কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহনও জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা-১০ বিজিবির আওতাধীন ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপি পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ অভ্যন্তরে পৈথরা এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।
কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কুমিল্লা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’





