• ই-পেপার

অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩

মাগুরায় নিখোঁজের ২ দিন পর মধুমতি নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি
মাগুরায় নিখোঁজের ২ দিন পর মধুমতি নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
স্কুলছাত্র ইয়াসিন মোল্লা।

মাগুরায় মধুমতি নদী থেকে নিখোঁজ স্কুলছাত্র ইয়াসিন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ইয়াসিনের লাশ উদ্ধার করেন মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা।  এর আগে গত রবিবার মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামে মধুমতি নদীর পানিতে ডুবে যায় ইয়াসিন মোল্লা (৯)।

ইয়াসিন মোল্লা মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শহর আলী মোল্লার ছেলে এবং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। ইয়াসিন আলী মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মাগুরা ফায়ার সার্ভিস এর সাব অফিসার জামাল উদ্দিন জানান, গত রবিবার বিকালে মধুমতি নদীর পাড়ে চাচার সঙ্গে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করার সময় পা পিছলে নদীতে পড়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এলাকাবাসীর খবরে মধুমতি নদীর বাগবাড়িয়া এলাকা থেকে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ নারীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ নারীর
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ছাদে ওঠার লোহার সিঁড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের মো. ভিখুর স্ত্রী হাসিনা বেগম (৫০), তাঁর ভাতিজি ও রাজশাহীর তানোর উপজেলার কচুয়া মোহনপুর গ্রামের এরশাদ আলীর মেয়ে মোসা. আশা (৩০) এবং হাসিনা বেগমের নাতনি বারঘরিয়া হাজিপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবুর মেয়ে শাহরিয়ার মিম (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠাল পাতা সিঁড়ির সঙ্গে বাঁধতে গিয়ে প্রথমে লোহার সিঁড়িতে হাত দেন হাসিনা বেগম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন নাতনি শাহরিয়ার মিম ও বেড়াতে আসা ভাতিজি আশা। একে একে তাঁরাও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বাড়ির কাপড় শুকানোর জন্য টাঙানো জিআই তারের একটি প্রান্ত ছাদে ওঠার লোহার সিঁড়ির সঙ্গে বাঁধা ছিল। বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে ওই জিআই তার বিদ্যুতায়িত হলে লোহার সিঁড়িতেও বিদ্যুৎ প্রবাহিত হয়। ফলে সিঁড়িতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরো জানান, পরিবারের আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

রাজবাড়ীতে উদ্বোধনের ৭ দিনের মাথায় ধসে পড়ল ড্রেন

জলাবদ্ধতায় বিপাকে শতাধিক কৃষক

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে উদ্বোধনের ৭ দিনের মাথায় ধসে পড়ল ড্রেন
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে উদ্বোধনের ৭ দিনের মাথায় ধসে পড়েছে ড্রেন।

দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাউরিয়া, বসুপাড়া ও ধেরওয়িল গ্রামে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ড্রেন উদ্বোধনের মাত্র ৭ দিনের মাথায় ধসে পড়েছে। এতে আবারও জলাবদ্ধতায় পড়ে বিপাকে পড়েছেন শত শত কৃষক। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ নির্মাণকাজের কারণেই ড্রেনটি এত দ্রুত ধসে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি বিশেষ কিস্তি) আওতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ড্রেনটি নির্মাণ করা হয়। প্রকল্পটির উদ্দেশ্য ছিল কাউরিয়া, বসুপাড়া ও ধেরওয়িল গ্রামের প্রায় ৫০০ বিঘা ফসলি জমির পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করা।

সরেজমিন দেখা যায়, ড্রেনটির একাধিক অংশ ধসে পড়েছে। কোথাও দেয়াল ভেঙে পাশের দিকে হেলে পড়েছে, আবার কোথাও বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। ড্রেনের মুখে পানি নিষ্কাশনের ব্যবস্থা ব্যাহত হওয়ায় বৃষ্টির পানি আটকে আশপাশের বিল ও কৃষিজমিতে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় রড ও পিলার ব্যবহার না করেই তড়িঘড়ি করে কাজ শেষ করায় সামান্য বৃষ্টির পানির চাপেই ড্রেনটি ধসে পড়ে।

কৃষক লুৎফর রহমান বলেন, ‘বিলের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হলেও মাত্র ৭ দিনের মধ্যেই সেটি ভেঙে গেছে। এখন জমিতে পানি জমে থাকায় চাষাবাদ করতে পারছি না।

আরেক কৃষক মোজাহার হোসেন বলেন, ‘এ এলাকার প্রায় ৫০০ বিঘা জমির পানি এই ড্রেন দিয়ে বের হওয়ার কথা ছিল। কিন্তু ড্রেন ভেঙে যাওয়ায় কৃষকরা আবারও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্মাণকাজে যুক্ত এক শ্রমিকের দাবি, কাজের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজেই উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন এবং তাঁর মালিকানাধীন ইটভাটার ইট ব্যবহার করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লা বলেন, ‘নির্মাণসামগ্রীর কোনো ঘাটতি ছিল না। মিস্ত্রির কাজের ত্রুটি থাকতে পারে। যেহেতু ড্রেনটি ভেঙে গেছে, দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।’

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, ‘ড্রেন ধসে পড়ার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে অনিয়ম বা অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ড্রেনটি পুনর্র্নিমাণ বা মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’

বগুড়া

খেলা শেষে ফুটবল ধুইতে পুকুরে ৩ শিশু, পানিতে ডুবে গেল সবার প্রাণ

বগুড়া প্রতিনিধি
খেলা শেষে ফুটবল ধুইতে পুকুরে ৩ শিশু, পানিতে ডুবে গেল সবার প্রাণ
সংগৃহীত ছবি

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হলো ভালতা গুচ্ছগ্রামের আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬) একই গ্রামের ফারুক মন্ডলের ছেলে ফাইম (৮) ও মেয়ে সুরাইয়া (৫)। ফাইম ও সুরাইয়া আপন ভাই-বোন।

স্থানীয়রা জানায়, সকালে খেলার পর ফুটবল ধোয়ার জন্য গুচ্ছগ্রামের পাশে একটি পুকুরে নামে শিশুরা। পরে দুপুর ১টার দিকে স্থানীয় এক নারী পুকুরের পানিতে জাকিরুলের লাশ ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয় বাসিন্দারা এসে জাকিরুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে ফাইম ও সুরাইয়া ঘরে না ফেরায় তাদের পরিবার স্থানীয় মিন্টু প্রামাণিক নামের এক ব্যক্তি পুকুরে নামতে বলেন। পরে পুকুর থেকে ফাইমের লাশ তুলে আনেন তিনি। তবে সুরাইয়ার সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই পুকুর থেকে শিশু সুরাইয়ার লাশ উদ্ধার করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।