• ই-পেপার

কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নেত্রকোনায় লাশ দাফন শেষে ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
নেত্রকোনায় লাশ দাফন শেষে ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০
ছবি : কালের কণ্ঠ

নেত্রকোনার মদনে লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

​রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে।

​সংবাদ পেয়ে মদন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে এমদাদুল (৩৭), সাইফুল ইসলাম (৩০), সজীব মিয়া (২৫), প্রান্ত (৩০), আবুল কাশেম (৩৮), মুনায়েম (৩০), রামিন (১৩), সিফাত (১৫), রোশনারা আক্তার (৩৫), রাকিবা আক্তার (৪০) এবং নুরজাহান আক্তারকে (৮০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​অন্যান্য আহতদের স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাশাপাশি পার্শ্ববর্তী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে ফারুক মেম্বারের খালাতো ভাই জামাল অটোরিকশা নিয়ে আলমশ্রী বাজারের দিকে যাওয়ার সময় কামরুল ও বেবুল মেম্বারের লোকজন তার গতি রোধ করে। ওই সময় ফারুক মেম্বারের মামাতো ভাই হৃদয় বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। এরপর থেকেই ফারুক মেম্বারের লোকজনের বাজারে যাতায়াত বন্ধ ছিল। স্থানীয় মাতব্বররা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

​এরই মাঝে গত শুক্রবার ফারুক মেম্বারের এক ভাতিজা ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। রবিবার সকালে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন শেষে ফেরার পথে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।  

​সাবেক ইউপি সদস্য বেবুল মিয়া বলেন, ‘ফারুক বর্তমান মেম্বার হওয়ার পর থেকে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে চান। কেউ যেন ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী না হয়, সেজন্য তিনি লোকজনকে মারধর করেন। আজ তারা লাশ দাফন শেষে রাস্তায় অবস্থান করছিল। আমাদের পক্ষের সাত্তার হাওরে যাওয়ার সময় তাকে রাস্তায় আটকে দেওয়া হলে সংঘর্ষের সূত্রপাত হয়।’

​বর্তমান মেম্বার ফারুক মিয়া বলেন, ‘এটি মূলত পূর্বপরিকল্পিত একটি অজুহাত। আমাদের বাড়ির সামনে ‘আশারবান’ নামে একটি হাওর রয়েছে, যেখানে প্রতি বছর কোটি টাকার মাছ বেচাকেনা হয়। আমাদের মারধর করে গ্রাম ছাড়া করতে পারলে তারা হাওরটি দখল করে মোটা অঙ্কের টাকা আয় করতে পারবে—এটাই মূল উদ্দেশ্য।’

​মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আলমশ্রী গ্রামে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণভোটের রায় না মানলে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হবে : নাসিরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
গণভোটের রায় না মানলে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হবে : নাসিরুদ্দীন পাটওয়ারী
ছবি : কালের কণ্ঠ

গণভোটের রায় না মানলে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘গণভোটে গৃহীত সংস্কার প্রস্তাব কোনো রাজনৈতিক দল বা সরকার বাস্তবায়ন না করলে জনগণই তাদের ক্ষমতাচ্যুত করবে।’

রবিবার (২৬ জুলাই) বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি। এনসিপির তারাকান্দা উপজেলা শাখা এ পথসভার আয়োজন করে।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র সংস্কার এখন সময়ের দাবি। জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত হবে, তা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না। জনগণের রায়ের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেন তিনি।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি, দখলদারত্ব ও দলীয়করণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তরুণদের নেতৃত্বেই রাষ্ট্র সংস্কারের আন্দোলন সফল হবে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মোজাহিদ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে এনসিপি কাজ করছে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে জনগণই।

তারাকান্দা উপজেলা এনসিপির সমন্বয়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় জেলা ও উপজেলা এনসিপি, যুবশক্তি এবং ছাত্রশক্তির নেতৃবৃন্দ বক্তব্য দেন। 

