চাঁপাইনবাবগঞ্জ সদরে মাউনজেরা খাতুন (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের ১৪ নম্বর ওয়ার্ডের চাঁন্দলাই মোন্নাটোলা এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী সুমন আলীর স্ত্রী।
শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোররাত থেকে সকাল ৭টার মধ্যে কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘরের ছাদের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন মাউনজেরা। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ আরো জানায়, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় এক বছর আগে স্বামীকে সৌদি আরবে পাঠিয়েছিলেন মাউনজেরা। ওই ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’




