• ই-পেপার

রাজধানীতে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী আটক

জলাবদ্ধতায় প্রগতি সরণিতে তীব্র যানজট, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
জলাবদ্ধতায় প্রগতি সরণিতে তীব্র যানজট, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
সংগৃহীত ছবি

রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়েছে। এতে এলাকাটিতে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

মঙ্গলবার (৭ জুলাই) ট্রাফিক গুলশান বিভাগ (ডিএমপি) এক ট্রাফিক আপডেটে জানিয়েছে, প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন চলাচল ধীরগতির হচ্ছে এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক গুলশান ডিভিশন (ডিএমপি)-এর ট্রাফিক সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সম্মানিত সড়ক ব্যবহারকারীদের ধৈর্য ধারণ এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

শিল্পপতি সেলিমা আহমাদের স্মরণে ‘উই সেলিমা’ ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
শিল্পপতি সেলিমা আহমাদের স্মরণে ‘উই সেলিমা’ ক্যাম্পেইনের উদ্বোধন

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদের স্মরণে ‘উই সেলিমা’ (ওম্যান এন্টারপ্রেনিউরস, স্কিলস, এমপ্লয়মেন্ট, লিডারশিপ, আইসিটি থ্রু মেন্টরশিপ অ্যান্ড অ্যাক্সিলারেশন) ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সংগঠনটির বর্তমান নেতারা ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নই প্রকৃত মুক্তির পথ’—এই দর্শন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর গুলশান ক্লাবে সেলিমা আহমাদের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া, স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে তার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তার জীবন, কর্ম ও নারী উদ্যোক্তা উন্নয়নে অবদানের ওপর নির্মিত ‘জার্নি অব সেলিমা আহমাদ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি তার স্মরণে একটি ডিজিটাল স্মারক ক্রেস্ট উন্মোচন করা হয়।

স্বাগত বক্তব্যে বিডব্লিউসিসিআইর সভাপতি সঙ্গীতা আহমেদ বলেন, সেলিমা আহমাদের দূরদর্শী নেতৃত্ব, নিরলস পরিশ্রম এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে তার আজীবনের অবদান সংগঠনটির পথচলার প্রেরণা হয়ে থাকবে। তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে বিডব্লিউসিসিআই কাজ করে যাবে বলেও তিনি অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বিডব্লিউসিসিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘উই সেলিমা’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মতলুব আহমাদ মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে বছরব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান, নেতৃত্ব বিকাশ, আইসিটি দক্ষতা, ব্যাবসায়িক সক্ষমতা বৃদ্ধি, মেন্টরশিপ, উদ্ভাবন ও বাজারসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে সেলিমা আহমাদের স্বামী ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মতলুব আহমাদ আবেগঘন বক্তব্যে তার প্রয়াত সহধর্মিণীর কর্মময় জীবন ও নারী উদ্যোক্তা গড়ে তোলার অবদানের কথা তুলে ধরেন। এ ছাড়া বিডব্লিউসিসিআইয়ের পরিচালক নুসরাত আমিন মির্জা ধন্যবাদ জানান। পরে উপস্থিত সবাই সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান ‘ধন ধান্য পুষ্প ভরা’ পরিবেশন করেন। অতিথিরা স্মৃতিচারণা বইয়ে সই, ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং সৌহার্দ্য বিনিময়ে অংশ নেন।

বিডব্লিউসিসিআইর পরিচালক রিদমা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন উন্নয়ন সহযোগী সরাসরি ও অনলাইনে যুক্ত হয়ে সেলিমা আহমাদের প্রতি শ্রদ্ধা জানান। ভিডিও ও লিখিত বার্তা পাঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু উইলসন, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, শ্রীলঙ্কা উইমেন চেম্বার অব কমার্সের চিত্রাঞ্জলি দিসানায়েকে এবং আইসিসি ওয়ার্ল্ড চেম্বার্স ফেডারেশনের চেয়ার মেরি-ক্রিস্টিন ওগলি। এ ছাড়া স্মৃতিচারণা করেন বিডব্লিউসিসিআইয়ের বোর্ড সদস্য তানিয়া করিম, সেলিনা কাদের, প্রীতি চক্রবর্তী, লিপি খন্দকার, শাহানা জেফরিন প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ জুন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমা আহমাদ মারা যান।

কালের কণ্ঠ পরিদর্শনে মালয়েশিয়ান হাইকমিশনার

অনলাইন ডেস্ক
কালের কণ্ঠ পরিদর্শনে মালয়েশিয়ান হাইকমিশনার

দৈনিক কালের কণ্ঠ পরিদর্শন করেছেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরায় পত্রিকাটির প্রধান কার্যালয়ে আসেন তিনি। 

এ সময় কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার, নির্বাহী সম্পাদক হায়দার আলী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সেখানে পত্রিকাটির ডিজিটাল ইনচার্জ রাজীবুল হাসানসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

পরে তিনি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ‘ফেস টু ফেস ডিপ্লোমেসি’ অনুষ্ঠানে অংশ নেন।

মোহাম্মদ শুহাদা ওসমান ২০২৪ সালের ৫ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

ডিএমপির ৬ ডিসিকে বদলি

অনলাইন ডেস্ক
ডিএমপির ৬ ডিসিকে বদলি

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে কর্মরত মো. আমীর খসরুকে বদলি করে ট্রাফিক-মতিঝিল বিভাগে পাঠানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী; তিনি ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে যোগ দেবেন।

অন্যদিকে, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তরা বিভাগে বদলি করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক-উত্তরা বিভাগে কর্মরত মো. আনোয়ার সাঈদকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে।

এ ছাড়া গোয়েন্দা-গুলশান বিভাগের মো. শাহরিয়ার আলীকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে পদায়ন করা হয়েছে। বদলি হওয়া অপর কর্মকর্তা মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।