গ্যারেজে হঠাৎ আগুন, পুড়ল অর্ধশতাধিক অটোরিকশা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
গ্যারেজে হঠাৎ আগুন, পুড়ল অর্ধশতাধিক অটোরিকশা
সংগৃহীত ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় একটি গ্যারেজে আগুনে লেগে প্রায় অর্ধশতাধিক আটোরিকশা পুড়ে গেছে। রবিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে ওই এলাকার বাবুবাজার ব্রিজের নিচে গড়ে ওঠা গ্যারেজে এ ঘটনা ঘটে।  

গ্যারেজে দুপুরের খাবার খেতে আসা ড্রাইভাররা জানান, তারা গাড়ি বন্ধ করে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ২-৩ মিনিটের মধ্যে আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চালক ও মালিকরা জানান, অনেকেই ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলেন। এসব অটোরিকশাই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে সব পুড়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

ক্ষতিগ্রস্ত এক রিকশাচালক বলেন, গ্রাম থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলাম। এই গাড়ি চালিয়েই ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ ও সংসার চালাতাম। দুপুরে গ্যারেজে গাড়ি চার্জ দিয়ে খাবার খেতে গিয়েছিলাম। এসে দেখি সব পুড়ে গেছে। এখন ঋণের টাকা কিভাবে শোধ করব, সেটাই বুঝতে পারছি না। 

রিকশাচালক মিলন জানান, দুপুরে আমরা কয়েকজন খেতে আইছিলাম। এমন সময় গ্যারেজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা চমকে যাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। তখন আমরা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে গ্যারেজ থেকে বের হয়ে যাই।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গ্যারেজটিতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ছিল। এ ছাড়াও অগ্নিনির্বাপণের তেমন কোনো ব্যবস্থা ছিল না। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো যাবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ জানান, ফায়ার সার্ভিস ও প্রশাসনের পৃথক তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর থেকেই গ্যারেজের ম্যানেজার বাদশা ও ইনচার্জ দুলাল পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

আ. লীগের পথে হাঁটলে মানুষ আমাদের বিশ্বাস করবে না : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
আ. লীগের পথে হাঁটলে মানুষ আমাদের বিশ্বাস করবে না : পানিসম্পদ মন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

আওয়ামী লীগের শাসনামলের ধারাবাহিকতা অনুসরণ করলে মানুষ বিএনপিকে বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘পার্লামেন্টে বক্তব্যটা দায়িত্বশীল আকারে দেওয়া দরকার। সেটা প্রত্যেক সংসদ সদস্যই গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেশের প্রয়োজনে এবং জনসাধারণের প্রয়োজনের সেখানে আপনার বক্তব্যটা দিতে হবে। প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের বিভিন্ন এলাকায় সভা করেন। ম্যাচিউরড ও দেশপ্রেম নিয়ে যে কথাগুলো তুলে ধরা দরকার, তুলে আনা প্রয়োজন, তা তাদের সভায় উঠে আসছে না।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী এবং এনসিপির রাজনীতি থেকে দেশ কী পাবে, তারা কী দিচ্ছে কিংবা জনগণ কী আশা করতে পারে—এ বিষয়টি নবীন ও প্রবীণ সবাই বোঝেন। রাজনীতির সঙ্গে দেশপ্রেম, সমাজ ও দেশের ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত চিন্তা এবং তা বাস্তবায়নের লক্ষ্য থাকা উচিত। সেখান থেকেই সেবা, সম্মান, শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।’

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগের শাসন দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এখন তাদের নিয়ে আলাদা করে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। আমরা আমাদের নেতাকর্মীদের বারবার স্মরণ করিয়ে দিই, আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, চাকরি দেওয়া থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড—সেই একই পথে আমরা হাঁটলে মানুষ আমাদের কখনো বিশ্বাসের জায়গায় রাখবে না। জবাবদিহিতার ক্ষেত্রেও আমরা পিছিয়ে পড়ব।’

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, ‘আমরা মনে করছি যুদ্ধ করতে করতে ব্যর্থ হচ্ছি, আর কত নিজেকে বিলিয়ে দিব? কিন্তু একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো পরাজিত হতে পারেন না, পিছপা হতে পারেন না। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ও নবীন আইনজীবীদের পিছপা হওয়ার সুযোগ নেই।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ অন্যান্য নেতারা।