লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে ৩৮ কার্টন নকল ঘি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ঘি উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার ও কারিগর জিল্লাল হোসেনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নান পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত জিল্লাল হোসেন সদর উপজেলার চররুহিতা গ্রামের বশির উল্যার ছেলে। তিনি তার ভাইয়ের মালিকানাধীন প্রতিষ্ঠানে মাসিক বেতনে ম্যানেজার ও কারিগর হিসেবে কর্মরত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ৫০ কার্টন ঘি সরবরাহের একটি অর্ডার পাওয়ার পর জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নিরাপদ খাদ্য বিভাগের সহযোগিতায় কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮ কার্টন নকল ঘি জব্দ করা হয়। প্রতিটি কার্টনে ৯০০ গ্রাম ওজনের ১২টি করে ঘির কৌটা ছিল। জব্দ করা সব নকল ঘি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতেই ধ্বংস করা হয়।
আদালতে জিল্লাল হোসেন স্বীকার করেন, তারা সয়াবিন তেল, ডালডা ও ঘির ফ্লেভার ব্যবহার করে নকল ঘি তৈরি করতেন। এসব ৯০০ গ্রাম ওজনের কৌটা প্রায় ১ হাজার ৪০০ টাকা দামে বাজারজাত করা হতো। তবে অভিযানের সময় কারখানায় সয়াবিন তেল পাওয়া যায়নি।
জেলা নিরাপদ খাদ্য বিভাগের পরিদর্শক সুমধু চক্রবর্তী বলেন, প্রতিষ্ঠানটি মার্জারিন ঘি উৎপাদনের অনুমোদন নিয়ে নকল ঘি তৈরি করছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এসব পণ্য উৎপাদন করা হচ্ছিল। প্রতিষ্ঠানটি বিসিকে ‘আবু তাহের ছানা কোম্পানি’ নামে প্লট বরাদ্দ নিলেও বর্তমানে ‘তাহের ফুড ইন্ডাস্ট্রিজ’ নামে কার্যক্রম পরিচালনা করছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ বলেন, ‘প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নান পলাতক রয়েছেন। তবে জিল্লাল হোসেন উৎপাদনসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করতেন। তাই নকল ঘি উৎপাদনের দায়ে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’




