• ই-পেপার

ছাত্রকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন, ছাত্র-শিক্ষক গ্রেপ্তার

বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই গ্রামের উন্নয়ন করেছে : এমপি চাঁদ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই গ্রামের উন্নয়ন করেছে : এমপি চাঁদ
সংগৃহীত ছবি

বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই গ্রামের উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও চরের মানুষ নিরাপত্তায় বসবাস করার সুযোগ পায়নি।

রবিবার (১২ জুলাই) সকালে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চলে পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

আবু সাইদ চাঁদ বলেন, অতীতের ঘটনা ছাড়াও সাম্প্রতিক গোলাগুলি, ডাকাতি ও নাশকতার ঘটনায় চরাঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল। পুলিশ ফাঁড়ির স্থাপনের মাধ্যমে চরে কোনো সন্ত্রাসী, অস্ত্রবাজ, মাদক কারবারি, চাঁদাবাজ ও দখলবাজি থাকবে না। সকলের সহযোগিতায় চর হবে সন্ত্রাসমুক্ত, শান্তির আবাসভূমি। 

এই সংসদ সদস্য বলেন, এই অর্থবছরে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলে ব্রিজ নির্মাণ করা হবে। যাতে করে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হয়। আজকের পুলিশ ফাঁড়ি উদ্বোধনে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও পুলিশের উদ্বোধন কর্মকর্তারা শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য তারা এগিয়ে এসেছেন। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে কাউকে আর অতীতের মতো কষ্ট করতে হবে না। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী। তিনি বলেন, গত ২৭ মে এমপির সঙ্গে পরিদর্শনে এসে চরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মাসের মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দিয়েছিলাম। এটা বাস্তবায়ন করতে পেরে ভালো লাগছে। তবে আপনারা মতামত, জায়গা ও টাকা-পয়সা দিয়ে সহযোগিতা না করলে সরকারি বরাদ্দ নিয়ে এত তাড়াতাড়ি পুলিশ ফাঁড়ি নির্মাণ করা কষ্টকর হতো।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন, রাজশাহীর পুলিশ সুপার নাইমুল হাসান, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার, বাঘা থানার ওসি সেরাজুল হক প্রমুখ। 

প্রসঙ্গত, গত কয়েক মাসে রাজশাহীর বাঘা, কুষ্টিয়ার দৌলতপুর, পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুর সীমান্ত এলাকায় বিভিন্ন ঘটনায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ৭ জন নিহত হয়েছেন। গত ১৮ মে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে গোলাগুলির পর কালিদাসখালি গ্রামের সিদ্দিক ব্যাপারীর ছেলে নিখোঁজ স্বপন ব্যাপারীর সন্ধান এখনো পাওয়া যায়নি।  


 

‘কাঁচা মরিচের বাজারে বেজায় ঝাল’

রাজবাড়ী প্রতিনিধি
‘কাঁচা মরিচের বাজারে বেজায় ঝাল’
ছবি: কালের কণ্ঠ

‘কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি। চাষিরা ক্ষেত থেকে সময়মতো মরিচ তুলতে পারছে না। ফলে কাঁচা মরিচের বাজারে এখন বেজায় ঝাল। মরিচের সরবরাহ কম। এ কারণে দাম বাড়ছে।’

কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজ রবিবারও ভোর থেকে অঝোর ধারায় বৃষ্টি। এর মধ্যেই রাজবাড়ী শহরের বড় বাজারে গিয়ে কাঁচা মরিচের দাম জিজ্ঞেস করলে এ প্রতিবেদককে কথাগুলো বলেন ব্যবসায়ী ইমরুন হাসান। এরপর তিনি বলেন, গত তিন-চার দিন আগেও যে কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে,আজ (রবিবার) তা বেড়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ওই ব্যবসায়ীর তথ্যের সত্যতা মেলে বাজারের অন্য দোকান ঘুরে। সেসব দোকানিও জানান, গত দুই দিন ধরে কাঁচা মরিচের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির আগে ও বৃষ্টির শুরুতে প্রতিকেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে।

ক্রেতা মনিরা খাতুন, শাপলা আক্তার, কামরুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম বাড়ার মধ্যে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় তাদের ভোগান্তি আরো বেড়েছে।

