• ই-পেপার

শান্তিপূর্ণভাবে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রবিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে হাতিরঝিল পুলিশ প্লাজার পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শেখ জায়েদ (২২)। আহত হয়েছেন মোটরসাইকেলচালক আল আমিন ভুবন (২১)।

পথচারীরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে জায়েদকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে উদ্ধারকারী পথচারী রবিন জানান, হাতিরঝিল পুলিশ প্লাজার পেছনের সড়কে একটি মোটরসাইকেলসহ দুজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আহত আল আমিন ভুবন জানান, মোটরসাইকেলটি তার নিজের। দুপুরে জায়েদকে নিয়ে তেল ভরাতে যাচ্ছিলেন তিনি। পুলিশ প্লাজার পেছনের সড়কে পৌঁছালে পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন।

নিহত জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাদের বাসা রামপুরা টিভি সেন্টার এলাকার মুক্তি মসজিদ গলিতে। তার বাবার নাম জামিল শেখ। দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিক্যালে এসে জায়েদের মরদেহ দেখতে পান তিনি।

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ডিএমপির ১৭৪৪ মামলা

নিজস্ব প্রতিবেদক
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ডিএমপির ১৭৪৪ মামলা
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৫০৪টি যানবাহন ডাম্পিং এবং ২৬৫টি যানবাহন রেকার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৮৬টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪৩টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯৫টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮৭টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৩৮২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫০টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৮৯টি মামলা দায়ের করা হয়।

অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না : ডিএনসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
দেশের ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না : ডিএনসিসি প্রশাসক
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না। দীর্ঘ ১৮ বছরের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে আশকোনা হাজী ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সব রাস্তার কাজ একসঙ্গে না ধরার আহবান করেন এবং ঠিকাদারদের রাস্তার উন্নয়নকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

উন্নয়নকাজ চলাকালে দুর্ভোগ কমাতে সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান উত্তরের প্রশাসক।

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) গোলাম কিবরিয়া। ছবি : সংগৃহীত

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) গোলাম কিবরিয়ার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্বপদে বহাল এবং বরখাস্তকালীন সময়ের সব আর্থিক সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই)  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হয়নি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে বহাল করা হয়েছে।

এর আগে গত ১ জুন স্থানীয় সরকার বিভাগ গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছিল। অভিযোগ তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে গোলাম কিবরিয়ার বরখাস্তকালীন সময়ের সব বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য আর্থিক সুবিধা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শান্তিপূর্ণভাবে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা | কালের কণ্ঠ