ফুটবল বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রিয় দলের খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। তবে বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভিন্ন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
আজ রাত ১০টায় বিশ্বকাপের নকআউট পর্বে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচটি ঘিরে নিজের অবস্থান জানাতে গিয়ে বর্ষা জানান, প্রিয় দল হারলেও তার কষ্ট হবে না। কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন ধর্মীয় অনুভূতির বিষয়টি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে বর্ষা লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।’

বর্ষার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। একদল অনুসারী তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আবার অনেকে মনে করছেন, খেলাধুলার সঙ্গে ধর্মীয় পরিচয়কে যুক্ত করা উচিত নয় এবং এ ধরনের মন্তব্য অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করতে পারে।
প্রসঙ্গত, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে আফিয়া নুসরাত বর্ষাকে মূলত স্বামী অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত সিনেমাগুলোতেই দেখা গেছে। গত বছর তারা অভিনয়জীবন থেকে সরে গিয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আনেন।
বর্তমানে হাতে থাকা চলচ্চিত্রগুলোর কাজ শেষ করার পাশাপাশি নতুন কিছু প্রকল্পেও তাদের যুক্ত হওয়ার খবর রয়েছে। শিগগিরই ‘কিল হিম ২’-এর শুটিংয়ে অংশ নেওয়ার কথাও শোনা যাচ্ছে।




