শরীয়তপুরের ভেদরগঞ্জে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকার আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসাদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতা ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আলী আসাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তাদের দাবি, পরকীয়ার কারণে এক সহকারী শিক্ষকের সংসার ভেঙে যাওয়ার ঘটনায় জড়িত তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। বিভিন্ন অভিযোগের কারণে তিনি পাঁচটি বিদ্যালয় থেকে বদলি হয়ে বর্তমানে আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, তার সংসার ভেঙে গেছে এবং তিনি নানা হয়রানির শিকার হয়েছেন। প্রধান শিক্ষক আলী আসাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান তিনি।
প্রসঙ্গত, গত ২ জুলাই ছুটিকে কেন্দ্র করে প্রধান শিক্ষক আলী আসাদ ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। প্রধান শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওই ঘটনার পর দেলোয়ার হোসেনকে সাময়িক দরখাস্ত করা হয়।





