• ই-পেপার

নান্দাইল

তিন মাসেও সরেনি বিদ্যালয় ভবনে উপড়ে পড়া গাছ

  • ঝুঁকি নিয়ে পাঠদান
  • দ্রুত পদক্ষেপ দাবি

‘পারিবারিক কলহে’ গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি
‘পারিবারিক কলহে’ গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
ছবি : কালের কণ্ঠ

নাটোরের সিংড়া উপজেলায় ‘পারিবারিক কলহের জেরে’ বুলবুলি খাতুন নামের সাত মাসের গর্ভবতী এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত বুলবুলি খাতুন ও আব্দুল্লাহ দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো. আব্দুল্লাহকে আটক করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।’

সুনামগঞ্জ

নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন, ৩৬ জনের বিরুদ্ধে মামলা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন, ৩৬ জনের বিরুদ্ধে মামলা
ছবি : কালের কণ্ঠ

সুনামগঞ্জের ছাতকে চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে ছাতক থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর, আলমপুর ও কাজিরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

পরিবেশ অধিদপ্তরের দাবি, গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হয়েছে। এতে নদীর তীর, পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ঙ), ১২ ও ১৫(১) অনুযায়ী মামলা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতে অভিযোগপত্র দাখিলসহ পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের করা মামলাটি থানায় রুজু করা হয়েছে। মামলাটির তদন্ত করবে পরিবেশ অধিদপ্তর। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

সিংগাইর-হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
ছবি: কালের কণ্ঠ

মানিকঞ্জের সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক ফরহাদ হোসেন (৫০) ও যাত্রী মো. মহরম বেপারি (৪০)। সিএনজিচালক ফরহাদ মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে আর যাত্রী মহরম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের জামশেদ বেপারির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে হেমায়েতপুর থেকে একটি সিএনজি যাত্রী বোঝাই করে (ঢাকা মেট্রো-৩০৩০২৭) সিংগাইরের উদ্দেশে রওয়ানা হয়। মেদুলিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ন-১১-১০৬৬) সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রী মহরম বেপারি ঘটনাস্থলে নিহত হন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালক ফরহাদ হোসেন মারা যান। এ ছাড়া এ ঘটনায় সিএনজিতে থাকা আরো দুজন যাত্রী গুরুতর আহত হন।

সিংগাইর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে নিহত ২ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আখাউড়া

সীমান্তের বানর ঢুকছে লোকালয়ে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সীমান্তের বানর ঢুকছে লোকালয়ে
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে বেশকিছু বানর চোখে পড়ছে। ধারণা করা হচ্ছে, সীমান্তঘেঁষা ভারতের বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে এসব বানর লোকালয়ে ঢুকে পড়ছে।

স্থানীয়রা জানায়, বানরগুলো দিনের বেলায় এক গাছ থেকে আরেক গাছে চড়ে বেড়ায়। কখনো বাড়ির টিনের চালে উঠে পড়ে, আবার সুযোগ পেলে ঘরে ঢুকে খাবারও নিয়ে যায়। শিশুদের ধাওয়া খেলে দ্রুত গাছে উঠে যায়। পরে লোকজন সরে গেলে আবার নিচে নেমে আসে। 

স্থানীয়রা আরো জানায়, আশপাশের গাছের ফলও খেতে দেখা যাচ্ছে। এ নিয়ে ছোটদের মাঝে কৌতূহল দেখা দিলেও বড়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণীগুলো যে কোনো সময় হামলা করতে পারে বলে আশঙ্কা তাদের।

আখাউড়া পৌর যুবদলের সদস্যসচিব ও দেবগ্রামে বাসিন্দা মো. হুমায়ুন রহমান নয়ন বলেন, ‘কয়েকদিন ধরে কিছু বানর এলাকায় দেখা যাচ্ছে। কিছু সময় গাছ আর বাড়ির ছাদে ছোটাছুটি করে আবার কোথায় যেন চলে যায়। বড়রা কিছুটা বিরক্ত হলেও শিশুরা ব্যাপারটি বেশ উপভোগ করছে। ধারণা করছি খাবারের জন্য তারা বন থেকে লোকালয়ে চলে আসছে।’

বাউতলা গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, ‘টানা বৃষ্টির কারণে হয়তো ভারতের সীমান্তবর্তী বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে বানরগুলো এ পারে চলে এসেছে। খাবারের জন্য তারা লোকালয়ে ঘুরছে।’

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ‘বিষয়টি বন বিভাগের নজরে আনা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।’