• ই-পেপার

সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার সম্পন্ন
বিএনপির স্থায়ী কমিটির প্রবীন সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির প্রবীন সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন। শনিবার (২৫ জুলাই) এই অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর।

তিনি বলেন, ‘তার খাদ্যনালীতে একটি অস্ত্রোপচার সফলভাবে সস্পন্ন করেছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। তিনি লাইফ সাপোর্টেই আছেন। তার সংকট এখনো কাটেনি।’

তিনি আরো বলেন, ‘চিকিৎসকদের ৭২ ঘণ্টার অবজারভেশনে আছেন তিনি। তারা বলেছেন, এখনই কিছু বলা যাবে না, অপেক্ষা করতে হবে।’

আবীর বলেন, ‘তার দুই ছেলেই বিদেশে থেকে দেশে এসেছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান সার্বক্ষনিক তার চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং খোঁজখবর রাখছেন।’

এর আগে গত ২১ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ২৩ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ও অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

অনলাইন ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন
সংগৃহীত ছবি

সদ্যোবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের এই সময়টুকু সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ী করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি।’

আজ রবিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রপতি পদত্যাগের পর তার বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন জামায়াত-এনসিপি নেতারা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার (রাষ্ট্রপতির) বিরুদ্ধে মামলা করা যায় না।’

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ পাবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিধি অনুযায়ী তিনি (সদ্যোবিদায়ি রাষ্ট্রপতি) সব সুযোগ পাবেন। প্রটেকশনের ৬ মাসের বিধান আছে, এ ছাড়া পুলিশ এবং অন্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২৪ জুলাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান বেবিচকের

অনলাইন ডেস্ক
বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান বেবিচকের
সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে অসম্পূর্ণ ও প্রেক্ষাপটবিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সংস্থাটির মতে, বস্তুনিষ্ঠতাহীন এসব তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে। একই সঙ্গে আগামী বছরের পরিবর্তে চলতি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনালটির বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করা হয়েছে।

আজ রবিবার (২৬ জুলাই) বেবিচকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে থার্ড টার্মিনাল প্রকল্পের মোট ব্যয়, ভেরিয়েশন কার্যক্রম, চুক্তি বাস্তবায়ন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। তবে বেশ কয়েকটি প্রতিবেদনে প্রকল্পের প্রকৃত বাস্তব অবস্থা, অনুমোদিত নথি, চুক্তির শর্তাবলী এবং বাস্তবায়নের পদ্ধতি না বুঝে আংশিক ও অসম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

বেবিচক জানায়, থার্ড টার্মিনালের মূল অবকাঠামোগত নির্মাণকাজ প্রায় দুই বছর আগেই শেষ হয়েছে। তবে আন্তর্জাতিক মান অনুযায়ী অপারেশনাল রেডিনেস, জটিল কারিগরি ও পরিচালনাগত কাজ সম্পন্ন করা এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয়ের জন্য বাড়তি সময় লেগেছে।

বেবিচক আরো জানায়, বর্তমানে চূড়ান্ত ধাপের কাজগুলো দ্রুতগতিতে এগোচ্ছে এবং নির্ধারিত ডিসেম্বরের মধ্যেই এটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য স্থির রয়েছে।

সংস্থাটির মতে, দেশের অন্যতম বৃহৎ এই মেগাপ্রকল্পের বিষয়ে তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা হলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। একই সঙ্গে এটি বৈশ্বিক অংশীদারদের আস্থা ক্ষুণ্ণ করা ছাড়াও নির্ধারিত সময়ে টার্মিনাল চালু করার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। যার চূড়ান্ত নেতিবাচক প্রভাব পড়বে রাষ্ট্রীয় রাজস্ব আহরণ এবং সামগ্রিক অ্যাভিয়েশন খাতের ওপর।

বিজ্ঞপ্তিতে বেবিচক স্পষ্ট করে যে, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা জনস্বার্থ রক্ষার অন্যতম প্রধান শর্ত। তাই এ সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন পরিবেশনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দেশের প্রধান অ্যাভিয়েশন হাবকেন্দ্রিক যেকোনো গুজব ও অপপ্রচার রুখতে সংশ্লিষ্ট সবার সচেতন সহযোগিতা কামনা করেছে বেবিচক।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
সংগৃহীত ছবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ঘিরে জিয়া উদ্যানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে উপস্থিতি থাকতে দেখা যায়।

এর আগে, আজ বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব নেওয়ার পর তিনি জানান, রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে অফিস করলেও তিনি সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনেই অবস্থান করবেন।