হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামে পূর্ববিরোধের জেরে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগকারী মৌজপুর গ্রামের বাসিন্দা সৈয়দ রফিকুল হোসাইন জানান, দীর্ঘদিন ধরে বাড়ির দক্ষিণ পাশে একটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন তিনি। প্রতিবেশী কয়েকজনের সঙ্গে জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই দিবাগত রাত প্রায় ৩টার দিকে তিনি পুকুরপাড়ে গিয়ে কয়েকজনকে সন্দেহজনকভাবে দাড়িয়ে থাকতে দেখেন। চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের একজনের হাতে থাকা একটি পলিথিন থেকে ট্যাবলেটজাতীয় পদার্থ পুকুরে ছুড়ে ফেলতে দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজনকে নিয়ে পুকুরে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। ঘটনাস্থল থেকে রাসায়নিকযুক্ত ট্যাবলেট ও কালো রঙের গুঁড়াজাতীয় পদার্থও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।
তিনি বলেন, বিষাক্ত রাসায়নিকের প্রভাবে পুকুরের রুই, কাতলা, কার্প, তেলাপিয়া, মৃগেল ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
ঘটনার পর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও সমাধান না হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





