• ই-পেপার

কিশোরকে পিটিয়ে ‘চুরির স্বীকারোক্তি’,  চুল কেটে ‘শাস্তি’

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

মোংলা প্রতিনিধি
মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফা আক্তার নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রচণ্ড জ্বর ও ডেঙ্গু উপসর্গ নিয়ে শনিবার দুপুরে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রাথমিক পরীক্ষায় শিশুটির ডেঙ্গু ধরা পড়ে। এদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাতে শিশু ইফা আক্তার মারা যায়।

ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের কন্যা।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, রবিবার সকালে নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো বলেন, গড়ে প্রতিদিন ৩ থেকে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে আসছে।

ভোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
ভোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ভোলার লালমোহন উপজেলায় আকবর হোসেন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকবর হোসেন খালপাড় এলাকার মো. হানিফ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, আকবর হোসেন দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও তিনি সুস্থ হচ্ছিলেন না। রবিবারও তিনি অসুস্থতার কথা জানান। পরে চিকিৎসকের কাছে যাওয়াকে কেন্দ্র করে তার স্ত্রী কুলসুমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী পাশের বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে ঘরের আড়ার সঙ্গে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে বাস্তবায়নও করতে পারে : ইলেন ভুট্টো

ঝালকাঠি প্রতিনিধি
যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে বাস্তবায়নও করতে পারে : ইলেন ভুট্টো
সংগৃহীত ছবি

ঝালকাঠির সদর উপজেলার চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খুরশিদ জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার মিনা, চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বাবুল এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা জজ আদালতের এপিপি মুন্সী রেজাউল হক আজিমসহ স্থানীয় আরো অনেকে।

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, আমাকে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, একটি শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার। তাই সন্তানের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মা-বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা শুধু ভালো ফলই করবে না, তারা আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠবে।

তিনি আরো বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে জানে, আর সেই স্বপ্ন বাস্তবায়নও করতে পারে’। আমাদের সন্তানদের বড় স্বপ্ন দেখতে শেখাতে হবে। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।

বিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরে এমপি ইলেন ভুট্টো বলেন, দীর্ঘদিনের পুরোনো ভবনের কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার মধ্যে পাঠদান করছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি আমলকী গাছের চারা রোপণ করেন।

বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল ২ স্কুল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল ২ স্কুল শিক্ষার্থীর
সংগৃহীত ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) উপজেলার খরকী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে যায়। দুপুরে বিদ্যালয় ছুটি হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাহিয়ানের বাবা জাহাঙ্গীর সরদার জানান, খেলাধুলার পর গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা পলাশ বলেন, দুই শিশু প্রতিদিন একসঙ্গে বিদ্যালয়ে যেত এবং একসঙ্গেই বাড়ি ফিরত। নির্ধারিত সময়ে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা এলাকাবাসীকে বিষয়টি জানান। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, ‘দুই শিক্ষার্থীই আজ বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তারা বাড়ি যাওয়ার কথা ছিল। তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্দ হয়ে গেছে। তারা দুজনই ভদ্র ও মিশুক স্বভাবের শিক্ষার্থী ছিল।’

ঘটনাট সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, বিদ্যালয় ছুটির পর দুই শিশু খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে নেমেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।