• ই-পেপার

কক্সবাজারে পাহাড়ধস ও পানিতে ডুবে ৭ শিশুসহ ৮ জনের মৃত্যু

  • ছড়ার স্রোতে ভেসে নিখোঁজ সজিবের লাশ উদ্ধার

বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া মিস্ত্রিপাড়া এলাকায় বাড়ির উঠানের পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মো. রাফি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বিকেল থেকে রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মাগরিবের আগে বাড়ির পাশের জমে থাকা পানিতে রাফির একটি জুতা ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে সেখানে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে রাফিকে উদ্ধার করা হয়।

গুরুতর অবস্থায় তাকে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 

শিক্ষার্থীকে দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন : সেই শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
শিক্ষার্থীকে দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন : সেই শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার
গ্রেপ্তার প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও শিক্ষার্থী মেহেদী হাসান (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়নের ঘটনায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার হাজী আমির উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া (৫৫) ও ওই শিক্ষার্থী মেহেদী হাসানকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) দুপুরে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এর আগে শনিবার (১১ জুলাই) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) পাপিয়া আক্তার দেবীদ্বার থানায় বাচ্চু মিয়া ও শিক্ষার্থী মেহেদী হাসানকে আসামি করে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০’-এর ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়।

রবিবার বিকেলে দেবীদ্বার থানায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহীন জানান, পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দেবীদ্বার থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং শিক্ষার্থী মেহেদী হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন অনুযায়ী পরীক্ষা-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অননুমোদিত ব্যক্তি এবং অপরাধে সহায়তাকারীদের শাস্তির বিধান রয়েছে। শিক্ষা ক্ষেত্রে অনিয়ম রোধে এ ঘটনা শিক্ষক সমাজের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হবে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনাটি খুবই দুঃখজনক এবং শিক্ষক সমাজের জন‍্য কলঙ্কজনক। যিনি এ গর্হিত কাজটি করেছেন তিনি তার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ জাতীয় কাজের যেন আর পুনরাবৃত্তি না ঘটে সে জন‍্য গোটা শিক্ষক সমাজের জন‍্য সতর্কতা মূলক ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০’ এর ধারা ১০, ১২ এবং ১৩ ধারায় ফৌজদারি আইনে এ মামলা রুজু করা হয়। যে মামলাটি বাংলাদেশে প্রথম। যদিও এ আইনটি আগেও ছিল কিন্তু কার্যকর হয়নি, বোর্ড কর্তৃপক্ষ তার নিজস্ব পাবলিক পরীক্ষার অপরাধ আইনে সাজা প্রদান করত।’

তিনি আরো জানান, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এক প্রেস ব্রিফিংয়ে সব শিক্ষা বোর্ড কর্মকর্তা এবং পরীক্ষকদের সতর্ক করে বলেছেন, ‘দেবীদ্বারে এক শিক্ষক তার খাতা দেখাচ্ছিলেন ছাত্রকে দিয়ে, গতকাল রাত ২টায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার মানে একটি অপকর্মও আমরা ছাড় দেব না। প্রত্যেকটি ঘটনা আমরা মনিটর করছি।’

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমাম হাসান বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার অভিযোগে বর্ণিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। রবিবার তাদের আদালতে পাঠানো হয়। এ মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

প্রসঙ্গত, গত ২৩ জুন হাজী আমির উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নম্বর দিতে দেখা যায়। আরেক শিক্ষার্থীর ধারণ করা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে শিক্ষা বোর্ড তদন্ত শেষে মামলা করলে শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে (১২ জুলাই) উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত কিশোরের নাম মো. হৃদয় (১৬)। সে উপজেলার বাড়বকুণ্ডের নতুন পাড়া গ্রামের আলমগীরের বড় ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১২টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে একটি পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় হৃদয়। কিন্তু এলাকার কেউ বিষয়টি জানত না। পরে বাড়ির লোকজন এসে তাকে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাকে না পেয়ে স্থানীয়রা পানিতে নেমে খুঁজতে থাকেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে থাকা অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি মৃগী রোগী ছিল। ধারণা করা হচ্ছে, পানিতে মৃগী রোগে আক্রান্ত হওয়ায় সে ডুবে মারা গেছে।

সিরাজগঞ্জে সম্ভাব্য বন্যায় ঝুঁকিপূর্ণ ৩১ ইউনিয়ন, মেডিক্যাল টিম গঠন

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে সম্ভাব্য বন্যায় ঝুঁকিপূর্ণ ৩১ ইউনিয়ন, মেডিক্যাল টিম গঠন
ফাইল ছবি

সিরাজগঞ্জে ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়নকে সম্ভাব্য বন্যার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি সম্ভাব্য বন্যায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মোট ৯৩টি মেডিক্যাল টিম গঠন করেছে বিভাগটি। 

রবিবার (১২ জুলাই) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন। 

তিনি বলেন, সম্ভাব্য বন্যার কথা চিন্তা করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ও সেবা নিশ্চিতে ৮৩টি ইউনিয়নে ৮৩টি, ৯টি উপজেলায় ৯টি এবং জেলায় ১টিসহ মোট ৯৩টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এ ছাড়া সব উপজেলায় জরুরি ওষুধ, স্যালাইন, সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনম, গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, পরিসংখ্যানবীদ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নাসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।