• ই-পেপার

ম্যাখোঁর সফরের মধ্যেই সিরিয়ার রাজধানীতে ২ বিস্ফোরণ

পাকিস্তানে পুলিশ ফাঁড়িতে হামলায় নিহত ৯, নিখোঁজ ৫

অনলাইন ডেস্ক
পাকিস্তানে পুলিশ ফাঁড়িতে হামলায় নিহত ৯, নিখোঁজ ৫
ছবি : ডন।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জিয়ারত জেলায় একটি পুলিশ চৌকিতে হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) রয়েছেন।

কর্মকর্তারা জানান, সোমবার গভীর রাতে মাঙ্গি ড্যাম এলাকায় অবস্থিত পুলিশ চৌকিতে সশস্ত্র হামলাকারীরা আক্রমণ চালায়। পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুললেও একপর্যায়ে হামলাকারীরা চৌকিতে ঢুকে পড়ে। জিয়ারতের ডেপুটি কমিশনার আবদুল কুদ্দুস আছাকজাই জানান, এখনও পাঁচ পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অভিযান চলছে।

বেলুচিস্তান সরকারের উপদেষ্টা শহীদ রিন্দ বলেন, হামলার পর চালানো যৌথ অভিযানে নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ১৫ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্যদের মধ্যে মাঙ্গি ও কাওয়াস থানার দুই এসএইচও এবং সন্ত্রাসবিরোধী বাহিনীর এক কর্মকর্তা রয়েছেন। হামলার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কোয়েটা-জিয়ারত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে গুরুত্বপূর্ণ কোয়েটা-ঝোব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বহু যানবাহন আটকা পড়ে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি হামলার নিন্দা জানিয়েছেন। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার অঙ্গীকার করেছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলবে এবং প্রদেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না।

এদিকে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, জুন মাসে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ৩১ শতাংশ কমেছে। মে মাসে ৭১টি হামলার ঘটনা ঘটলেও জুনে তা কমে ৪৯টিতে নেমে আসে।


 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন

অনলাইন ডেস্ক
ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন
সংগৃহীত ছবি

ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে নিশ্চিতভাবে হামলার ধরন সম্পর্কে কোনো তথ্য জানায়নি যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, মঙ্গলবার ভোরে ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে।

সংস্থাটির তথ্যমতে, দক্ষিণমুখী যাত্রার সময় ট্যাংকারটির বাম পাশে (পোর্ট সাইড) অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনার কারণ ও প্রকৃতি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানায় সংস্থাটি।

ভারত

রাখালের ওপর ঝাঁপিয়ে পড়ল সিংহ, যেভাবে রক্ষা পেলেন

অনলাইন ডেস্ক
রাখালের ওপর ঝাঁপিয়ে পড়ল সিংহ, যেভাবে রক্ষা পেলেন
ছবি : ইন্ডিয়া টুডে।

ভারতের গুজরাটের ভাবনগর জেলায় এক রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলার ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে পালিতানা তালুকার গারজিয়া গ্রামে। 

সেখানে একটি সিংহ হঠাৎ এক পশুপালকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিংহটি ওই ব্যক্তিকে মাটিতে চেপে ধরে রেখেছে। আশপাশের লোকজন প্রাণীটিকে তাড়ানোর চেষ্টা করলেও প্রথমে সেটি শিকারকে ছাড়তে রাজি হয়নি।

এ সময় গ্রামবাসীদের চিৎকার শোনা যায় এবং কয়েকজন সিংহটিকে দূরে সরাতে পাথর নিক্ষেপ করেন। ধস্তাধস্তির একপর্যায়ে সিংহটি পশুপালকের পায়ে কামড় বসায়, ফলে তিনি গুরুতর আহত হন।

আহত পশুপালকের নাম কালুভাই বোগভাই গামারা। রবিবার সকালে তিনি নিজের বাড়িতে ছিলেন, তখনই সিংহটি হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলার পর তাকে দ্রুত পালিতানা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভাবনগর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পরপরই বন বিভাগ গ্রামের ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। একই সঙ্গে হামলায় জড়িত সিংহটিকে শনাক্ত ও ধরার অভিযানও শুরু করেছেন কর্মকর্তারা।

পালিতানা বন বিভাগের কর্মকর্তা চিরাগ আমিন জানান, হামলার পর এলাকায় একাধিক দল মোতায়েন করা হয়েছে এবং সিংহটিকে ধরতে অভিযান চলছে। এ ঘটনার পর গারজিয়া গ্রাম ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিশেষ করে গবাদিপশুর মালিক ও স্থানীয় বাসিন্দারা নিজেদের পরিবার এবং পশুসম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
স্থানীয়দের আশঙ্কা, মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষের ঘটনা বাড়তে থাকায় ভবিষ্যতে এ ধরনের হামলার ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে।

চীনে ভূমিধসে ১৬ জন নিখোঁজ, বজ্রঝড়ে নিহত ৮; আহত শতাধিক

অনলাইন ডেস্ক
চীনে ভূমিধসে ১৬ জন নিখোঁজ, বজ্রঝড়ে নিহত ৮; আহত শতাধিক
ছবি : রয়টার্স

.চীনের পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশে পাহাড়ধসে অন্তত ১৬ জন মাটির নিচে আটকে পড়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রঝড় ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব দুর্যোগে অন্তত ২৭৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, ভূমিধসের সময় মোট ৩৩ জন আটকা পড়েছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৬ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ভূমিধসের ঘটনার পর প্রেসিডেন্ট শি চিনপিং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি নিখোঁজদের খুঁজে বের করতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানান। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে চলতি সপ্তাহে চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বজ্রঝড়, ভারি বৃষ্টি এবং তীব্র দমকা হাওয়া আঘাত হেনেছে। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতির কারণে একাধিক স্থানে জরুরি অবস্থা তৈরি হয়েছে।

এদিকে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার রাতে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বজ্রঝড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।