• ই-পেপার

কুমিল্লা সীমান্তে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

বানারীপাড়ায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের জেল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের জেল

বরিশালের বানারীপাড়ায় ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানে মাদকসেবী রমজান মাতুব্বর ওরফে আকিবকে আটক করে উপ-পরিদর্শক আরাফাত রহমান হাসান ও তার সঙ্গীয় ফোর্স। রমজান মাতুব্বর ওরফে আকিব বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মৃত ফজলুল হক মাতুব্বরের ছেলে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বাইশারী ইউনিয়নের গরদ্দার নামক এলাকা থেকে চার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

পরে দণ্ডপ্রাপ্ত রমজান মাতুব্বর ওরফে আকিবকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো করা হয়।

গুজবে তেল কিনতে হুড়োহুড়ি, রাজশাহীতে পেট্রল পাম্পে দীর্ঘ লাইন

মাল্টিমিডিয়া রিপোর্টার, রাজশাহী
গুজবে তেল কিনতে হুড়োহুড়ি, রাজশাহীতে পেট্রল পাম্পে দীর্ঘ লাইন
ছবি : কালের কণ্ঠ

সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর রাজশাহীর বিভিন্ন পেট্রল পাম্পে মোটরসাইকেল চালকদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার পর থেকে নগরীর অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যায় চালকদের। তবে তেলের প্রকৃত কোনো সংকট নেই বলে জানিয়েছে পাম্প মালিক সমিতি ও জেলা প্রশাসন।

বিভিন্ন পেট্রল পাম্পে দেখা যায়, প্রতিদিনের তুলনায় কয়েকগুণ বেশি মোটরসাইকেল চালক তেল নিতে এসেছেন। এতে অনেক পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে গ্রাহকদের।

লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন মোটরসাইকেল চালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে এমন তথ্য ছড়িয়ে পড়ার পরই তারা তেল নিতে আসেন। তবে পাম্পে এসে দীর্ঘ লাইন দেখে অনেকেই বিষয়টিকে গুজব বলেই মনে করছেন।

তাদের ভাষ্য, প্রতিদিনের মতো অল্প পরিমাণ তেল নেওয়ার উদ্দেশেই তারা এসেছিলেন, কিন্তু অস্বাভাবিক ভিড়ের কারণে পরিস্থিতি ভিন্ন হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি মমিনুল হক বলেন, রাত ৮টার পর হঠাৎ করেই সব পাম্পে গ্রাহকের চাপ বেড়ে যায়। তবে রাজশাহীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ হচ্ছে। আজও আমাদের পাম্পে তেলের ট্যাংকার এসেছে।

এদিকে পরিস্থিতি নিয়ে জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। তাই কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসন আরো জানায়, প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করে স্বাভাবিক বাজারব্যবস্থা বজায় রাখতে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি কিংবা মজুদদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ পরিস্থিতিতে প্রশাসন ও সংশ্লিষ্টরা সবাইকে গুজবে কান না দিয়ে শুধু প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কিনতে আহ্বান জানিয়েছেন।

মাদারীপুরে যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর মৃত্যু
সংগৃহীত ছবি

মাদারীপুরের ডাসার উপজেলায় যৌতুকের দাবিতে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে বিষপান করে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছে নিহতের পরিবার।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের আজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমি আক্তার মিম (২২) বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামের আলিম হাওলাদারের মেয়ে এবং ডাসার উপজেলার আজালিয়া গ্রামের ফরহাদ আকনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মিমের স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা বিভিন্ন সময় তার বাবার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করতেন। অভিযোগ রয়েছে, স্বামীর বিদেশযাত্রার সময় নেওয়া ঋণ পরিশোধের জন্য ওই টাকা চাওয়া হতো। টাকা দিতে না পারায় মিমকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

আজ মঙ্গলবার দুপুরে যৌতুকের টাকা নিয়ে আবারও পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে মিম ঘরে থাকা বিষাক্ত কেমিক্যাল পান করেন বলে জানা গেছে। পরে তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলিম হাওলাদার বলেন, আমার মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হয়েছে। বিদেশে যাওয়ার জন্য করা ঋণের টাকা শোধ করতে আমার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে না পারায় মেয়ের ওপর অত্যাচার চালানো হতো। মঙ্গলবার অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি আমার মেয়ে আর বেঁচে নেই। আমরা এ ঘটনার বিচার চাই।

নিহতের বড় বোন নাজনীন আক্তার বলেন, আমার বোনের ওপর দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করত। সেই নির্যাতন সহ্য করতে না পেরেই সে এমন পথ বেছে নিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রিয়াজ মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
যুবলীগ নেতা নাঈম খান। সংগৃহীত ছবি

মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র জানা যায়, সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে নাঈম খান নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাঈম খানের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।