• ই-পেপার

দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ১০ হাজার মানুষ

ম্যাখোঁর সফরের মধ্যেই সিরিয়ার রাজধানীতে ২ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
ম্যাখোঁর সফরের মধ্যেই সিরিয়ার রাজধানীতে ২ বিস্ফোরণ
ছবি : রয়টার্স

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে মঙ্গলবার সকালে বিস্ফোরণের খবর পাওয়া গেলেও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ নিরাপদ আছেন বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ। ম্যাখোঁ বর্তমানে সিরিয়ায় সফরে রয়েছেন এবং প্রেসিডেন্ট প্রাসাদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করছেন।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুটি বিস্ফোরক যন্ত্রের কারণে বিস্ফোরণ ঘটেছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে রাজধানীর একটি হোটেলের কাছে একটি গাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিস্ফোরণের খবরের মধ্যেই আহমেদ আল-শারা প্রেসিডেন্ট প্রাসাদে ম্যাখোঁ স্বাগত জানান।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, বিস্ফোরণটি দামেস্কের ফোর সিজনস হোটেল থেকে প্রায় ১২৫ মিটার দূরে একটি প্রধান সড়কের পাশে ঘটেছে। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে যাওয়ার পথে ম্যাখোঁ কোনো বিস্ফোরণের শব্দ শোনেননি। সফর শেষে তিনি ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাওয়ার কথা রয়েছে এবং তার সফরসূচি আগের পরিকল্পনা অনুযায়ীই চলবে।

সোমবার সন্ধ্যায় সিরিয়ায় পৌঁছে এমানুয়েল ম্যাখোঁ দেশটিতে সফরকারী প্রথম ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতা হিসেবে ইতিহাস গড়েন। গত বছর বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের পতনের পর এই প্রথম কোনো ইইউ নেতা সিরিয়া সফর করলেন। এর আগে জুলাই মাসের শুরুতে দামেস্কের কেন্দ্রস্থলে একটি ব্যস্ত ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২২ জন আহত হন বলে জানিয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
 

ভারত

রাখালের ওপর ঝাঁপিয়ে পড়ল সিংহ, যেভাবে রক্ষা পেলেন

অনলাইন ডেস্ক
রাখালের ওপর ঝাঁপিয়ে পড়ল সিংহ, যেভাবে রক্ষা পেলেন
ছবি : ইন্ডিয়া টুডে।

ভারতের গুজরাটের ভাবনগর জেলায় এক রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলার ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে পালিতানা তালুকার গারজিয়া গ্রামে। 

সেখানে একটি সিংহ হঠাৎ এক পশুপালকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিংহটি ওই ব্যক্তিকে মাটিতে চেপে ধরে রেখেছে। আশপাশের লোকজন প্রাণীটিকে তাড়ানোর চেষ্টা করলেও প্রথমে সেটি শিকারকে ছাড়তে রাজি হয়নি।

এ সময় গ্রামবাসীদের চিৎকার শোনা যায় এবং কয়েকজন সিংহটিকে দূরে সরাতে পাথর নিক্ষেপ করেন। ধস্তাধস্তির একপর্যায়ে সিংহটি পশুপালকের পায়ে কামড় বসায়, ফলে তিনি গুরুতর আহত হন।

আহত পশুপালকের নাম কালুভাই বোগভাই গামারা। রবিবার সকালে তিনি নিজের বাড়িতে ছিলেন, তখনই সিংহটি হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলার পর তাকে দ্রুত পালিতানা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভাবনগর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পরপরই বন বিভাগ গ্রামের ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। একই সঙ্গে হামলায় জড়িত সিংহটিকে শনাক্ত ও ধরার অভিযানও শুরু করেছেন কর্মকর্তারা।

