রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উড়াল সড়কে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরিবার বলছে, তিনি শরীয়তপুরে গ্রামের বাড়ি থেকে মায়ের সঙ্গে দেখা করে ঢাকার বাসায় ফেরার পথে নিহত হন।
নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৬০)। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় থাকতেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে সড়কে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে নিহত হন। তাকে কোনো গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেয় না অন্য কোনো কারণে তার মৃত্যু হয় তার তদন্ত চলছে।
আবুল কাসেমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাদিয়া আক্তার জানান, আমরা কয়েকজন বন্ধু বিকেলের দিকে মোটরসাইকেল নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে বের হই। মেয়র হানিফ উড়াল সড়কে পৌঁছে দেখতে পাই, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মাথায় গুরুতর জখম ছিল তার। পাশেই পড়ে ছিল তার মোটরসাইকেল। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে এসে নিহত আবুল কাশেমের নাতি সোয়াত বলেন, ‘বৃদ্ধা মাকে দেখতে আমার দাদা তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তিনি মারা যান। আমার দাদা দুই সন্তানের জনক ছিলেন। শেওড়াপাড়ায় তার নির্মাণ সামগ্রীর ব্যবসা রয়েছে।
ঢাকা মেডিক্যাল হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা রয়েছে।




