• ই-পেপার

বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান বেবিচকের

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার সম্পন্ন
বিএনপির স্থায়ী কমিটির প্রবীন সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির প্রবীন সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন। শনিবার (২৫ জুলাই) এই অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর।

তিনি বলেন, ‘তার খাদ্যনালীতে একটি অস্ত্রোপচার সফলভাবে সস্পন্ন করেছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। তিনি লাইফ সাপোর্টেই আছেন। তার সংকট এখনো কাটেনি।’

তিনি আরো বলেন, ‘চিকিৎসকদের ৭২ ঘণ্টার অবজারভেশনে আছেন তিনি। তারা বলেছেন, এখনই কিছু বলা যাবে না, অপেক্ষা করতে হবে।’

আবীর বলেন, ‘তার দুই ছেলেই বিদেশে থেকে দেশে এসেছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান সার্বক্ষনিক তার চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং খোঁজখবর রাখছেন।’

এর আগে গত ২১ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ২৩ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ও অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

অনলাইন ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন
সংগৃহীত ছবি

সদ্যোবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের এই সময়টুকু সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ী করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি।’

আজ রবিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রপতি পদত্যাগের পর তার বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন জামায়াত-এনসিপি নেতারা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার (রাষ্ট্রপতির) বিরুদ্ধে মামলা করা যায় না।’

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ পাবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিধি অনুযায়ী তিনি (সদ্যোবিদায়ি রাষ্ট্রপতি) সব সুযোগ পাবেন। প্রটেকশনের ৬ মাসের বিধান আছে, এ ছাড়া পুলিশ এবং অন্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২৪ জুলাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক
সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
প্রতীকী ছবি

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আজ সোমবার দেশের সমুদ্রবন্দরসমূহের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরেক বুলেটিনে জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
সংগৃহীত ছবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ঘিরে জিয়া উদ্যানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে উপস্থিতি থাকতে দেখা যায়।

এর আগে, আজ বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব নেওয়ার পর তিনি জানান, রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে অফিস করলেও তিনি সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনেই অবস্থান করবেন।