অপর ব্যবসায়ী শফিকুল ইসলাম, আবুল কালামের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বাজারে সরবরাহ আরও কমে যেতে পারে। এতে কাঁচা মরিচের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

অনলাইন ডেস্ক
পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু
সংগৃহীত ছবি

টানা ভারি বৃষ্টিতে পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস সকাল ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। তবে এদিন ট্রেনে যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটক এক্সপ্রেসের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা থেকে নির্ধারিত অন্যান্য ট্রেনও একই রুটে যাত্রী পরিবহন করবে।

এর আগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। ওই সময় কক্সবাজারগামী একটি ট্রেন ষোলশহর-জানালীহাট স্টেশনের মধ্যে আটকা পড়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ রবিবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পানির স্তর কমে আসার পাশাপাশি জরুরি প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণের ফলে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে রেললাইন। শনিবার রাত পর্যন্ত নিচু অংশে প্রায় ৪ ইঞ্চি পানি থাকলেও লাইন লিফটিংয়ের মাধ্যমে মধ্যরাতে রেললাইনকে পানির স্তর থেকে অন্তত ১০ ইঞ্চি ওপরে উন্নীত করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিবার থেকে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে শনিবার দিবাগত রাত ও রবিবার সকালে নতুন করে ভারী বৃষ্টিপাতের কারণে সকালের কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। এরপর পরিস্থিতির উন্নতি হলে পর্যটক এক্সপ্রেসকে প্রথম ট্রেন হিসেবে কক্সবাজারের উদ্দেশে যাত্রার অনুমতি দেওয়া হয়।

সোমবার বরিশাল আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সোমবার বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে আসছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান গৌরনদীতে খননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে বৃক্ষরোপণ বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদিঘী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ সাংগঠনিক সভা করবেন। তার এ সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গত কয়েকদিন ধরে দফায় দফায় আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে। তবে সরকারের নির্দেশনা অনুসারে বরিশালে তাকে শুভেচ্ছা জানিয়ে কোন ফেস্টুন ব্যানার কিংবা বিলবোর্ড দেওয়া হয়নি। কোনো সরকার প্রধানের আগমনে বরিশালে এমন দৃশ্য এই প্রথম চোখে পড়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতেই প্রধানমন্ত্রী বরিশাল সফরে আসছেন। বরিশাল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তিনি সাংগঠনিক সভা করবেন। তাকে বরণ করে নিতে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও নেয়া হয়েছে ব্যাপক। নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি সার্কিট হাউস ও জেলা শিল্পকলা একাডেমিকে নতুনভাবে সাজানো হয়েছে। সফরস্থল নিয়মিত পরিদর্শন করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। 

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম বরিশাল সফর। বরিশালবাসী তাকে বরণ করে নিতে প্রস্তুত। বরিশালের প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প-ছয় লেন সড়ক, রেললাইন ও ভোলা-বরিশাল সেতুর বিষয়টি তিনি অবগত আছেন। সাংগঠনিক সভায় আমরা আরও কিছু বিষয় তার কাছে তুলে ধরব। এছাড়া তিনি সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ করবেন। সে লক্ষ্যে সব প্রস্তুতি প্রায় শেষ। সরকারি নির্দেশনা অনুসারে বরিশাল নগরীতে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে কোনো ব্যানার কিংবা বিলবোর্ড দেননি।’

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, আগামীকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোড় এবং বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে বিরতির পর বেলা ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। 

স্থানীয় উন্নয়ন বিশ্লেষক ও সুশীল সমাজের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে অবহেলিত দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কিছু মেগা প্রকল্পের কাজ দ্রুত গতি পাবে। বিশেষ করে এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ আরও বেগবান হবে। পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে সংযুক্ত করার যে মহাপরিকল্পনা রয়েছে, এই সফরের মাধ্যমে তা নতুন গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। রেললাইন ও ভোলা-বরিশাল সেতু, ভোলার গ্যাস এ বিষয়গুলো গুরুত্ব পাবে।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে এসেছিলেন তারেক রহমান। বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বক্তব্য রাখেন তিনি। এরপরে তিনি আজ সোমবার বরিশালে আসছেন।