ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। দেশের জনগণ আবার যাতে বিএনপির প্রতি আস্থা রাখে এবং সেই আস্থার প্রতিদান দিতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে।
রবিবার (২৬ জুলাই) ডিএনসিসির ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজব্যবস্থার সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক জানান, গত কয়েক দিনের ভারি বর্ষণের কারণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তিনি নিজে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য সরেজমিনে পরিদর্শনে এসেছেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রশাসক বলেন, এখন কথা কম হবে এবং কাজ হবে বেশি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের মাধ্যমে এই এলাকার জনদুর্ভোগের কথা জানতে পেরেছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যকর পদক্ষেপ নেব।
পরিদর্শনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