পালিতানা বন বিভাগের কর্মকর্তা চিরাগ আমিন জানান, হামলার পর এলাকায় একাধিক দল মোতায়েন করা হয়েছে এবং সিংহটিকে ধরতে অভিযান চলছে। এ ঘটনার পর গারজিয়া গ্রাম ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিশেষ করে গবাদিপশুর মালিক ও স্থানীয় বাসিন্দারা নিজেদের পরিবার এবং পশুসম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
স্থানীয়দের আশঙ্কা, মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষের ঘটনা বাড়তে থাকায় ভবিষ্যতে এ ধরনের হামলার ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে।

চীনে ভূমিধসে ১৬ জন নিখোঁজ, বজ্রঝড়ে নিহত ৮; আহত শতাধিক

অনলাইন ডেস্ক
চীনে ভূমিধসে ১৬ জন নিখোঁজ, বজ্রঝড়ে নিহত ৮; আহত শতাধিক
ছবি : রয়টার্স

.চীনের পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশে পাহাড়ধসে অন্তত ১৬ জন মাটির নিচে আটকে পড়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রঝড় ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব দুর্যোগে অন্তত ২৭৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, ভূমিধসের সময় মোট ৩৩ জন আটকা পড়েছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৬ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ভূমিধসের ঘটনার পর প্রেসিডেন্ট শি চিনপিং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি নিখোঁজদের খুঁজে বের করতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানান। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে চলতি সপ্তাহে চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বজ্রঝড়, ভারি বৃষ্টি এবং তীব্র দমকা হাওয়া আঘাত হেনেছে। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতির কারণে একাধিক স্থানে জরুরি অবস্থা তৈরি হয়েছে।

এদিকে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার রাতে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বজ্রঝড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
 

চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১

অনলাইন ডেস্ক
চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১
ছবি : রয়টার্স

মধ্য চীনের হুবেই প্রদেশে আঘাত হেনেছে দুইটি শক্তিশালী টর্নেডো। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১১ জন নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার সন্ধ্যায় প্রায় চার ঘণ্টা ধরে হুয়াংশি, হুয়াংগাং, ইঝো এবং শিয়াননিং শহরের ওপর দিয়ে এই বিধ্বংসী ঝড় বয়ে যায়।

টর্নেডোর সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার (৯৩ মাইল)। ঝড়ের প্রচণ্ড শক্তিতে বহু গাড়ি উল্টে গেছে, ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং গাছপালা উপড়ে গিয়ে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধান শিল্প ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত হুবেই প্রদেশে টর্নেডোর ঘটনা অত্যন্ত বিরল। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঝড়ের তীব্রতায় হুয়াংগ্যাং শহরের রাস্তাঘাটে বড় বড় ট্রাক ও গাড়ি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। উড়ে আসা ভবনের ছাদ ও ধাতব পাত লেগে বহু যানবাহন ও ল্যাম্পপোস্ট বিকৃত হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধারকাজ চালাচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চীনের আবহাওয়া দিন দিন চরম রূপ নিচ্ছে। মুষলধারে বৃষ্টি, বন্যা, ভূমিধস ও তীব্র দাবদাহের কারণে প্রতি বছর দেশটির বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। পশ্চিম চীনের গানসু প্রদেশের একটি পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির পর ভূমিধসে ১৬ জন নিখোঁজ হয়েছেন। দেশের এই সামগ্রিক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এবং মানুষের জীবন রক্ষায় ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন।

টর্নেডোর ধাক্কা কাটতে না কাটতেই চীন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ‘সুপার টাইফুন বাভি’। বর্তমানে প্রশান্ত মহাসাগরে থাকা এই ঝড়টি চীনের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। শুক্রবার (১০ জুলাই) তাইওয়ানে এই টাইফুনের প্রভাবে এক মিটারেরও (৩.৩ ফুট) বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলা ও জরুরি ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য তাইওয়ান সরকার প্রায় ২৯,০০০ সেনা সদস্যকে প্রস্তুত রেখেছে। এ ছাড়া চীনের গুয়াংসি, গুয়াংডং, হাইনান, জিলিন ও লিয়াওনিং প্রদেশসহ বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ভূমিধসের সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র।