চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য চার হাজার ৫২৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশান-২ নম্বরে নগর ভবনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেট ছিল ছয় হাজার ৬৯ কোটি ৯৫ লাখ টাকা। চলতি অর্থবছরের মোট বাজেট ধরা হয়েছে চার হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকা; যা গত বছরের তুলনায় এক হাজার ৫৪২ কোটি টাকা কম।
বাজের ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসক শফিকুল ইসলাম খান বাজেটের আয়-ব্যয়ের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, নতুন অর্থবছরে প্রস্তাবিত বাজেট চার হাজার ৫২৭ কোটি টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি জমা ৬৬০ কোটি টাকা, রাজস্ব আয় দুই হাজার ৫৩১ কোটি টাকা, আবর্তক খাতে সাহায্য ও মঞ্জুরি ২১৫ কোটি টাকা, সরকারি উন্নয়ন অনুদান ১৫০ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আয় ৯৬৫ কোটি টাকা।
তিনি আরো বলেন, ব্যয়ের মধ্যে আছে—রাজস্ব ব্যয় এক হাজার ৭৭ কোটি টাকা, নিজস্ব উৎস থেকে উন্নয়ন ব্যয় এক হাজার ৯৬৬ কোটি টাকা, সরকারি উন্নয়ন সহায়তায় উন্নয়ন ব্যয় ৮৩ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে উন্নয়ন ব্যয় ৯৬৫ কোটি টাকা, অন্যান্য ব্যয় সাত কোটি টাকা এবং সমাপনী স্থিতি ৪২৭ কোটি টাকা।
নতুন বাজেটে রাজস্ব আয় দুই হাজার ৫৩১ কোটি টাকা ও নিজস্ব উৎস থেকে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯৬৬ কোটি টাকা বলেও তথ্য দেন প্রশাসক।






