রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ জুলাই) বিকেলে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চারজনকে আটক করে আমাদের হেফাজতে নিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন শরীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) ও মো. জুয়েল (২২)।
গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন এসআই ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে বাজার করে ফেরার পথে পেছন থেকে একজন ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধরার চেষ্টা করলেও পারেননি। ঘটনার পর ওসমান গনি নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। ওই মামলায় তাদের আজ এসআই মোহাম্মদ ফেরদাউস জামান ও এসআই মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।







