• ই-পেপার

নাটোরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদরে মাউনজেরা খাতুন (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের ১৪ নম্বর ওয়ার্ডের চাঁন্দলাই মোন্নাটোলা এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী সুমন আলীর স্ত্রী।

শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোররাত থেকে সকাল ৭টার মধ্যে কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘরের ছাদের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন মাউনজেরা। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ আরো জানায়, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় এক বছর আগে স্বামীকে সৌদি আরবে পাঠিয়েছিলেন মাউনজেরা। ওই ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’

মাগুরায় ভারি বর্ষণে ধসে গেল কালভার্ট

মাগুরা প্রতিনিধি
মাগুরায় ভারি বর্ষণে ধসে গেল কালভার্ট
ধসে যাওয়া কালভার্ট দেখে হতভম্ব পথচারী। ছবি : কালের কণ্ঠ

মাগুরার শালিখা উপজেলার শালিখা শতখালী সড়কের গোবরা এলাকার একটি পুরাতন কালভার্ট ধসে পড়েছে। এতে কালভার্টের দুই পাশের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সড়কটি কিছুদিন আগে নির্মাণ করা হয়েছিল।

শুক্রবার (১০ জুলাই) ভারি বর্ষণের এক পর্যায়ে কালভার্টটি ধসে পড়ে।

এলাকাবাসী জানান, সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ হচ্ছিল। বর্ষণের এক পর্যায়ে হঠাৎ করে গোবরার এই পুরাতন কালভার্টটি ধসে যায়। একই সঙ্গে ধসে যায় কালভার্টের দুই পাশের সংযোগ সড়ক। এটি কিছুদিন আগে নির্মাণ করা হয়েছিল।

কালভার্টটি স্থানীয় গোবরা খালের উপর অনেক বছর আগে স্থাপিত হয়েছিল।

পুরনো আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় : আবুল খায়ের এমপি

লক্ষ্মীপুর প্রতিনিধি
পুরনো আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় : আবুল খায়ের এমপি
ছবি: কালের কণ্ঠ

পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।

তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিদের নেটওয়ার্ক অনেক গভীরে বিস্তার করেছে। বর্তমান বাস্তবতায় পুরনো আইন দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারণে মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়নে সরকার কাজ করছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্যসাগরদী জামে মসজিদের সামনে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভুঁইয়া এমপি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য বিল আনা হয়েছে। একই সঙ্গে জুয়ার বিরুদ্ধে কঠোর আইনও করা হচ্ছে। সরকার দীর্ঘমেয়াদিভাবে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ অনেকে।

বক্তারা বলেন, বামনীতে সম্প্রতি মাদক সেবন, বেচাকেনা, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে প্রশাসনের আরো কঠোর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

গলা কেটে স্ত্রীকে হত্যাচেষ্টার পর থানায় আত্মসমর্পণ স্বামীর

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
গলা কেটে স্ত্রীকে হত্যাচেষ্টার পর থানায় আত্মসমর্পণ স্বামীর

কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেছেন বলে দাবি করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ কাজল (২৮) নামের এক যুবক। তবে ভাগ্যক্রমে তার স্ত্রী ইভা আক্তার প্রাণে বেঁচে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

শুক্রবার (১০ জুলাই) ভোরে উপজেলার জিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কাজল বুড়িচং উপজেলার বলরামপুর গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে জিয়াপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ইভা আক্তার স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।

শুক্রবার রাত ১০টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে কাজল থানায় এসে দাবি করেন, তিনি তার স্ত্রীর গলা কেটে হত্যা করেছেন। প্রায় একই সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ঘটনাটি জানিয়ে ফোনও আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ইভা আক্তার তখনও জীবিত, তবে তার গলায় গভীর ক্ষত রয়েছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বাড়ির মালিক জহিরুল ইসলাম জানান, ভোরে কাজল এসে বলেন, তিনি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। এ কথা বলেই তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে ইভাকে রক্তাক্ত অবস্থায় জীবিত দেখতে পান। সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে ফোন করা হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়।

আহত ইভার বড় বোন নিপা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই কাজল যৌতুকের টাকার জন্য তার বোনকে নিয়মিত নির্যাতন করতেন। বিদেশে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য ঘটনার আগের দিনও ইভাকে মারধর করা হয়। টাকা দিতে না পারায় পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, অভিযুক্ত কাজল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি আহত গৃহবধূর শারীরিক অবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে।