• ই-পেপার

চট্টগ্রামে শিশু বর্ষা হত্যা : ৩ বছর পর চার্জ গঠন, বিচার শুরু

শ্রমিক সংকটের কারণে দুশ্চিন্তায় কেন্দুয়ার পাট চাষিরা

ফলন বিপর্যয়ের আশঙ্কা

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
শ্রমিক সংকটের কারণে দুশ্চিন্তায় কেন্দুয়ার পাট চাষিরা
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা একটি কৃষিনির্ভর উপজেলা। এ উপজেলায় প্রায় সব ধরনের কৃষিপণ্য উৎপাদন হয়ে থাকে। কিন্তু শ্রমিক সংকট ও শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির কারণে চাষিরা ক্ষেতের পাট কাটা ও জাগ দিতে পারছেন না। ফলে পাটের  ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার প্রধান অর্থকরী ফসলের মধ্যে পাট অন্যতম। ধান কাটা মৌসুম হওয়ায় শ্রমিক সংকট ও অর্থাভাব দেখা দিয়েছে। এখন আগের মত শ্রমিক পাওয়া যায় না। এ ছাড়া উপজেলা থেকে এই মৌসুমে শ্রমিকরা অন্য জেলায় চলে যাওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় পাট চাষিরা।

গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভাটি অঞ্চলের গ্রামগঞ্জে পাট কাটা, জাগ দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

উপজেলার চিরাং ইউনিয়নের পাট চাষি রেজাউল করিম জানান, গত বছরের চেয়ে এ বছর নদী-নালা খাল-বিলে পানি  থাকায় পাট জাগ দিতে কৃষকদের সুবিধা  হচ্ছে, এ বছর পাটের ফলন ভালো হয়েছে। তবে এলাকায় শ্রমিক সংকটের কারণে পাট কাটা ও জাগ দিতে সমস্যা হচ্ছে। অনেকে সময় নিজেই পাট কাটা ও জাগ দেওয়ার কাজ করছি। কিন্তু শ্রমিক 
ছাড়াতো একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়।

উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের কৃষক রাসেল মিল্কি বলেন, এবার দেশি জাতের পাটের সঙ্গে অন্য জাতের পাটের ফলনও ভালো হয়েছে। এখন কেটে জাগ দিয়ে শুকাতে হবে। বাজার ধর ভালো হলে এ বছর চাষিরা লাভবান হবেন।তবে শ্রমিকদের দৈনিক মজুরি ১ হাজার টাকা হওয়ায় পাট কাটা নিয়ে চিন্তিত চাষিরা।

আরেক কৃষক আজহারুল মিয়া জানান, এক বিঘা জমিতে পাট চাষে খরচ হয় ৮ হাজার থেকে ১০ হাজার টাকা। ফলন ভাল হলে এক বিঘা জমিতে ১২ থেকে ১৫ মণ পাট পাওয়া যায়। দাম বেশি হলে লাভ ও বেশি হয়। বর্তমানে বাজারে ভাল মানের পাটের দাম  প্রতি মন ৩ হাজার থেকে ৪ হাজার টাকা রয়েছে। তবে শ্রমিক সংকট ও দৈনিক মজুরি বৃদ্ধির কারণে আমরা লাভের মুখ দেখতে পারব কি না সন্দেহ আছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর পাট চাষে লক্ষ্যমাত্রা ছিল ৫৫০ হেক্টর, তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে ৫৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। প্রণোদনা হিসাবে ৮০ জন কৃষককে ২ কেজি করে পাট বীজ ও ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার দেয়া হয়েছে। তাছাড়া পাট মন্ত্রণালয়ের অধীনে ৮০ জন কৃষককে ২ কেজি করে পাট বীজ সহায়তা দেয়া হয়েছে।

উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ উজ্জ্বল সাহা বলেছেন, এবছর বৃষ্টিপাত বেশি হওয়াতে  পাটের ফলন ভালো হয়েছে। শ্রমিক সংকট ও শ্রমিকের দৈনিক মজুরি নিয়ে কিছুটা সমস্যাতো আছে।আশা করি তা শীঘ্রই সমাধান হয়ে যাবে।

তিনি আরো বলেছেন, ‘চাষিরা যেন পাট পাকাপোক্ত করে কাটে এবং ভালো করে যেন জাগ দেয় তাহলে আঁশ ভালো থাকবে দর বেশি পাবে। আমাদের উপসকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

নারায়ণগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে এক হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ফতুল্লার মাসদাইর এলাকার বাড়ৈইভোগ খানকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তাররা হলেন মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) এবং মো. রাকিবুল ইসলাম অপু (২৫)। প্রাথমিক যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে মাসদাইরের বাড়ৈইভোগ খানকার মোড় এলাকায় মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।’

কুমিল্লা সীমান্তে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংগৃহীত ছবি

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহনও জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা-১০ বিজিবির আওতাধীন ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপি পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ অভ্যন্তরে পৈথরা এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কুমিল্লা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

প্রতারণা মামলায় সেই হরিদাস কারাগারে

নিজস্ব প্রতিবেদক ও ময়মনসিংহ প্রতিনিধি
প্রতারণা মামলায় সেই হরিদাস কারাগারে
ছবি: কালের কণ্ঠ

প্রতারণার মামলায় হরিদাস চন্দ্র তরণীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) বিচারক শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) পিপি মো. আনোয়ার আজিজ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা জেলার একটি মামলায় হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ফুলবাড়িয়া থানা পুলিশ একটি প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানায় ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ (অর্থ ও ঋণ) আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ জুলাই) তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে তোলা হয়।

টুটুল আরো বলেন, তার বিরুদ্ধে কোতোয়ালি সিআর মামলা নম্বর ১৪৯১/২০১২ সাল এনআইএক্ট ১৩৮ ধারা এই মামলার করা হয়। পরে আদালত মামলা হিসেবে গ্রহণ করে এবং ৩২১৮-২০২৩ বিচারকার্য সমাপ্ত করে। ওই মামলায় হরিদাস চন্দ্র তরণীর এক বছর সাজার রায় হয়। কিন্তু হরিদাস চন্দ্র তরণী পলাতক ছিল। সম্প্রতি অন্য মামলায় হরিদাস চন্দ্র তরণীকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়। সেই মামলা থেকে একটি সিআর মামলা সাজাপ্রাপ্ত আসামি হিসাবে সেখান থেকে নিয়ে এসে ময়মনসিংহ আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের বৃহত্তম ৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ স্থাপনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হরিদাস। তবে ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে জুনের শেষভাগে এই মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয় স্থানীয় ‘শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির’ কমিটি। 

এদিকে গত ১২ জুলাই রাতে সিআইডি অর্থ পাচার মামলায় তাকে গ্রেপ্তার করে। তার ব্যাংক হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। ৪ দিনের রিমান্ড শেষে তাকে ১৬ জুলাই কারাগারে পাঠানো হয়।