• ই-পেপার

কাশিয়ানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলে প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল নারীর

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল নারীর
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মধুপুরে সড়ক পারাপার হতে গিয়ে প্রাইভেট কারের চাপায় এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের নেকিবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে নেকিবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। পরে খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আঙুলের ছাপ ও প্রযুক্তির সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করে।

মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

সাটুরিয়ায় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

সাটুরিয়া মানিকগঞ্জ প্রতিনিধি
সাটুরিয়ায় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ
ছবি: কালের কণ্ঠ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী ইসমাইল হোসেনকে থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার হরগজ ইউনিয়নের বেপারীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন পেশায় একজন অটোরিকশাচালক। সকালে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে বাড়ির একটি টিনশেড ঘরে আড়ার সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে ইসরাফিল দাবি করেন, তাঁর মা দীর্ঘদিন ধরে পেটের আলসারে ভুগছিলেন এবং মানসিক সমস্যাও ছিল। এ কারণে তিনি মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। তিনি আরো দাবি করেন, এসব বিষয় নিয়ে তাঁর বাবা মাঝে মধ্যে মাকে মারধর করতেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুমকীতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকীতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ
সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকীতে ৬৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা। ৭ জুলাই ভোররাতে দুমকী উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রিজের ওপর থেকে গাঁজাসহ পিকআপটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

র‌্যাব ও দুমকী পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী র‌্যাব- ৮ এর স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করলে গাঁজাবাহী পিকআপটি উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রিজের ওপর পিকআপটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে।  র‌্যাব ও পুলিশ পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে দুমকী থাকায় নিয়ে আসে।

তিনি আরো জানান, র‌্যাবের কাছে এমন চালানের সংবাদ থাকায় অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে গাঁজাসহ পিকআপটি রেখে পালিয়ে যায়। ইতিপূর্বে গত একমাসে দুমকীতে অভিযান পরিচালনা করে তিনটি বড় চালান জব্দ করেছে র‌্যাব।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানান, পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গাঁজাসহ পিকআপটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১

আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১
হামলার ঘটনায় গ্রেপ্তার মনোয়ার হোসেন খোকন।ছবি: কালের কণ্ঠ

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় জমি-সংক্রান্ত বিরোধ ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তি মো. মনোয়ার হোসেন খোকন (৪৫)। তিনি টঙ্গীর দাঁড়াইল এলাকার মৃত কুদরত আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) রাতে টঙ্গীর সাতাইশ এলাকায় শ্রী নীল মোহন (৫০) নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রধান অভিযুক্ত মনোয়ার হোসেন খোকনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে ২০ থেকে ২৫ জনের একটি দল নীল মোহনের বাড়িতে হামলা চালায়। এ সময় নীল মোহনকে ঘর থেকে বের করে মারধর করা হয়। হামলায় তাঁর স্ত্রী বৃষ্টি মণ্ডল (৪০), ছেলে বিজয় মণ্ডল (১৪) এবং ভাতিজি চায়না (২২) আহত হন। হামলার সময় বাড়িতে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।