চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর স্থানান্তরের দাবিতে চলমান ৪৮ ঘণ্টার হরতাল প্রত্যাখ্যান করে আনন্দ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এদিন বিকেলে ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ জড়ো হয়। সেখান থেকে সরকারের উন্নয়নমুখী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কাজিরহাট বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হরিনাখুল এইচএফ কনভেনশন হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা জুনায়েদ বিন জালালের সভাপতিত্বে ও সংগঠক আজগর সালেহীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও ভূজপুর ইউপি চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার জনস্বার্থ বিবেচনা করেই নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণ করেছে। কিন্তু একটি পক্ষ অযৌক্তিক দাবি তুলে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করছে, যা সাধারণ মানুষ মেনে নেবে না। উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে আরো বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান শফিউল আলম নূরী, মাহবুবুল আলম আজাদ, জামাল উদ্দিন সিকদার, বিএনপি নেতা ওসমান চৌধুরী, ইয়াকুব শহিদ, ডা. আবুল কালাম রুবেল, জহির উদ্দিন বাবর, খোরশেদুল আলম আজাদ, এস এম নজরুল ইসলাম ও মাওলানা শামসুল আলম প্রমুখ।








