীকে চরম অস্বস্তি ও আতঙ্কের মধ্যে ফেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনার বিস্তারিত তুলে ধরেন কাজল। তিনি জানান, কয়েক দিন আগে একটি সিনেমার শুটিং শেষে নিজের ক্যারাভানে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় ইউনিটের একজন সহকারী পরিচালক দরজায় কড়া না নেড়েই হঠাৎ ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি নিজের শার্ট খুলে বুকে আঁকা কাজল আগারওয়ালের নামের ট্যাটু দেখান।

Kajal Aggarwal aces summer fashion in this printed dress | Fashion News -  The Indian Express

ঘটনাটি স্মরণ করে কাজল বলেন, ‘কয়েক দিন আগের কথা, একটি ছবির শুটিং শেষ করে আমি নিজের ক্যারাভানে বিশ্রাম নিচ্ছিলাম। ঠিক সেই সময় ছবিতে কর্মরত একজন সহকারী পরিচালক অনুমিত ছাড়া বা দরজায় কড়া না নেড়েই হঠাৎ আমার ক্যারাভানে ঢুকে পড়ে। সে ঢুকেই নিজের গায়ের শার্ট খুলে ফেলেন এবং তার বুকে আঁকা আমার নামের ট্যাটু দেখান। পুরো ঘটনায় আমি এতটাই স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে আমার হাত ও পা কাঁপতে শুরু করেছিল।’

অভিযুক্ত ব্যক্তি তার ভক্ত হলেও এমন আচরণকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন অভিনেত্রী।

ব্যক্তিগত পরিসর ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘একজন মানুষ আমাকে ভালোবেসে তার শরীরে আমার নাম ট্যাটু করিয়েছে—এ কথা ভেবে আমার ভালো লেগেছিল ঠিকই। কিন্তু একজন নারী যখন একা থাকেন, তখন কোনো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত কক্ষে প্রবেশ করা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ ও অনুচিত। কেউ যতই বড় ভক্ত হোক না কেন, এই ধরনের আচরণ কখনোই সমর্থনযোগ্য নয়। আমি তাকে সতর্ক করে জানাই যে এই কাজের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং তারপর তাকে সেখান থেকে বের করে দিই।’

২০০৪ সালে হিন্দি সিনেমা ‘কিউঁ! হো গায়া না...’-এর একটি পার্শ্বচরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় কাজল আগারওয়ালের। তবে ২০০৯ সালে এস এস রাজামৌলি পরিচালিত ‘মাগাধীরা’ তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। এরপর ‘ডার্লিং’, ‘বৃন্দাবনম’, ‘মি. পারফেক্ট’, ‘বিজনেসম্যান’, ‘নায়ক’, ‘বাদশাহ’, ‘ইয়েভাদু’ ও ‘টেম্পার’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।

বলিউডেও অজয় দেবগনের বিপরীতে ‘সিংহাম’ এবং ‘স্পেশাল ২৬’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

এদিকে কাজল আগারওয়ালের নতুন সিনেমা ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ গত ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

মুক্তি পেল আসিফের সিনেমার প্রথম গান | কালের কণ্ঠ